এবিএনএ : প্রতি বছর ঈদে ট্রেনের সংখ্যা বাড়ানো হলেও এবার আসন্ন করোনাকালের ঈদুল আজহায় ট্রেনসংখ্যা বাড়ানো হচ্ছে না। যেভাবে এখন চলছে সেভাবেই চলবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। শনিবার মন্ত্রী পরিদর্শন ট্রেন যোগে বিমান বন্দর, জয়দেবপুর, টঙ্গী ও নরসিংদী রেল স্টেশন পরিদর্শন করার সময় এসব কথা বলেন।
মন্ত্রী জানান, টিকেট ছাড়া যাত্রীরা যাতে স্টেশনে প্রবেশ করতে না পারে, সে জন্য দেশের বড় স্টেশনগুলোতে নিয়ন্ত্রণ (এক্সেস কন্ট্রোল) করার জন্য বেড়া দেয়ার প্রকল্পের কাজ ও স্টেশন উন্নয়নের কাজ চলছে। এ সময় মন্ত্রী বিমান বন্দর রেলস্টেশনের প্লাটফর্ম সংস্কার কাজ ও স্টেশনের সীমানা ঘেরার নির্মাণ কাজ পরিদর্শন করেন। এখানে প্লাটফর্মের উচ্চতা ট্রেনের উচ্চতার সাথে সমন্বয় করা হচ্ছে।
সেখান থেকে পরে মন্ত্রী গাজীপুর জেলার জয়দেবপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। সেখানে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী বলেন, জয়দেবপুর থেকে ইশ্বরদী ও জামালপুর পর্যন্ত ডাবল লাইন হবে। এছাড়া ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত চতুর্থ লাইন এবং টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইনের কাজ চলছে। মন্ত্রী বলেন, ডাবল লাইনের কাজ শেষ হলে ঢাকার মধ্যে অধিকসংখ্যক ট্রেন চালানো যাবে।
মন্ত্রী সেখান থেকে টঙ্গী রেলস্টেশন এবং নরসিংদী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। পরিদর্শকালে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপিস্থত ছিলেন।

Leave a Reply