Tag: বাংলাদেশি চলচ্চিত্র

  • একসঙ্গে ফিরছেন অপু বিশ্বাস ও আদর আজাদ? জোড়া সিনেমায় জমজমাট চমক!

    একসঙ্গে ফিরছেন অপু বিশ্বাস ও আদর আজাদ? জোড়া সিনেমায় জমজমাট চমক!

    এবিএনএ: সাময়িক বিরতির পর আবারো আলোচনায় ফিরেছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। নতুন রূপে, নতুন লুকে, আরও বেশি আত্মবিশ্বাসীভাবে হাজির হয়েছেন তিনি। ওজন কমিয়ে নিজেকে একেবারে নতুনভাবে উপস্থাপন করেছেন এই চিত্রতারকা। ইতোমধ্যেই তাঁর পরিবর্তিত লুক নিয়ে ভক্তদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে।

    এদিকে সময়ের ব্যস্ততম নায়ক আদর আজাদও সম্প্রতি শেষ করেছেন ‘পিনিক’ ও ‘ট্রাইবুন্যাল’ সিনেমার কাজ। এখন তিনি প্রস্তুতি নিচ্ছেন ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং শুরু করার।

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। ছবিতে একসঙ্গে ধরা দিয়েছেন অপু বিশ্বাস, আদর আজাদ ও নির্মাতা বন্ধন বিশ্বাস। এরপর থেকেই চলচ্চিত্রপাড়ায় শোনা যাচ্ছে, অপু ও আদর নাকি একসঙ্গে জোড়া সিনেমায় কাজ করছেন। অন্তত দু’টি সিনেমায় তাদের জুটি নিশ্চিত বলেই দাবি অনেকের। যদিও এ বিষয়ে দুজনেই এখনো মুখ খুলছেন না।

    গুঞ্জনের সূত্র শুরু হয় কোরিওগ্রাফার মাহফুজ কাদরীর ফেসবুক পোস্ট থেকে। যদিও তিনি জানান, ছবিটি শুধুই একটি ইভেন্টের মুহূর্ত; তবু ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীদের ধারণা—একাধিক প্রজেক্টে একসঙ্গে কাজ করছেন অপু ও আদর।

    জানা গেছে, একটি সিনেমা নির্মাণ করবেন পরিচালক বন্ধন বিশ্বাস। অন্যটি পরিচালনা করবেন ঢালিউডেরই আরেক খ্যাতিমান নির্মাতা। একটি সিনেমার কাজ শুরু হতে পারে আগামী মাসেই, আর অন্যটির শুটিং নতুন বছরের শুরুতে।

    এ প্রসঙ্গে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, “আমি কাজে ফিরতে পুরোপুরি প্রস্তুত। নতুন ছবির প্রস্তুতি নিচ্ছি, তবে কার সঙ্গে ফিরছি সেটা এখনই বলতে চাই না। খুব শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সবকিছু আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

    একইভাবে আদর আজাদ বলেন, “কয়েকটি নতুন সিনেমার বিষয়ে আলাপ চূড়ান্ত করেছি। তবে বিস্তারিত জানাবেন পরিচালক আর প্রযোজনা প্রতিষ্ঠান। অপেক্ষা করতে হবে কিছু দিন।”

    উল্লেখ্য, ‘লাল শাড়ি’ ছিল অপু বিশ্বাসের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। অন্যদিকে আদর আজাদের সর্বশেষ সিনেমা ‘টগর’ দর্শকপ্রিয়তা পায়।

    চলচ্চিত্রপ্রেমীরা এখন অপেক্ষায়—জোড়া সিনেমায় অপু ও আদরের জুটি কি সত্যিই আসছে? নাকি এটি কেবল গুঞ্জন? সময়ই বলবে সবকিছু।

  • বাংলাদেশে তৈরি ইংরেজি সিনেমা ‘ডট’ পেল ছাড়পত্র, বিশ্বজুড়ে মুক্তির অপেক্ষা!

    বাংলাদেশে তৈরি ইংরেজি সিনেমা ‘ডট’ পেল ছাড়পত্র, বিশ্বজুড়ে মুক্তির অপেক্ষা!

