Tag: বিনোদন খবর

  • বক্স অফিসে ঝড় তুলল রানি মুখোপাধ্যায়ের ‘মর্দানি ৩’, তিন দিনেই দুই অঙ্কের আয়

    বক্স অফিসে ঝড় তুলল রানি মুখোপাধ্যায়ের ‘মর্দানি ৩’, তিন দিনেই দুই অঙ্কের আয়

    এবিএনএ:  দীর্ঘ সময় পর আবারও বড় পর্দায় ভয়ডরহীন পুলিশ অফিসার শিবানী শিবাজি রাওয়ের ভূমিকায় হাজির হয়েছেন রানি মুখোপাধ্যায়। আর ফিরে এসেই বক্স অফিসে নিজের প্রভাব স্পষ্ট করে দিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। গত ৩০ জানুয়ারি মুক্তি পাওয়া ক্রাইম অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মর্দানি ৩’ মুক্তির শুরুতেই দর্শকদের আগ্রহ কাড়তে সক্ষম হয়েছে।

    বিভিন্ন প্রতিকূলতা এবং একাধিক বড় বাজেটের ছবির সঙ্গে প্রতিযোগিতা সত্ত্বেও ছবিটি প্রথম তিন দিনেই প্রায় ১০ কোটি রুপি আয় করেছে। অভিরাজ মিনাওয়ালা পরিচালিত এই সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে।

    ট্রেড অ্যানালিস্টদের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ‘মর্দানি ৩’ আয় করে প্রায় ৪ কোটি রুপি। সপ্তাহান্তে দর্শকসংখ্যা বাড়ায় রবিবার সেই আয় প্রায় ৬ কোটিতে পৌঁছায়। ফলে তিন দিনের মধ্যেই সিনেমাটি দুই অঙ্কের ঘরে প্রবেশ করে।

    বর্তমানে প্রেক্ষাগৃহে একাধিক আলোচিত ও বড় বাজেটের সিনেমা চললেও ‘মর্দানি ৩’ তার অবস্থান ধরে রাখতে পেরেছে। এমনকি একটি যুদ্ধভিত্তিক সিনেমার সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নেমেও ছবিটির আয় স্থিতিশীল থাকায় অবাক হয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই।

    যশ রাজ ফিল্মসের ব্যানারে আদিত্য চোপড়ার প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে আরেকটি কারণে। কারণ, ভারতীয় চলচ্চিত্রে রানি মুখোপাধ্যায়ের তিন দশকের ক্যারিয়ার পূর্তির সময়েই মুক্তি পেয়েছে ‘মর্দানি ৩’। শক্তিশালী নারী পুলিশের চরিত্রে রানির প্রত্যাবর্তন যে এখনো দর্শকদের টানতে সক্ষম, বক্স অফিস সাফল্যই তার সবচেয়ে বড় প্রমাণ।

  • মেয়ের বয়সী তরুণীর সঙ্গে প্রেমের গুঞ্জন! মুখ খুলে আসল সত্য জানালেন শুভাশিস মুখার্জি

    মেয়ের বয়সী তরুণীর সঙ্গে প্রেমের গুঞ্জন! মুখ খুলে আসল সত্য জানালেন শুভাশিস মুখার্জি

    এবিএনএ: টালিউডের জনপ্রিয় প্রবীণ অভিনেতা শুভাশিস মুখার্জিকে ঘিরে সম্প্রতি চাউর হয়েছে চমকপ্রদ গুঞ্জন। দাবি করা হচ্ছিল, নিজের মেয়ের বয়সী এক তরুণীর সঙ্গে নাকি প্রেমে জড়িয়েছেন তিনি। সমুদ্রতীরে সেই তরুণীর সঙ্গে একান্ত সময় কাটানোর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা।

    সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে চর্চা বাড়লে শেষ পর্যন্ত ভারতীয় সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেন অভিনেতা। সমুদ্রভ্রমণের কথা স্বীকার করলেও প্রেমের গুঞ্জনকে পুরোপুরি উড়িয়ে দেন শুভাশিস মুখার্জি।

