Tag: শ্রমিক আন্দোলন

  • বকেয়া বেতনের দাবিতে সাভারে সড়ক অবরোধ, থমকে ঢাকা-আরিচা মহাসড়কের যান চলাচল

    বকেয়া বেতনের দাবিতে সাভারে সড়ক অবরোধ, থমকে ঢাকা-আরিচা মহাসড়কের যান চলাচল

    এবিএনএ: ঢাকার সাভারে বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়কে নেমে আন্দোলন করছেন একটি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের শ্রমিকরা। তাদের এই কর্মসূচির ফলে গুরুত্বপূর্ণ ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়েছে।

    মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের কর্মীরা। এতে ওই সড়কে চলাচলকারী যানবাহন আটকে পড়ে এবং সৃষ্টি হয় ভোগান্তি।

    আন্দোলনরত শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের বকেয়া বেতন পরিশোধ করা হচ্ছে না। বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে তারা সড়ক অবরোধ করেছেন।

    এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

    পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।

  • চট্টগ্রাম বন্দর অচল: আমদানি-রপ্তানি থমকে, জাতীয় অর্থনীতিতে ভয়াবহ ধাক্কার আশঙ্কা

    চট্টগ্রাম বন্দর অচল: আমদানি-রপ্তানি থমকে, জাতীয় অর্থনীতিতে ভয়াবহ ধাক্কার আশঙ্কা

    এবিএনএ: চট্টগ্রাম বন্দরে চলমান লাগাতার কর্মবিরতি ও জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যত অচল হয়ে পড়েছে। এই পরিস্থিতিকে জাতীয় অর্থনীতির জন্য নজিরবিহীন ও ভয়াবহ আঘাত হিসেবে উল্লেখ করে সরকারের সর্বোচ্চ পর্যায়ের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন দেশের শীর্ষ বাণিজ্য সংগঠনগুলোর নেতারা।

    বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিটিএমএ কার্যালয়ে আয়োজিত এক জরুরি বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে তারা বলেন, চট্টগ্রাম বন্দরের ইতিহাসে এই প্রথম জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। একদিন বন্দর অচল থাকলেই অর্থনীতিতে কয়েক হাজার কোটি টাকার প্রত্যক্ষ ক্ষতি হচ্ছে, যা দেশের জন্য অপূরণীয় হয়ে উঠতে পারে।

    ব্যবসায়ী নেতারা জানান, তৈরি পোশাকসহ রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল সময়মতো কারখানায় পৌঁছাচ্ছে না। অন্যদিকে প্রস্তুত পণ্য বন্দরে আটকে থাকায় বিদেশি ক্রেতাদের দেওয়া নির্ধারিত সময়সীমা রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। সংকট দীর্ঘ হলে বড় অর্ডার বাতিল এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কাও রয়েছে।

    বিবৃতিতে আরও বলা হয়, বন্দর অচল থাকায় কনটেইনার জট বেড়ে ডেমারেজ চার্জ ও স্টোরেজ খরচ বৃদ্ধি পাচ্ছে, যা সরাসরি উৎপাদন ব্যয় বাড়াচ্ছে। সামনে পবিত্র রমজান মাস থাকায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে নিত্যপণ্যের সরবরাহ ব্যাহত হয়ে বাজারে কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হবে।

    ব্যবসায়ী নেতারা বলেন, এনসিটি ইজারা নিয়ে জটিলতা থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে, কিন্তু এর জন্য বন্দর অচল রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে শ্রমিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে তারা দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থ বিবেচনায় জাহাজ চলাচল চালু করার অনুরোধ জানান।

    নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলো আলোচনায় বসে দ্রুত একটি কার্যকর সমাধানে পৌঁছাবে। অন্যথায় এই সংকট দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

  • গাজীপুরে দুই মাসের বেতন না পেয়ে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, লাঠিচার্জে আহত কয়েকজন

    গাজীপুরে দুই মাসের বেতন না পেয়ে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, লাঠিচার্জে আহত কয়েকজন

    এবিএনএ: গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মহানগরীর বাসন থানাধীন কলম্বিয়া এলাকায় অবরোধ শুরু হয়।

    আলিফ ক্যাজুয়াল লিমিটেড নামের ওই কারখানার শতাধিক শ্রমিক বিক্ষোভে অংশ নেন। তারা অভিযোগ করেন—জুলাই মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি, অথচ সেপ্টেম্বর মাস চলছে। আগস্টের বেতনও ঝুলে আছে।

    একজন নারী শ্রমিক বলেন, “আমরা ঘরভাড়া দিতে পারছি না, দোকানে বাকি বাড়ছে। অথচ মালিকপক্ষ কোনো কথা শুনছে না। এখন আন্দোলন ছাড়া আর কোনো উপায় নেই।”

    শ্রমিকদের শান্তিপূর্ণ অবস্থানের সময় আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে বলে অভিযোগ করেন অনেকে। এতে অন্তত ৩-৪ জন আহত হন। আহতদের মধ্যে সোবহান নামে একজন শ্রমিক জানান, “আমাদের পাওনা টাকার জন্য রাস্তায় দাঁড়িয়েছি, কিন্তু আমাদের পেটানো হলো।”

    পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল ৯টার দিকে শিল্প পুলিশের সদস্যরা আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। এরপর যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের বাসন জোনের ইন্সপেক্টর ফারুকুল আলম।

    এ বিষয়ে আলিফ ক্যাজুয়াল লিমিটেড কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।