এটি কোনো সিনেমার দৃশ্য নয়!

এবিএনএ : ছবিটা দেখে মনে হতে পারে এটা কোনো সিনেমার দৃশ্য। আসলে এটা কোনো সিনেমা বা শুটিংয়ের দৃশ্য নয়। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে হামলার ঘটনায় জীবন-মৃত্যুর বিভীষিকাময় মুহূর্তের দৃশ্য এটি।

স্থানীয় সময় রোববার রাতে লাস ভেগাসে কনসার্টে বন্দুকধারী সহিংস হামলার সময় প্রিয় মানুষকে বাঁচানোর জন্য প্রাণন্তর চেষ্টা করেন এই যুবক। আর সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। পরে এই ছবিটি সিএনএনের ওয়েবসাইটে প্রকাশ হলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ছবিতে দেখা যাচ্ছে, মাটি কিংবা পিচঢালা পথে এক যুবক এক নারীকে জড়িয়ে ধরে আছেন। যা দেখে অনুমান করা যাচ্ছে- ওই যুবক ওই নারীকে রক্ষা করার জন্য তার শরীরের ওপর উপুড় হয়ে সাপটে ধরেছেন। দু ‘জনের চোখে মুখে ভয় আর আতঙ্ক স্পষ্ট। এক ভয়ংকর মুহূর্ত।

পাশে পড়ে থাকা পানির বোতল, ক্যান, স্যান্ডেল সহিংসতার চিত্রকে আরো ভয়াবহ করে তোলে। কেউ কেউ ধারণা করছেন তারা প্রেমিক যুগল। প্রেমিকাকে বাঁচাতে প্রেমিকের এই প্রচেষ্টা। তবে তারা প্রেমিক যুগল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

সিএনএনে প্রকাশিত ছবির ক্যাপশনে বলা হয়েছে, পরে ওই দু’জন উঠে দাঁড়ান এবং দৌড়ে দূরে চলে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিটি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে বাংলাদেশের সংবাদকর্মী আবুল কালাম আজাদ লিখেছেন, ‘নিজের জীবন বাজি রেখে প্রিয়জনকে রক্ষার এমন দৃশ্য সিনেমায় কেবল মেলে! লাস ভেগাস শহরে বন্দুকধারীর হামলা থেকে তরুণীকে রক্ষার জন্য আজ এক তরুণ সে কাজটিই করেছেন। জানি না হে তরুণ যুগল- তোমরা অক্ষত আছ কিনা… জয় প্রেম, জয় তারুণ্য…জয় হোক জীবনের।’

প্রসঙ্গত, স্থানীয় সময় রোববার রাত ১০টার দিকে লাস ভেগাসে একটি কনসার্ট স্থলের পাশে থাকা মান্দালাই বে হোটেলের ৩২তলা থেকে স্টেফেন প্যাডক (৬৪) নামে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালান। এ হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৯ জন এবং আহত হয়েছেন প্রায় ৫২৭ জন। পরে ওই বন্দুকধারী স্টেফেনও নিহত হয়েছেন বলে খবরে বলা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *