Tag: ভারত

  • ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য: “মোদি দেখতে সুন্দর, কিন্তু তিনি একজন খুনি!”

    ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য: “মোদি দেখতে সুন্দর, কিন্তু তিনি একজন খুনি!”

    এবিএনএ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ায় এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প বলেন,

    “প্রধানমন্ত্রী মোদি দেখতে সবচেয়ে সুন্দর মানুষদের একজন। তাকে দেখে মনে হয় যেন আপনি তাকে পিতার মতো ভালোবাসতে চাইবেন। কিন্তু মোদি হলেন একজন খুনি, অত্যন্ত কঠোর মানুষ।”

    ট্রাম্পের এই মন্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।


    ট্রাম্প বর্তমানে এশিয়া সফরে রয়েছেন এবং এপেক সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া গেছেন। ওই সফরের অংশ হিসেবে তিনি ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত নিয়ে কথা বলতে গিয়ে বলেন,

    “আমি সেই যুদ্ধ থামিয়েছিলাম। আমি দুই দেশকেই অনুরোধ করেছিলাম যুদ্ধ বন্ধ করতে, কিন্তু তারা রাজি হয়নি। এরপর আমি জানাই, যুদ্ধ চললে আমরা তাদের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করব না। শেষ পর্যন্ত তারা আমার কাছে এসে যুদ্ধ থামানোর অনুরোধ করে।”


    তিনি আরও বলেন,

    “আমি ভারতের সঙ্গে বড় একটি বাণিজ্য চুক্তির প্রস্তুতি নিচ্ছিলাম। মোদির সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গেও ভালো সম্পর্ক ছিল। তারা দুজনই শক্তিশালী মানুষ, কিন্তু তখন পরিস্থিতি বিপজ্জনক দিকে যাচ্ছিল।”

    ট্রাম্প দাবি করেন, ভারত-পাকিস্তান সংঘর্ষের সময় সাতটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল এবং উভয় দেশই পারমাণবিক অস্ত্রসজ্জিত হওয়ায় পরিস্থিতি ছিল ভয়াবহ।
    তিনি বলেন,

    “আমি মোদিকে বলেছিলাম—যুদ্ধ চালালে কোনো চুক্তি হবে না। পরে পাকিস্তানকেও একই কথা বলেছি। দুদিনের মধ্যেই তারা যুদ্ধ বন্ধ করে দেয়।”

  • ট্রাম্পের দাবির জবাবে ভারতের কড়া ব্যাখ্যা: “মোদির সঙ্গে কোনো ফোনালাপই হয়নি”

    ট্রাম্পের দাবির জবাবে ভারতের কড়া ব্যাখ্যা: “মোদির সঙ্গে কোনো ফোনালাপই হয়নি”

    এবিএনএ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ঘিরে শুরু হয়েছে কূটনৈতিক আলোচনার ঝড়। বুধবার ট্রাম্প দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর ফোনালাপ হয়েছে এবং মোদি তাঁকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। তবে আজ বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—এমন কোনো ফোনালাপই হয়নি।

    সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমার জানা মতে, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে কোনো ফোনালাপ হয়নি।”

    ট্রাম্পের দাবি ছিল, রাশিয়ার জ্বালানি আমদানির বিষয়টি শিগগিরই বন্ধ করবে ভারত এবং তিনি ব্যক্তিগতভাবে মোদির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। তবে নয়াদিল্লি জানায়, মার্কিন প্রশাসনের সঙ্গে জ্বালানি খাত নিয়ে আলোচনা চলছে, কিন্তু ভারত তার নিজস্ব জ্বালানি স্বার্থ ও ভোক্তা নিরাপত্তাকে অগ্রাধিকার দেবে।

    টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবারের ব্রিফিংয়ে সাংবাদিকরা ট্রাম্পের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে জয়সওয়াল বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করেন।

    ভারত বর্তমানে রাশিয়ার তেলের অন্যতম প্রধান ক্রেতা। যুক্তরাষ্ট্রের মতে, রাশিয়ার তেল বিক্রি থেকে পাওয়া অর্থ ইউক্রেনে আগ্রাসনের খরচ জোগাচ্ছে। তাই ট্রাম্প প্রশাসন চাইছে ভারত, চীন ও জাপান রাশিয়ার তেল কেনা বন্ধ করুক, যাতে রাশিয়ার অর্থনীতিতে চাপ সৃষ্টি হয়।

    তবে দিল্লির বার্তা পরিষ্কার—ভারতের জ্বালানি নীতি ভারতের স্বার্থেই নির্ধারিত হবে, বাইরের চাপ নয়।

  • বাংলাদেশকে কড়া বার্তা দিলো ভারত: ‘দোষ চাপানো অন্তর্বর্তী সরকারের অভ্যাস’

    বাংলাদেশকে কড়া বার্তা দিলো ভারত: ‘দোষ চাপানো অন্তর্বর্তী সরকারের অভ্যাস’

    এবিএনএ: খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতা ঘিরে বাংলাদেশ সরকারের মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করেছিলেন, পার্বত্য অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির পেছনে ‘ভারতের ইন্ধন’ রয়েছে।

    শুক্রবার এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ অভিযোগকে সরাসরি অস্বীকার করে বলেন, “অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাসে পরিণত হয়েছে। তারা নিজেদের দেশে আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হচ্ছে।”

    তিনি অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ আখ্যা দিয়ে আরও বলেন, “বাংলাদেশ সরকারের জন্য ভালো হবে যদি তারা আত্মসমালোচনা করে এবং পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর স্থানীয় উগ্রবাদীদের হামলা, অগ্নিসংযোগ ও ভূমি দখলের ঘটনার স্বচ্ছ তদন্ত করে।”

    প্রসঙ্গত, ২৩ সেপ্টেম্বর থেকে খাগড়াছড়িতে এক স্কুলছাত্রী ধর্ষণের বিচার দাবিতে সড়ক অবরোধ করে ‘জুম্ম ছাত্র–জনতা’। এসময় গুইমারা উপজেলায় সহিংস সংঘর্ষে প্রাণ হারান তিনজন। ঘটনায় সেনাবাহিনীর এক মেজরসহ ১৩ সেনাসদস্য, তিন পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দারা আহত হন।

    এরপর ২৯ সেপ্টেম্বর ঢাকায় সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, খাগড়াছড়িতে নতুন করে উত্তেজনা ছড়ানোর নেপথ্যে ভারতের ভূমিকা রয়েছে। এই বক্তব্যকেই কঠোর ভাষায় প্রত্যাখ্যান করল ভারত।

  • এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে ভারত, দলে নেই হার্ডিক

    এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে ভারত, দলে নেই হার্ডিক

    এবিএনএ:  এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। ফাইনালের একাদশে তিনটি পরিবর্তন এনেছে তারা। ইনজুরির কারণে অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়া এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারছেন না। তার বদলে দলে সুযোগ পেয়েছেন রিংকু সিং।

    শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে বল করার সময় পান্ডিয়া ইনজুরিতে পড়েন এবং সেই ম্যাচের দশম ওভারেই মাঠ ছাড়তে বাধ্য হন। এখনও পুরোপুরি ফিট না হওয়ায় ফাইনালে তাকে ছাড়াই নামতে হলো ভারতকে।

    আগের ম্যাচে বিশ্রামে থাকা জাসপ্রিত বুমরাহ ও শিভাম দুবে ফিরেছেন একাদশে। তাদের জায়গায় অর্শদীপ সিং ও হার্শিত রানাকে বাইরে বসানো হয়েছে।

    অন্যদিকে, পাকিস্তান অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। দলের অধিনায়ক সালমান আগা জানিয়েছেন, তারা এই উইকেটে আগেও খেলেছেন এবং ফাইনালে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছেন।

    ভারতের একাদশ

    শুভমন গিল, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, সানজু স্যামসন, শিভাম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

    পাকিস্তানের একাদশ

    শাহিবজাদা ফারহান, ফখর জামান, সাঈম আইয়ূব, সালমান আগা, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।

    এই ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে ক্রিকেট বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

  • ভারতের নতুন আইন: বাংলাদেশ-আফগানিস্তান-পাকিস্তানের অমুসলিম শরণার্থীদের বিশেষ সুবিধা

    ভারতের নতুন আইন: বাংলাদেশ-আফগানিস্তান-পাকিস্তানের অমুসলিম শরণার্থীদের বিশেষ সুবিধা

    এবিএনএ:  ভারত সরকার প্রতিবেশী তিন দেশ—বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা অমুসলিম শরণার্থীদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে। ধর্মীয় নিপীড়ন থেকে বাঁচতে পাসপোর্ট বা বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশ করা এসব শরণার্থী এখন দেশটিতে শাস্তির ভয়ে ভীত না হয়ে অবস্থান করতে পারবেন।

    সোমবার (১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হওয়া ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট-২০২৫ অনুযায়ী, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ, যারা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতে আশ্রয় নিয়েছেন, তারা সিএএ’র (নাগরিকত্ব সংশোধনী আইন) আওতায় আবেদন করতে পারবেন। এর আগে এই সুযোগ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সীমিত ছিল।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করলেও নির্যাতিত অমুসলিম সংখ্যালঘুরা ফেরত পাঠানো হবে না। তবে যারা বৈধ নথি ছাড়াই অন্য কারণে ভারতে অবস্থান করছেন, তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো বা নিজ দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে।

    এছাড়া নেপাল, ভুটান ও তিব্বতের কিছু নাগরিককেও বিশেষ ছাড় দেওয়া হয়েছে। তবে তারা যদি পাকিস্তান, চীন, ম্যাকাও বা হংকং হয়ে ভারতে প্রবেশ করেন, তবে সেই সুবিধা পাবেন না। আইন ভঙ্গকারীদের জন্য সর্বোচ্চ ৫ লাখ রুপি জরিমানা কিংবা কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

    সংশোধিত আইনে বলা হয়েছে, ভিসার মেয়াদ শেষে অতিরিক্ত সময় অবস্থান করলে ধাপে ধাপে জরিমানা দিতে হবে। বিশেষত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের দীর্ঘমেয়াদি ভিসাধারী এবং তিব্বতি ও মঙ্গোলিয়ার বৌদ্ধ ভিক্ষুরাও এর আওতায় পড়বেন।

    উল্লেখ্য, ২০১৯ সালে ভারতের কেন্দ্রীয় সরকার সিএএ আইন পাস করে, যাতে প্রতিবেশী দেশগুলো থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে আসা অমুসলিম সংখ্যালঘুরা নাগরিকত্বের আবেদন করতে পারেন। তবে আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের ক্ষেত্রে এই আইনে বিশেষ ছাড় রয়েছে।

  • পাকিস্তানের হুমকির জবাবে ভারতের অগ্নি-৫ মিসাইলের সফল পরীক্ষা

    পাকিস্তানের হুমকির জবাবে ভারতের অগ্নি-৫ মিসাইলের সফল পরীক্ষা

    এবিএনএ:  পাকিস্তানের সাম্প্রতিক পারমাণবিক হুমকির জবাবে শক্তিশালী প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন করল ভারত। দেশটি বুধবার ওড়িশার চান্দিপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৫ এর সফল পরীক্ষা সম্পন্ন করে।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ৫ হাজার কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইলটি পরীক্ষার মাধ্যমে সব কার্যক্ষম ও প্রযুক্তিগত মানদণ্ড পূর্ণভাবে যাচাই করা হয়েছে।

    অগ্নি-৫ মিসাইলটি তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা (ডিআরডিও)। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই মিসাইলটি প্রায় ১.৫ টনের ওয়ারহেড বহন করতে পারে। হালকা উপকরণ দিয়ে তৈরি হওয়ায় এটি আরও নির্ভরযোগ্য ও দ্রুত মোতায়েনযোগ্য।

    এই মিসাইলের অন্যতম বৈশিষ্ট্য হলো এমআইআরভি (Multiple Independently Targetable Re-entry Vehicle) প্রযুক্তি। এর ফলে একটি মিসাইল থেকে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব হয়, যা কৌশলগত দিক থেকে ভারতের সামরিক শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

    নিখুঁতভাবে লক্ষ্যভেদ নিশ্চিত করতে অগ্নি-৫ এ ব্যবহার করা হয়েছে রিং লেজার জাইরোস্কোপ-ভিত্তিক ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম (RLG-INS) এবং মাইক্রো-ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম (MINGS)। এর সঙ্গে যুক্ত হয়েছে ভারতের নিজস্ব ন্যাভিক স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ও আমেরিকার জিপিএস।

    তিন ধাপের কঠিন জ্বালানি চালিত প্রপালশন সিস্টেম দ্বারা পরিচালিত এই মিসাইল একটি ক্যানিস্টারাইজড প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা হয়। এর ফলে এটি সহজে সংরক্ষণযোগ্য এবং দ্রুত অপারেশনাল মোতায়েনের জন্য প্রস্তুত রাখা সম্ভব হয়।

    উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির প্রকাশ্যে বলেন, ভারত যদি ভবিষ্যতের যুদ্ধে পাকিস্তানের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে, তবে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ আরও কয়েকজন নেতাও একই ধরনের হুঁশিয়ারি দেন।

    বিশ্লেষকদের মতে, পাকিস্তানের এই হুমকির জবাব দিতে এবং নিজেদের কৌশলগত সামরিক সক্ষমতা প্রদর্শন করতেই ভারত অগ্নি-৫ মিসাইলের এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে।

  • মার্কিন চাপ উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে ভারতের আহ্বান

    মার্কিন চাপ উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে ভারতের আহ্বান

    এবিএনএ:  মার্কিন প্রশাসনের চাপ ও অতিরিক্ত শুল্কের হুমকির মাঝেও রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে নতুন করে জোর দিচ্ছে ভারত। মস্কো সফরের প্রথম দিনেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা আরও প্রসারিত করার আহ্বান জানান।

    রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মন্তুরেভের সঙ্গে বৈঠকে জয়শঙ্কর বলেন, ভারতের বাজারে রাশিয়ার সংস্থাগুলোর জন্য বিপুল সম্ভাবনা রয়েছে এবং সেগুলোকে আরও কাজে লাগানো উচিত। তিনি জানান, গত চার বছরে ভারত-রাশিয়া বাণিজ্য পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালে ১ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার থেকে তা বেড়ে দাঁড়িয়েছে ২০২৪-২৫ অর্থবছরে ৬ হাজার ৮০০ কোটি মার্কিন ডলারে। তবে বাণিজ্য ঘাটতিও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

    জয়শঙ্করের ভাষায়, “বিশ্ব রাজনীতির জটিল পরিস্থিতির মধ্যেও দুই দেশের নেতৃত্ব কৌশলগত অংশীদারিত্ব অটুট রেখেছে এবং সেটি আরও প্রসারিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

    রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী মন্তুরেভ জানান, গত পাঁচ বছরে দুই দেশের বাণিজ্য ৭০০ শতাংশের বেশি বেড়েছে এবং বর্তমানে ভারত রাশিয়ার শীর্ষ তিন বাণিজ্য অংশীদারের মধ্যে রয়েছে।

    ভারতের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ‘মেক ইন ইন্ডিয়া’ ও নগরায়ণ প্রক্রিয়া বিদেশি ব্যবসার জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে। এসব উদ্যোগ রাশিয়ার কোম্পানির জন্য ভারতীয় অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ তৈরি করছে।

    তিনি আরও বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হলো ব্যবসায়ীদের আত্মবিশ্বাস বাড়ানো এবং সরকার ও ব্যবসায়ীদের পরিকল্পনার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা।”

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন এবং ২৭ আগস্ট থেকে আরও ২৫ শতাংশ কার্যকর হবে। এতে মোট শুল্ক দাঁড়াবে ৫০ শতাংশে। এই প্রেক্ষাপটেই রাশিয়ার সঙ্গে বাণিজ্য জোরদার করার বিকল্প পথ খুঁজছে ভারত।

  • গাজায় নীরব ভারত এবার ইসরায়েলের সঙ্গে সামরিক জোট আরও শক্ত করছে

    গাজায় নীরব ভারত এবার ইসরায়েলের সঙ্গে সামরিক জোট আরও শক্ত করছে

    এবিএনএ:  গাজায় মানবিক বিপর্যয়ের মধ্যেও ইসরায়েলের সঙ্গে দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক আরও মজবুত করছে ভারত। নয়াদিল্লিতে সম্প্রতি অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সেনাপ্রধান মেজর জেনারেল আমির বারাম সামরিক সহযোগিতা জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

    দ্য মিডলইস্ট আই–এর এক প্রতিবেদনে জানানো হয়, দুই দেশের মধ্যে এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন গাজায় ইসরায়েলের অবরোধে দুর্ভিক্ষ ও মৃত্যু মিছিল চলছে। তবুও নয়াদিল্লি মুখে কুলুপ এঁটে রেখেছে।