    এবিএনএ:  বাংলাদেশের নির্মাতাদের হাত ধরে এবার আন্তর্জাতিক পর্দায় জায়গা করে নিতে চলেছে ইংরেজি ভাষায় নির্মিত সিনেমা ‘ডট’। নারীজীবনের সংগ্রাম ও গভীর বাস্তবতা নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।

    চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বড়ুয়া সুনন্দা কাঁকন এবং প্রযোজনায় রয়েছেন বড়ুয়া মনোজিত ধীমন। তিনি জানান, খুব শিগগিরই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

    পরিচালক বলেন, “নারীদের সংগ্রামী জীবনের প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করেছি ‘ডট’-এর মাধ্যমে। এখন দর্শকের কাছে পৌঁছানোর পালা। দেশ ও বিদেশের দর্শকদের জন্যই তৈরি করা হয়েছে এই সিনেমা।”

    প্রযোজক মনোজিত ধীমন জানান, সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে প্রশংসা করেছেন, যা টিমের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। এখন মুক্তির প্রস্তুতিতে ব্যস্ত পুরো টিম। সিনেমাটি বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।

    প্রায় ২ ঘণ্টা ৮ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমায় অভিনয় করেছেন মনোজিত ধীমন, মিষ্টি আক্তার, পরী, রাজিবুল ইসলাম, সোনিয়া পারভীন শাপলা, মোস্তাফিজুর রহমান, কথা চৌধুরীসহ আরও অনেকে।

    চলচ্চিত্রপ্রেমীদের জন্য এটি হতে পারে একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা, যেখানে থাকবে গভীর বার্তা এবং আন্তর্জাতিক মানের উপস্থাপন।

  • ঈদে আর আসছে না ‘নাদান’ ও ‘শিরোনাম’, পিছিয়ে গেল মুক্তি

    ঈদে আর আসছে না ‘নাদান’ ও ‘শিরোনাম’, পিছিয়ে গেল মুক্তি

    এবিএনএ

    প্রতিবারের মতো আসন্ন ঈদুল আজহা ঘিরে দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাওয়ার কথা ছিল বেশ কিছু নতুন সিনেমার। এই তালিকায় নাম ছিল আলোচিত দুটি সিনেমা— ‘নাদান’ এবং ‘শিরোনাম’। তবে শেষ মুহূর্তে এসে জানা গেল, এই ঈদে আর বড় পর্দায় দেখা যাবে না সিনেমা দুটি।

    ‘নাদান’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও সায়মা স্মৃতি। ছবি মুক্তি বিলম্ব হওয়ার বিষয়ে শ্যামল মাওলা বলেন,

    “দর্শকদের দুঃখের সঙ্গে জানাচ্ছি, কিছু টেকনিক্যাল সমস্যার কারণে এবারের ঈদে ‘নাদান’ মুক্তি পাচ্ছে না। যারা এত ভালোবাসা দেখিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”

    পরিচালক ফরহাদ হোসেনের প্রথম পূর্ণদৈর্ঘ্য এই চলচ্চিত্রটির প্রথম লুক প্রকাশ করা হয়েছিল ১৩ মে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, এরফান মৃধা শিবলু, সাইফ খান, জুয়েল জহুরসহ অনেকে।

    অন্যদিকে, চিত্রনায়ক নিরব অভিনীত সিনেমা ‘শিরোনাম’-এর মুক্তিও এবার পিছিয়ে গেছে।

    “আমরা যখন ঈদে মুক্তির ঘোষণা দিই, তখন কিছু শুটিং বাকি ছিল। চাইলে দ্রুত শেষ করা যেত, কিন্তু আমরা হুটহাট করে সিনেমাটি শেষ করতে চাইনি,” — জানান নিরব।

    এই ছবিতে ইব্রাহিম চরিত্রে অভিনয় করেছেন নিরব। সিনেমার ফার্স্টলুক পোস্টারে তাকে দেখা যায় লম্বা চুল, কালো সানগ্লাস, গলায় চেইন ও কালো জ্যাকেটে। দর্শকদের মাঝে বেশ আলোচনার জন্ম দেয় এই লুক।

    সূত্র জানিয়েছে, শুটিং এখনো সম্পূর্ণ না হওয়ায় নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন ‘শিরোনাম’ ঈদে না মুক্তি দিয়ে সময় নিয়ে ছবি শেষ করবেন।

    এদিকে ঈদের বাকি ছবিগুলোর মধ্যে রয়েছে ‘তাণ্ডব’, ‘ইনসাফ’, ‘নীলচক্র’, ‘এশা মার্ডার’, ও ‘টগর’। দর্শকরা এখনও সেগুলোর দিকেই তাকিয়ে রয়েছেন বিনোদনের আশায়।