    তিনি জানান, বিষয়টি বাস্তব জীবনের নয়, পুরোপুরি পর্দার গল্প। কৌতুকাভিনেতা রাজু মজুমদারের পরিচালনায় নির্মিত প্রথম সিনেমা ‘ফণীবাবু ভাইরাল’-এর শুটিংয়ের প্রয়োজনে তারা সমুদ্রতীরে গিয়েছিলেন। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন তরুণ অভিনেত্রী রোশনি ভট্টাচার্য।

    এই সিনেমায় অসম বয়সের এক জুটির প্রেম ও রোম্যান্টিক সম্পর্ক তুলে ধরা হবে বলে জানান অভিনেতা। এ প্রসঙ্গে মজার ছলে শুভাশিস বলেন, “বিষয়টা ভাবলেই আমার নিজের গায়ে কাঁটা দেয়।” ছবিতে তাদের একাধিক রোম্যান্টিক দৃশ্য ও গান রয়েছে বলেও জানান তিনি।

    ‘ফণীবাবু ভাইরাল’ সিনেমায় শুভাশিস ও রোশনির পাশাপাশি অভিনয় করছেন খরাজ মুখার্জি, কাঞ্চন মল্লিকসহ টালিউডের আরও বেশ কয়েকজন পরিচিত মুখ। মুক্তির আগেই সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে।

  • সেন্সর জটিলতায় থমকে গেল থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়গন’, অগ্রিম টিকিটের অর্থ ফেরত নিয়ে যা জানা গেল

    সেন্সর জটিলতায় থমকে গেল থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়গন’, অগ্রিম টিকিটের অর্থ ফেরত নিয়ে যা জানা গেল

    এবিএনএ: থালাপতি বিজয়ের অভিনীত ও বহুল প্রতীক্ষিত শেষ চলচ্চিত্র ‘জন নায়গন’ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ায় সিনেমা হলে ভিড়ের আভাস মিলেছিল। তবে মুক্তির ঠিক দুই দিন আগে বড় ধাক্কা খেল ছবিটি। সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় ভারতে সিনেমাটির নির্ধারিত মুক্তি স্থগিত করা হয়েছে।

    প্রযোজনা সংস্থা কেভিএন প্রোডাকশনস এক বিবৃতিতে জানিয়েছে, অনিবার্য কিছু প্রশাসনিক ও আইনি জটিলতার কারণে ৯ জানুয়ারি ‘জন নায়গন’ মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। নতুন মুক্তির তারিখ খুব শিগগিরই জানানো হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

    সংস্থাটি আরও জানায়, দর্শকদের আবেগ ও প্রত্যাশার বিষয়টি তারা পুরোপুরি উপলব্ধি করছে। এই সিদ্ধান্ত সহজ ছিল না, তবে পরিস্থিতির কারণে সাময়িকভাবে অপেক্ষা করতে হচ্ছে সবাইকে।

    ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, সিনেমাটি এখনো সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ছাড়পত্র পায়নি। বিষয়টি নিয়ে নির্মাতারা মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন। বুধবার আদালত চূড়ান্ত রায় স্থগিত রেখে সেন্সর বোর্ডকে নতুন করে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে।

    তামিল সংস্করণের অনুমোদন না মিললে হিন্দি, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষার ডাব সংস্করণও মুক্তি পাবে না। ফলে মাল্টিল্যাঙ্গুয়াল রিলিজ পরিকল্পনা আপাতত অনিশ্চয়তায় পড়েছে।

    এদিকে মুক্তি বাতিল হওয়ায় কর্ণাটকের ভিক্টরি সিনেমাসে ৯ জানুয়ারির সব প্রদর্শনী বাতিল করা হয়েছে। হল কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে কেনা টিকিটের টাকা স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হবে এবং কাউন্টার থেকে কাটা টিকিটের অর্থ নির্ধারিত প্রক্রিয়ায় ফেরত পাওয়া যাবে।

    এইচ. বিনোথ পরিচালিত ‘জন নায়গন’ সিনেমায় থালাপতি বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিতা বাইজু, গৌতম বসুদেব মেনন, প্রিয়মণি ও নারায়ণ। এখন দর্শকদের একটাই প্রশ্ন—কবে বড় পর্দায় ফিরবে বিজয়ের শেষ অধ্যায়?

  • একসঙ্গে ফিরছেন অপু বিশ্বাস ও আদর আজাদ? জোড়া সিনেমায় জমজমাট চমক!

    একসঙ্গে ফিরছেন অপু বিশ্বাস ও আদর আজাদ? জোড়া সিনেমায় জমজমাট চমক!

    এবিএনএ: সাময়িক বিরতির পর আবারো আলোচনায় ফিরেছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। নতুন রূপে, নতুন লুকে, আরও বেশি আত্মবিশ্বাসীভাবে হাজির হয়েছেন তিনি। ওজন কমিয়ে নিজেকে একেবারে নতুনভাবে উপস্থাপন করেছেন এই চিত্রতারকা। ইতোমধ্যেই তাঁর পরিবর্তিত লুক নিয়ে ভক্তদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে।

    এদিকে সময়ের ব্যস্ততম নায়ক আদর আজাদও সম্প্রতি শেষ করেছেন ‘পিনিক’ ও ‘ট্রাইবুন্যাল’ সিনেমার কাজ। এখন তিনি প্রস্তুতি নিচ্ছেন ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং শুরু করার।

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। ছবিতে একসঙ্গে ধরা দিয়েছেন অপু বিশ্বাস, আদর আজাদ ও নির্মাতা বন্ধন বিশ্বাস। এরপর থেকেই চলচ্চিত্রপাড়ায় শোনা যাচ্ছে, অপু ও আদর নাকি একসঙ্গে জোড়া সিনেমায় কাজ করছেন। অন্তত দু’টি সিনেমায় তাদের জুটি নিশ্চিত বলেই দাবি অনেকের। যদিও এ বিষয়ে দুজনেই এখনো মুখ খুলছেন না।

    গুঞ্জনের সূত্র শুরু হয় কোরিওগ্রাফার মাহফুজ কাদরীর ফেসবুক পোস্ট থেকে। যদিও তিনি জানান, ছবিটি শুধুই একটি ইভেন্টের মুহূর্ত; তবু ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীদের ধারণা—একাধিক প্রজেক্টে একসঙ্গে কাজ করছেন অপু ও আদর।

    জানা গেছে, একটি সিনেমা নির্মাণ করবেন পরিচালক বন্ধন বিশ্বাস। অন্যটি পরিচালনা করবেন ঢালিউডেরই আরেক খ্যাতিমান নির্মাতা। একটি সিনেমার কাজ শুরু হতে পারে আগামী মাসেই, আর অন্যটির শুটিং নতুন বছরের শুরুতে।

    এ প্রসঙ্গে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, “আমি কাজে ফিরতে পুরোপুরি প্রস্তুত। নতুন ছবির প্রস্তুতি নিচ্ছি, তবে কার সঙ্গে ফিরছি সেটা এখনই বলতে চাই না। খুব শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সবকিছু আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

    একইভাবে আদর আজাদ বলেন, “কয়েকটি নতুন সিনেমার বিষয়ে আলাপ চূড়ান্ত করেছি। তবে বিস্তারিত জানাবেন পরিচালক আর প্রযোজনা প্রতিষ্ঠান। অপেক্ষা করতে হবে কিছু দিন।”

    উল্লেখ্য, ‘লাল শাড়ি’ ছিল অপু বিশ্বাসের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। অন্যদিকে আদর আজাদের সর্বশেষ সিনেমা ‘টগর’ দর্শকপ্রিয়তা পায়।

    চলচ্চিত্রপ্রেমীরা এখন অপেক্ষায়—জোড়া সিনেমায় অপু ও আদরের জুটি কি সত্যিই আসছে? নাকি এটি কেবল গুঞ্জন? সময়ই বলবে সবকিছু।

  • শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় কলকাতার নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু? আলোচনা সরগরম বিনোদন অঙ্গনে

    শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় কলকাতার নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু? আলোচনা সরগরম বিনোদন অঙ্গনে

    এবিএনএ: ঢালিউড সুপারস্টার শাকিব খানের বহুল আলোচিত নতুন সিনেমা ‘প্রিন্স’ নিয়ে কয়েক সপ্তাহ ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছেন সিনেমাপ্রেমীরা। প্রথমে কলকাতার ইধিকা পালকে নায়িকা হিসেবে শোনা গেলেও পরে তা বাতিল হয়। এরপর গত ১৬ নভেম্বর ঘোষিত হয় প্রথম নায়িকা হিসেবে বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিণের নাম। অবশেষে দ্বিতীয় নায়িকা নিয়ে ফের আলোচনায় উঠে আসে কলকাতার তরুণ অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর নাম।

    আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদন অনুযায়ী, পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজকদের সঙ্গে জ্যোতির্ময়ীর আলোচনাও নাকি প্রায় চূড়ান্ত হয়েছে। তবে অভিনেত্রী নিজেই বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

    ‘বঁধুয়া’ ধারাবাহিক দিয়ে অভিনয়জগতে অভিষেক হওয়া জ্যোতির্ময়ী এরই মধ্যে দেবের বিপরীতে ‘প্রজাপতি ২’ সিনেমায় কাজ করেছেন, যা মুক্তির অপেক্ষায়। এবার শাকিব খানের বিপরীতে তার অভিনয়ের সম্ভাবনা বিনোদন অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি করেছে।

    সিনেমা-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ‘প্রিন্স’ সিনেমার গল্পে এক নয়, বরং তিনজন নায়িকার গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। তবে কাউকেই প্রধান নায়িকা বলা যাচ্ছে না, কারণ গল্পের প্রতিটি চরিত্রই সমানভাবে গুরুত্বপূর্ণ।

    পরিচালক আবু হায়াত মাহমুদ জানান, আরও দুজন নায়িকা নিয়ে আলোচনা চলছে এবং নভেম্বরের শেষ সপ্তাহেই তাদের নাম ঘোষণা করা হবে।

    সিনেমার গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। চিত্রনাট্য করেছেন তিনি ও মোহাম্মদ নাজিম উদ্দিন। এই সিনেমার কাহিনি নির্মিত হয়েছে নব্বইয়ের দশকের ঢাকার অপরাধজগতকে ঘিরে, যেখানে দেখানো হবে সেই সময়ের অন্ধকার বাস্তবতা ও এক নায়কের নানা বয়সের জীবন। এজন্য শাকিব খানকে প্রস্থেটিক মেকআপ ব্যবহার করতে হতে পারে বলে জানিয়েছে প্রযোজনা দল।

    ‘প্রিন্স’ সিনেমার ক্যামেরা, নৃত্য, অ্যাকশন ও রূপসজ্জার দায়িত্বে থাকছেন বলিউডের কয়েকজন অভিজ্ঞ শিল্পী। চিত্রগ্রহণের দায়িত্ব পালন করবেন ‘অ্যানিম্যাল’ সিনেমার চিত্রগ্রাহক অমিত রায়। একই সিনেমার মেকআপ আর্টিস্ট শাকিব খানের রূপসজ্জা সামলাবেন।

    ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুটিং শুরু হবে ‘প্রিন্স’ সিনেমার। সব ঠিক থাকলে আগামী রোজার ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

    এ ছাড়া শাকিব খানের আরেকটি নতুন সিনেমা ‘সোলজার’-এর শুটিং চলছে, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা ও জান্নাতুল ঐশী।

  • রাশমিকা-বিজয়ের বাগদান সম্পন্ন, ফেব্রুয়ারিতে রাজকীয় বিয়ের আয়োজন!

    রাশমিকা-বিজয়ের বাগদান সম্পন্ন, ফেব্রুয়ারিতে রাজকীয় বিয়ের আয়োজন!

