জো বাইডেনকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে চায় চীন: ট্রাম্প

এবিএনএ : আগামী বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বিজয়ী হলে চীন খুশি হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, জো বাইডেনের বক্তব্য বিরক্তির উদ্রেক করে এবং তা শুনলে মানুষের ঘুম আসে। বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে মার্কিন সরকার দুর্বল হয়ে পড়বে বলেও মনে করেন ট্রাম্প।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০২০ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম প্রার্থী হিসেবে বিবেচনা করছে ডেমোক্র্যাট দল। তিনি সম্প্রতি এক বক্তৃতায় বলেছেন, যতদিন বর্তমান প্রেসিডেন্ট হোয়াইট হাউজের ক্ষমতায় থাকবেন ততদিন আমেরিকা ঘৃণা ও বর্ণবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারবে না।

উগ্র বর্ণবাদী চেতনায় উদ্বুদ্ধ ২১ বছর বয়সি এক শ্বেতাঙ্গ যুবক গত শনিবার আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের একটি শপিং মলে নির্বিচারে গুলি চালিয়ে নারী ও শিশুসহ ২২ ব্যক্তিকে হত্যা করে। ওই ঘটনা আমেরিকাসহ গোটা বিশ্বকে নাড়া দেয় এবং এই বক্তব্য উঠে আসে যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই আমেরিকায় শ্বেতাঙ্গ বর্ণবাদকে উসকানি দিচ্ছেন। এসব সমালোচনার মধ্যেই ট্রাম্প সম্পর্কে বাইডেন ওই মন্তব্য করার পর তাকে আক্রমণ করে টুইট করলেন ডোনাল্ড ট্রাম্প।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *