Tag: লিওনেল মেসি

  • মেসির সঙ্গে ছবি ঘিরে কুরুচিকর আক্রমণ, শুভশ্রীর পক্ষে থানায় গেলেন রাজ চক্রবর্তী

    মেসির সঙ্গে ছবি ঘিরে কুরুচিকর আক্রমণ, শুভশ্রীর পক্ষে থানায় গেলেন রাজ চক্রবর্তী

    এবিএনএ: লিওনেল মেসির সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর কুরুচিকর মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণের মুখে পড়েন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। এ ঘটনায় তাঁর স্বামী, নির্মাতা ও বিধায়ক রাজ চক্রবর্তী টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    রাজ চক্রবর্তী জানান, একজন নারীকে প্রকাশ্যে যেভাবে অপমান করা হয়েছে, তা মেনে নেওয়া যায় না। ভারতীয় একটি গণমাধ্যমকে তিনি বলেন, এই ঘটনায় পরিকল্পিত উসকানির ইঙ্গিত রয়েছে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের নাম এখনই প্রকাশ করতে চান না বলেও জানান তিনি।

    ঘটনার সূত্রপাত ১৩ ডিসেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত আলোচিত ফুটবল অনুষ্ঠানের পর। বিপুল প্রত্যাশা ও অর্থ ব্যয় করেও মাঠে উপস্থিত দর্শকদের বড় অংশ লিওনেল মেসিকে কাছ থেকে দেখতে না পারায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশৃঙ্খলা ও নিরাপত্তাজনিত জটিলতার মধ্যেই মাঠ ছাড়েন আন্তর্জাতিক ফুটবল তারকারা। এ ঘটনার পর আয়োজক গ্রেপ্তার হলেও সামাজিক ক্ষোভের বড় অংশ গিয়ে পড়ে শুভশ্রীর দিকে।

    শুভশ্রীর দাবি, তিনি সেখানে গিয়েছিলেন আমন্ত্রিত অতিথি ও বাংলা চলচ্চিত্রশিল্পের প্রতিনিধি হিসেবে। কিন্তু মেসির সঙ্গে একটি ছবি প্রকাশের পর থেকেই তাঁকে লক্ষ্য করে বিদ্রুপ, ব্যঙ্গচিত্র ও কদর্য মন্তব্য ছড়িয়ে পড়ে।

    এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বক্তব্যে রাজ চক্রবর্তী বলেন, আয়োজনে চরম অব্যবস্থাপনা থাকলেও দায় চাপানো হচ্ছে একজন অভিনেত্রীর ওপর। তিনি প্রশ্ন তোলেন, অভিনেত্রী বলেই কি কেউ ফুটবলের ভক্ত হতে পারেন না?

    রাজ আরও বলেন, শুভশ্রী শুধু একজন অভিনেত্রী নন— তিনি একজন মানুষ, মা, স্ত্রী ও নাগরিক। ব্যক্তিগত আক্রমণ ও প্রতিবাদের মধ্যে পার্থক্য বোঝা জরুরি। তাঁর মতে, এ ধরনের ট্রোলিং কেবল বর্তমান নয়, ভবিষ্যতের জন্যও সমাজে ভয়ংকর বার্তা ছড়িয়ে দেয়।

    তিনি গণমাধ্যম ও সমাজের দায়িত্বশীল ভূমিকার কথাও স্মরণ করিয়ে দেন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

  • ১৪ বছর পর মেসির জমকালো প্রত্যাবর্তন: ‘গোট ইন্ডিয়া ট্যুরে’ ভারত মাতাতে প্রস্তুত ফুটবল জাদুকর

    ১৪ বছর পর মেসির জমকালো প্রত্যাবর্তন: ‘গোট ইন্ডিয়া ট্যুরে’ ভারত মাতাতে প্রস্তুত ফুটবল জাদুকর

    এবিএনএ: ১৪ বছর পর আবার ভারতে পা রাখতে চলেছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। ২০১১ সালে প্রথমবার ভারত সফর করেছিলেন তিনি। সেই সময়ের তরুণ মেসি এখন বহু সাফল্যের মালিক—দুটি কোপা আমেরিকা, বিশ্বকাপ, অগণিত শিরোপা এবং রেকর্ডসংখ্যক ব্যালন ডি’অর জিতে ঠিকই ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হয়েছেন। তাই তার এ সফরের নাম দেওয়া হয়েছে—‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’, যার অর্থ ‘সর্বকালের সেরা’-র ভারত ভ্রমণ।

    এই সফরে তিনটি পূর্ণ দিন ভারতের চার শহরে নানা কর্মসূচিতে অংশ নেবেন মেসি। ১৩, ১৪ ও ১৫ ডিসেম্বর কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই এবং নয়াদিল্লি—প্রতিটি জায়গাতেই ফুটবলপ্রেমীদের মধ্যে দেখা যাচ্ছে উন্মাদের উচ্ছ্বাস।

    সফরের বিভিন্ন পর্বে মেসির সঙ্গে যোগ দেবেন তার ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পল। উদ্যোক্তা শতদ্রু দত্ত জানিয়েছেন, বিশেষ করে মুম্বাইয়ের বেশ কিছু অনুষ্ঠান সুয়ারেজ ও ডি পলকে নিয়েই সাজানো হয়েছে।

    কলকাতা পর্ব – ১৩ ডিসেম্বর

    মেসির সফর শুরু হবে কলকাতা দিয়ে। দিবাগত রাত ১:৩০-এ পৌঁছানোর পর সকাল ৯:৩০ থেকে শুরু হবে ‘মিট অ্যান্ড গ্রিট’। নিরাপত্তাজনিত কারণে লেক টাউন মোড়ে নিজের ৭০ ফুট ভাস্কর্য অনলাইনে উদ্বোধন করবেন তিনি। দুপুরে যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রীতি ম্যাচ, সম্মাননা ও আলাপচারিতায় অংশ নেওয়ার পর তিনি রওনা দেবেন হায়দরাবাদের উদ্দেশে।

    হায়দরাবাদ পর্ব – ১৩ ডিসেম্বর সন্ধ্যা

    উপ্পল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মেসিকে ঘিরে প্রদর্শনী ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তরুণ ফুটবলারদের জন্য বিশেষ ফুটবল ক্লিনিকেও অংশ নেবেন মেসি, সুয়ারেজ ও ডি পল—যেখানে তারা শিশুদের সরাসরি প্রশিক্ষণ দেবেন।

    মুম্বাই পর্ব – ১৪ ডিসেম্বর

    বিকেল ৩:৩০ থেকে সিসিআইতে প্যাডেল কাপ ইভেন্ট, তারপর সেলিব্রিটি ফুটবল ম্যাচ এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামে চ্যারিটি ফ্যাশন শোসহ একাধিক আকর্ষণীয় অনুষ্ঠান রয়েছে তার সূচিতে। মুম্বাই পর্বটি হবে সফরের সবচেয়ে তারকাখচিত আয়োজন।

    নয়াদিল্লি পর্ব – ১৫ ডিসেম্বর

    দিল্লিতে মেসির সম্ভাব্য সাক্ষাৎ নির্ধারিত হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। দুপুরে অরুণ জেটলি স্টেডিয়ামে একটি আয়োজন এবং মিনার্ভা একাডেমির তরুণ খেলোয়াড়দের সংবর্ধনার মধ্য দিয়ে শেষ হবে মেসির ভারত সফর।

    টিকিটের মূল্য

    • কলকাতা: শুরু ৪,৩৬৬ রুপি

    • হায়দরাবাদ: শুরু ২,২৫০ রুপি

    • দিল্লি: শুরু ৭,৬৭০ রুপি

    • মুম্বাই: শুরু ৭,০৮০ রুপি

    ফুটবল বিশ্বের সর্বশ্রেষ্ঠ তারকাকে সামনে দেখতে আগ্রহীদের কাছে এই সফর ইতোমধ্যেই উৎসবের আবহ তৈরি করেছে।

  • ২০২৬ বিশ্বকাপে মেসিদের নতুন চ্যালেঞ্জ: কোন দলগুলোর মুখোমুখি আর্জেন্টিনা?

    ২০২৬ বিশ্বকাপে মেসিদের নতুন চ্যালেঞ্জ: কোন দলগুলোর মুখোমুখি আর্জেন্টিনা?

    এবিএনএ: ২০২৬ ফিফা বিশ্বকাপে ‘জে’ গ্রুপে জায়গা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই গ্রুপে লিওনেল মেসিদের প্রতিপক্ষ হিসেবে থাকছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। আর্জেন্টিনার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আলজেরিয়ার বিপক্ষে।

    যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে অনুষ্ঠিত হয় এবারের বিশ্বকাপের ড্র। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইংল্যান্ডের সাবেক তারকা ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড, সঙ্গে ছিলেন আন্তর্জাতিক ক্রীড়া–সঞ্চালক সামান্থা জনসন।

    ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারের একটি দল হওয়ায় আর্জেন্টিনা ছিল পট–১-এ। ড্র অনুযায়ী পট–২ থেকে ইউরোপের অস্ট্রিয়া এবং পট–৪ থেকে এশিয়ার প্রতিনিধি জর্ডান ‘জে’ গ্রুপে যোগ হয়। পট—৩ থেকে আসে আলজেরিয়া।

    ড্র মঞ্চে আর্জেন্টিনার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। তিনি পোডিয়ামে ২০২৬ বিশ্বকাপের ট্রফিও প্রদর্শন করেন। শিরোপা ধরে রাখার লক্ষ্য সামনে রেখে স্কালোনি জানান, এই নতুন গ্রুপ আর্জেন্টিনার জন্য হবে চ্যালেঞ্জিং।

    স্বাগতিক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার গ্রুপ আগে থেকেই নিশ্চিত ছিল। ড্র অনুষ্ঠানে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো মঞ্চে আমন্ত্রণ জানান কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে, এরপরে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তারা আনুষ্ঠানিকভাবে নিজেদের জাতীয় দলের নাম পট থেকে তুলেন।

    আগামী বছরের ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই শেষ হবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ। আর্জেন্টিনার সামনে অপেক্ষা করছে শিরোপা ধরে রাখার কঠিন লড়াই।

  • মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দলে তিন নতুন মুখ, স্কালোনির চমকপ্রদ ঘোষণা!

    মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দলে তিন নতুন মুখ, স্কালোনির চমকপ্রদ ঘোষণা!

    এবিএনএ:  বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করে নতুন পরিকল্পনায় মাঠে নামছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে লড়বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এ দুটি ম্যাচকে সামনে রেখে কোচ লিওনেল স্কালোনি ঘোষণা করেছেন ২৮ সদস্যের স্কোয়াড, যেখানে রয়েছে তিনটি নতুন মুখ।

    লিওনেল মেসির নেতৃত্বে ঘোষিত এই দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন তিন তরুণ প্রতিভা—পালমেইরাসের আনিবাল মরেনো, রিভার প্লেটের লাওতারো রিভেরো এবং রেসিং ক্লাবের ফাকুন্দো ক্যামবেসেস। আর্জেন্টিনার কোচ স্কালোনি জানিয়েছেন, ভবিষ্যৎ দল গঠনের কথা মাথায় রেখেই এই তরুণদের সুযোগ দেওয়া হয়েছে।

    এছাড়া, নিষেধাজ্ঞা শেষে দলে ফিরেছেন চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। দুই ম্যাচের বিরতি কাটিয়ে আবারও জাতীয় দলের জার্সি গায়ে তুলতে যাচ্ছেন তিনি। দীর্ঘদিন পর দলে ফিরেছেন ডিফেন্ডার মার্কোস সেনেসিও, যিনি সর্বশেষ খেলেছিলেন ২০২২ সালের জুনে।

    দলের অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে নতুনদের মিশ্রণেই সাজানো হয়েছে এবারের স্কোয়াড। অভিজ্ঞদের মধ্যে রয়েছেন লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, থিয়াগো আলমাদা, রদ্রিগো ডি পল ও নিকোলাস ওটামেন্ডি।

    আর্জেন্টিনা ১০ অক্টোবর মুখোমুখি হবে ভেনেজুয়েলার এবং ১৩ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে দ্বিতীয় ম্যাচ। এই দুটি ম্যাচে স্কালোনি তরুণদের খেলার সুযোগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

    ২৮ সদস্যের আর্জেন্টিনা দল:
    এমিলিয়ানো মার্টিনেজ, জেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো ক্যামবেসেস, গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, লাওতারো রিভেরো, মার্কোস আকুনা, নিকোলাস টাগলিয়াফিকো, লেয়ান্দ্রো পারেদেস, আনিবাল মরেনো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, নিকোলাস পাজ, গিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, গিওলিয়ানো সিমিওনে, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, লিওনেল মেসি, জোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজ।

  • শেষ নাচের অপেক্ষায় মেসি? ভেনেজুয়েলার বিপক্ষে হতে পারে আর্জেন্টিনায় শেষ ম্যাচ

    শেষ নাচের অপেক্ষায় মেসি? ভেনেজুয়েলার বিপক্ষে হতে পারে আর্জেন্টিনায় শেষ ম্যাচ

    এবিএনএ:  আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ইঙ্গিত দিয়েছেন, জাতীয় দলের হয়ে তার দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় শুরু হয়ে গেছে। আগামী ৪ সেপ্টেম্বর বুয়েন্স আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি হতে পারে দেশের মাটিতে তার শেষ প্রতিযোগিতামূলক খেলা।

    সম্প্রতি ইন্টার মায়ামিকে লিগস কাপের ফাইনালে তোলার পর সংবাদমাধ্যমে মেসি বলেন, “এটা আমার জন্য খুব বিশেষ ম্যাচ হতে যাচ্ছে। আমার পরিবার থাকবে গ্যালারিতে—স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোন সবাই। এরপর জাতীয় দলের হয়ে আর কতগুলো ম্যাচ খেলব জানি না। তবে এই ম্যাচটা শেষ মুহূর্তের মতো করেই উপভোগ করব।”

    ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বাছাইপর্বের শেষ ম্যাচটি হবে ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে। তবে ভেনেজুয়েলার বিপক্ষে এই ম্যাচকে সমর্থকরা দেখছেন মেসির সম্ভাব্য আবেগঘন বিদায়ের মঞ্চ হিসেবে।

    ফুটবল বিশেষজ্ঞদের ধারণা, ৩৮ বছর বয়সী মেসির শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে ২০২৬। ২০৩০ সালের বাছাইপর্ব শুরু হলে তার বয়স দাঁড়াবে ৪০। এ কারণেই দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) সামাজিক মাধ্যমে মেসির ছবি দিয়ে লিখেছে— “দ্য লাস্ট ড্যান্স ইজ কামিং।”

    ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন করে ইতিহাসে অমর হয়ে যান মেসি। জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা ও সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড়ের রেকর্ডও তার দখলে।

    মেসির সম্ভাব্য শেষ ম্যাচকে কেন্দ্র করে আর্জেন্টিনায় টিকিটের চাহিদা আকাশছোঁয়া। এএফএ (আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন) ভেনেজুয়েলা ম্যাচের টিকিটের দাম বাড়িয়েছে। সাধারণ আসন ১০০ ডলার থেকে শুরু করে ভিআইপি টিকিটের দাম উঠেছে ৫০০ ডলার পর্যন্ত। সমর্থকদের জন্য এটি কেবল বাছাইপর্ব নয়, বরং তাদের প্রিয় নায়ককে নিজ দেশে শেষবারের মতো স্যালুট জানানোর বিশেষ সুযোগ।

  • ইনজুরি ভুলে জোড়া গোলে ইন্টার মায়ামিকে ফাইনালে তুললেন মেসি

    ইনজুরি ভুলে জোড়া গোলে ইন্টার মায়ামিকে ফাইনালে তুললেন মেসি

    এবিএনএ: দীর্ঘ ইনজুরির কারণে টানা দুটি ম্যাচে ছিলেন মাঠের বাইরে। শেষ পাঁচ ম্যাচে মাত্র ৪৫ মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু লিগ কাপের সেমিফাইনাল ছিল ভিন্ন চ্যালেঞ্জ। জিততে না পারলে বিদায়, আর জিতলে ফাইনালের স্বপ্নপূরণ। তাই অল্প অনুশীলন নিয়েই মাঠে নামলেন আর্জেন্টাইন সুপারস্টার।

    প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে রূপকথার মতো ঘুরে দাঁড়ায় ইন্টার মায়ামি। ভয় কাটিয়ে দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন মেসি। ৭৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরান দলকে। এরপর ৮৮ মিনিটে বাঁ পায়ের জাদুকরী শটে আবারও বল জালে জড়িয়ে লিড এনে দেন।

    শেষ মুহূর্তে সেগোভিয়ার গোল যোগ হলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ইন্টার মায়ামি। ফলে যুক্তরাষ্ট্রের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয় পেয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে মেসির দল।

    আগামী ৩১ আগস্ট সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ইন্টার মায়ামি। মেসির দারুণ পারফরম্যান্সে সমর্থকদের প্রত্যাশা এখন একটাই—ফাইনালেও ট্রফি হাতে দেখতে চান প্রিয় তারকাকে।

  • ভিন্ন রূপে মাঠে নামছে আর্জেন্টিনা, বদলে গেল মাঝমাঠের ছক

    ভিন্ন রূপে মাঠে নামছে আর্জেন্টিনা, বদলে গেল মাঝমাঠের ছক

    এবিএনএ:

    ফিফা উইন্ডো শুরু হতেই জাতীয় দলের জার্সিতে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিশ্ব ফুটবলের তারকারা। সাত মাস মাঠের বাইরে থাকার পর ফের মাঠে নামার অপেক্ষায় আছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শনিবার সকাল ৭টায় সান্তিয়াগোয় মুখোমুখি হবে দুই দল।

    তবে ম্যাচটি ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে আর্জেন্টিনার নতুন ফরমেশন ও শুরুর একাদশ। কোচ লিওনেল স্কালোনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছেন না মাঝমাঠে, যার কারণে এবার দেখা যেতে পারে এক ভিন্ন কৌশল।

    মাঝমাঠে চোট ও নিষেধাজ্ঞার ধাক্কা

    রদ্রিগো ডি পল মাঝমাঠে ফিরলেও বড় ধাক্কা লিয়ান্দ্রো পারেদেস ও এনজো ফার্নান্দেজের অনুপস্থিতি। তারা দুজনই কার্ড সমস্যায় দল থেকে ছিটকে গেছেন। অন্যদিকে, পেশিতে চোট থাকায় আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকেও স্কোয়াডে রাখেননি স্কালোনি। ফলে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ৪-৩-৩ ছক থেকে সরে গিয়ে এবার সম্ভাব্যভাবে দেখা যেতে পারে ৪-৪-২ ফরমেশন।

    নতুন ছকে নতুন চমক

    টি ওয়াইসি স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী, চিলির বিপক্ষে স্কালোনির একাদশে মেসির সঙ্গে আক্রমণে দেখা যেতে পারে হুলিয়ান আলভারেজকে। রোটেশনে নামতে পারেন লাওতারো মার্টিনেজ ও নিকোলাস গঞ্জালেস। মাঝমাঠে ডি পল-এর সঙ্গে দেখা যেতে পারে জিওভানি লো সেলসো, এক্সেকিয়েল প্যালাসিওস এবং জিওভানি সিমিওনেকে।

    রক্ষণভাগে থাকছেন ট্যাগলেফিগো, বালের্দি, রোমেরো ও নাহুয়েল মোলিনা। গোলবারে নির্ভরযোগ্য গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।

    চিলির বিপক্ষে পরিসংখ্যান বলছে আর্জেন্টিনার পক্ষে

    সাম্প্রতিক সময়ে চিলি আর্জেন্টিনার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারেনি। সর্বশেষ আট ম্যাচে চিলিকে হারাতে না পারলেও আর্জেন্টিনা হারেওনি। বর্তমানে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে ১৪ ম্যাচে মাত্র দুটি জয়ে থাকা চিলি তালিকার একেবারে নিচে। অন্যদিকে ১০ জয় নিয়ে আগেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে নিয়েছে আর্জেন্টিনা।

    সম্ভাব্য শুরুর একাদশ:
    গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ
    রক্ষণভাগ: মোলিনা, রোমেরো, বালের্দি, ট্যাগলেফিগো
    মাঝমাঠ: সিমিওনে, ডি পল, পালাসিওস, আলমাডা
    আক্রমণভাগ: মেসি, আলভারেজ

    বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে মেসি খেলবেন কি না, সেটা এখনও নিশ্চিত নয়। তবে স্কালোনির নতুন ছকে যে চমক থাকছে, তা নিয়ে আগ্রহ তুঙ্গে ফুটবলপ্রেমীদের মধ্যে।