    এবিএনএ:  দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। একাধিক সূত্রের বরাতে জানা গেছে, গত শুক্রবার (৩ অক্টোবর) পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গোপন এক অনুষ্ঠানে তাঁদের বাগদান সম্পন্ন হয়েছে।

    এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানটি ছিল অত্যন্ত ব্যক্তিগত, এবং শুধুমাত্র খুব কাছের মানুষদেরই সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে এখনো পর্যন্ত বিজয় বা রাশমিকা কেউই আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ্যে আনেননি।

    বিনোদন মহলের ধারণা, আগামী বছরের ফেব্রুয়ারিতে (২০২৬) এই জনপ্রিয় তারকা জুটির রাজকীয় বিয়ের আয়োজন হতে পারে। তাঁদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বিয়ের আয়োজন হবে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী আঙ্গিকে।

    সম্প্রতি রাশমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি ঐতিহ্যবাহী পোশাকে tilak দেওয়া অবস্থায় দেখা দেন। ক্যাপশনে লেখেন, “হ্যাপি দশেরা মাই লাভস… এ বছর আমি কৃতজ্ঞ ‘থাম্মা’ ট্রেলার আর গান নিয়ে আপনাদের ভালোবাসার জন্য।” তাঁর এই পোস্টের পর থেকেই ভক্তরা ধারণা করতে থাকেন, অভিনেত্রী হয়তো ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন।

    রাশমিকা ও বিজয়ের প্রেমের গুঞ্জন কিন্তু নতুন নয়। ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ ছবিতে তাঁদের অনবদ্য রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। তখন থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা চলছিল ইন্ডাস্ট্রিতে।

    পেশাগতভাবে রাশমিকা বর্তমানে ব্যস্ত ‘থাম্মা’ নামের একটি হরর–কমেডি চলচ্চিত্রে, যেখানে তাঁর সঙ্গে আছেন আয়ুষ্মান খুরানা, নওয়াজুদ্দিন সিদ্দিকী ও পরেশ রাওয়াল। সিনেমাটি মুক্তি পাবে ২১ অক্টোবর ২০২৫-এ। অন্যদিকে, বিজয়কে সর্বশেষ দেখা গেছে গোতম তিন্নানুরির পরিচালনায় নির্মিত স্পাই–অ্যাকশন থ্রিলার ‘কিংডম’-এ।

  • “১৬ বছর বয়সে মা হওয়া বাড়াবাড়ি ছিল” – খোলামেলা স্বীকারোক্তি শ্রাবন্তীর

    “১৬ বছর বয়সে মা হওয়া বাড়াবাড়ি ছিল” – খোলামেলা স্বীকারোক্তি শ্রাবন্তীর

    এবিএনএ: মাত্র দশ বছর বয়সেই অভিনয়ের দুনিয়ায় পা রাখেন জনপ্রিয় টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দ্রুতই নিজেকে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করলেও, জীবনের শুরুর দিকেই তিনি এক ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হন। মাত্র ১৬ বছর বয়সে বিয়ে এবং এর এক বছর পর সন্তান জন্ম দেন তিনি। এই ঘটনা তাকে বারবার আলোচনায় এনেছে এবং আজও প্রশ্নবাণে পড়তে হয় তাকে।

    সম্প্রতি আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রাবন্তী খোলামেলাভাবে বলেন, “তখন আমি ক্লাস টেনে পড়ি, আর আমার প্রথম সিনেমা ‘চ্যাম্পিয়ন’ মুক্তি পায়। এরপর ক্লাস ইলেভেনে পড়ার সময় মা হই। অনেকেই এটাকে অস্বাভাবিক মনে করে, কেউ কেউ বলে ‘এঁচোড়ে পাকা’। সমালোচনাও হয়েছিল প্রচুর।”

    তিনি যোগ করেন, “আসলে তখন বয়স খুবই কম ছিল। ১৬ বছর বয়সে মা হওয়া সত্যিই বাড়াবাড়ি। তবে একদিক দিয়ে সুবিধাও ছিল। কারণ সন্তান হওয়ার কয়েক বছরের মধ্যেই আমি আবার অভিনয়ে ফিরতে পেরেছিলাম। মাত্র ২১ বছর বয়সেই আবার ক্যারিয়ারে ঝাঁপিয়ে পড়ি।”

