তিন মাসের বেতন বকেয়া, চার দিন ধরে কারখানার গেটে শ্রমিকদের অবস্থান

সাভার (ঢাকা) প্রতিনিধি: তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ, বন্ধ কারখানা খুলে দেওয়া এবং মামলা-হামলা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারের আশুলিয়ায় ক্লোথিং কার্নিভার্স লিমিটেডের (সিসিএল) শ্রমিকরা চার দিন ধরে কারখানার গেটে অবস্থান কর্মসূচি পালন করছেন। দীর্ঘ সময় ধরে বেতন না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপনের অভিযোগ করেছেন তারা।
এদিকে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে বাইপাইল এলাকায় অবস্থিত কারখানার গেট থেকে শ্রমিকদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি আশুলিয়া থানার সামনে গিয়ে মানববন্ধন ও শ্রমিক সমাবেশ করে। এতে কারখানাটির শ্রমিক-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা সংহতি জানান।
আয়োজিত সমাবেশে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন বলেন, ক্লোথিং কার্নিভার্স লিমিটেডের শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে হবে। একই সঙ্গে বন্ধ কারখানা চালু, শ্রমিক ছাঁটাই বন্ধ এবং শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক অভিযোগ প্রত্যাহারের দাবি জানান তিনি।
এসময় তিনি আরও বলেন, বকেয়া বেতন-ভাতার দাবিতে শ্রমিক-কর্মচারীরা চার দিন ধরে কারখানার গেটে খেয়ে না খেয়ে অবস্থান করছেন। এ অবস্থায় শ্রমিকদের পরিবারের সদস্যদেরও চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে।
শ্রমিক নেতারা জানান, বকেয়া বেতন পরিশোধ ও সংকট সমাধানের দাবিতে শ্রম মন্ত্রী, শ্রম সচিব, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শিল্প পুলিশ-১ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। এ ছাড়া শ্রমিক-কর্মচারীরা আশুলিয়া থানায় অভিযোগও করেছেন। তবে এখনো কাঙ্ক্ষিত সমাধান না পাওয়ায় তারা হতাশ।
সমাবেশ থেকে বক্তারা কারখানার মালিকসহ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে করা হয়রানিমূলক অভিযোগ প্রত্যাহার এবং শ্রমিকদের ওপর নির্যাতন ও হুমকি-ধামকি বন্ধের দাবি জানান।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ আবু কালাম, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক রাশিদা আক্তার, আশুলিয়া থানা কমিটির সভাপতি আক্কাস আলী সাগর, সাজিয়া রহমান হ্যাপি, বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেত্রী মাহমুদা হোসেন মিলি, শহীদুল ইসলাম, সুমন আহমেদ, মোঃ ফেরদৌস এবং ক্লোথিং কার্নিভার্স লিমিটেডের শ্রমিক মোঃ জসীম, মোঃ শাকিল ও রাবেয়াসহ অনেকে।
শ্রমিক নেতারা বলেন, দ্রুত বকেয়া বেতন-ভাতা পরিশোধ, কারখানা খুলে দেওয়া এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
তবে শ্রমিকদের এসব অভিযোগের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোন বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।