    বৈঠকে জানানো হয়, ‘দীর্ঘমেয়াদি কৌশলগত সম্পর্কের দৃষ্টিকোণ থেকে প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারিত হবে’। ভারত স্পষ্টভাবে ইসরায়েলকে তার কূটনৈতিক ও অর্থনৈতিক মিত্র হিসেবে ধরে রাখছে, এমনকি অনেক দেশ ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনলেও।

    এটি ছিল গত কয়েক সপ্তাহের মধ্যে দুই দেশের মধ্যে একাধিক কূটনৈতিক উদ্যোগের অংশ। এর আগে, দিল্লির মেয়র ও বিজেপি নেতা রাজা ইকবাল সিং ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেন আজার-এর সঙ্গে বৈঠকে মিলিত হন। সেই বৈঠকে ভারতের পক্ষ থেকে গাজায় ইসরায়েলের পাশে থাকার সংকল্প পুনর্ব্যক্ত করা হয়।

    রাজা ইকবাল সিং বলেন,

    “ভারত ও ইসরায়েলের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে উঠেছে এক শক্তিশালী সম্পর্ক।”

    এমন এক সময়ে যখন গাজায় প্রতিদিন মানবিক বিপর্যয়ের খবর আসছে, তখন ভারত সরকার ও বিজেপির নেতাদের এই অবস্থান আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনা সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, ভারত তার মধ্যপ্রাচ্য নীতি ও কৌশলগত সামরিক দৃষ্টিভঙ্গি থেকেই ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে।

  • দিল্লি বিমানবন্দরে অবতরণের পর আগুনে জড়াল এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ

    দিল্লি বিমানবন্দরে অবতরণের পর আগুনে জড়াল এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ

    এবিএনএ: দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর হংকং থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফ্লাইট নম্বর এআই-৩১৫ অবতরণের পর অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট (এপিইউ) থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

    মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। তাদের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, যাত্রীরা নামার সময় হঠাৎ উড়োজাহাজের সহায়ক ইউনিটে আগুন ধরা পড়ে। তবে সৌভাগ্যবশত কোনো যাত্রী কিংবা কেবিন ক্রু আহত হননি।

    সংস্থাটি আরও জানায়, উড়োজাহাজটির অটোমেটিক অগ্নি-সনাক্তকারী ব্যবস্থা তৎক্ষণাৎ আগুন শনাক্ত করে এবং এপিইউ বন্ধ হয়ে যায়। এয়ার ইন্ডিয়া নিশ্চিত করেছে যে, ঘটনাটি ঘটেছে একটি এয়ারবাস এ৩২১ মডেলের বিমানে, যা এখন সাময়িকভাবে গ্রাউন্ডেড রাখা হয়েছে।

    এ ঘটনায় তদন্তের জন্য একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়েছে এবং ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিজিসিএকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

    বিশেষজ্ঞরা বলছেন, যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া ও দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক যাত্রী।

  • উত্তরার দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ঢাকায় আসছে ভারতের বিশেষজ্ঞ দল

    উত্তরার দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ঢাকায় আসছে ভারতের বিশেষজ্ঞ দল

    এবিএনএ: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় যুদ্ধবিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা সহায়তায় ভারতের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স এবং বিশেষায়িত চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে।

    বিবিসি বাংলার এক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দিল্লির ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, “দুইজন বার্ন ইউনিট বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি ছোট দল আজই (মঙ্গলবার) ঢাকায় পৌঁছাবে বলে আশা করছি।”

    তিনি আরও জানান, “চিকিৎসায় সহায়তার জন্য প্রয়োজনীয় কিছু সরঞ্জাম ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে এবং পরিস্থিতির ওপর ভিত্তি করে ভবিষ্যতে আরও চিকিৎসক পাঠানো হতে পারে।”

    উল্লেখ্য, সোমবার ভয়াবহ দুর্ঘটনার পর পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশকে সহায়তার প্রস্তাব দেন। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে শোক প্রকাশ করে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেন। তিনি লেখেন, “ভারত সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত।”

    বাংলাদেশ-ভারতের এই যৌথ উদ্যোগ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মানবিক সংহতির বড় উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।