    অল্প বয়সের অভিজ্ঞতা হয়তো তাকে কঠিন করে তুলেছে, তবে নায়িকা হিসেবে নিজের অবস্থান তিনি শক্তভাবেই ধরে রেখেছেন। এখনো সমান তালে কাজ করে যাচ্ছেন। আসছে দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘দেবী চৌধুরাণী’, যা নির্মিত হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে। দীর্ঘদিন পর এই ছবিতে আবারও জুটি হয়েছেন প্রসেনজিৎ ও শ্রাবন্তী।

    নতুন সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে শ্রাবন্তী বলেন, “আমাদের প্রত্যেকের মধ্যেই ‘দেবী চৌধুরাণী’র শক্তি আছে। পরিস্থিতি মানুষকে লড়াই করতে শেখায়, জন্মের সঙ্গে সঙ্গে কেউ তা শিখে আসে না।”

  • ‘আকা’ সিরিজ নিয়ে আফরান নিশো: যেটা বলেছিলাম, ঠিক সেটাই করছি

    ‘আকা’ সিরিজ নিয়ে আফরান নিশো: যেটা বলেছিলাম, ঠিক সেটাই করছি

    এবিএনএ:  জনপ্রিয় অভিনেতা আফরান নিশো তাঁর অভিনয় ক্যারিয়ারের ভিন্ন ভিন্ন ধাপ নিয়ে খোলামেলা কথা বলেছেন। দীর্ঘদিন নাটকে কাজ করার পর তিনি ওটিটি প্ল্যাটফর্মে কাজ শুরু করেন। এবার আবার নতুনভাবে হাজির হচ্ছেন বহুল প্রতীক্ষিত সিরিজ আকা নিয়ে।

    রাজধানীর মুক্তিযুদ্ধ যাদুঘরে সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে নিশো বলেন, “আমি সবসময় বলি, একজন অভিনেতার কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্ম নেই। ভালো গল্প আর প্রডাকশনের সঙ্গেই থাকতে চাই। তাই যেটা বলেছিলাম, সেটাই করছি।”

    সিরিজ আকা মুক্তি পাচ্ছে আগামী ৪ সেপ্টেম্বর হইচই প্ল্যাটফর্মে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা, নির্মাতা ভিকি জাহিদ, অভিনেতা ইমতিয়াজ বর্ষণ, এ কে আজাদ সেতু ও প্রযোজক শাহরিয়ার শাকিলসহ কলাকুশলীরা।

    ন্যায়-অন্যায়, শোধ-প্রতিশোধ আর রহস্যঘেরা কাহিনির সমন্বয়ে নির্মিত এই সিরিজে নিশোর বিপরীতে অভিনয় করেছেন নাবিলা। ব্লকবাস্টার আয়নাবাজিতুফান–এ আলোচিত এই অভিনেত্রী এবার ভিন্ন চরিত্রে হাজির হচ্ছেন। ফলে দর্শকরা নতুনভাবে দেখতে পাবেন নিশো-নাবিলা জুটির কেমিস্ট্রি।

    পরিচালক ভিকি জাহেদ জানান, “আকা আমার কাছে একটি বিশেষ সামাজিক থ্রিলার। এটি আসলে দর্শকদের জন্য এক ধরনের পরীক্ষা। নিশো ভাইয়ের সঙ্গে অনেক কাজ করেছি, তবে সিরিজে এবারই প্রথম একসঙ্গে কাজ করা হলো।”

    নাবিলা বলেন, “এই সিরিজের গল্প আমাকে বিশেষভাবে আকর্ষণ করেছে। আমার চরিত্রে একাধিক লেয়ার আছে। আশা করি দর্শকরা কাজটি আপন করে নেবেন।”

    সম্প্রতি প্রকাশিত আকা–র পোস্টারে নিশোকে দেখা গেছে দ্বৈত রূপে—একদিকে শক্তিশালী অ্যাকশনধর্মী চরিত্র, অন্যদিকে সাধারণ এক যুবক। পোস্টারটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।

    সিরিজটিতে আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, আজিজুল হাকিম এবং তাজজি হাসান। দর্শকদের প্রত্যাশা, আকা হবে ভিকি জাহেদ ও আফরান নিশোর নতুন এক মাইলফলক।