Tag: পাকিস্তান

  • যুক্তরাষ্ট্রের জন্য ‘পারমাণবিক হুমকি’ তালিকায় পাকিস্তান—তুলসি গ্যাবার্ডের সতর্কবার্তায় চাঞ্চল্য

    যুক্তরাষ্ট্রের জন্য ‘পারমাণবিক হুমকি’ তালিকায় পাকিস্তান—তুলসি গ্যাবার্ডের সতর্কবার্তায় চাঞ্চল্য

    এবিএনএ: যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ক্রমবর্ধমান পারমাণবিক ঝুঁকি তৈরি করছে এমন দেশগুলোর তালিকায় পাকিস্তানের নামও রয়েছে বলে মন্তব্য করেছেন তুলসি গ্যাবার্ড। বুধবার (১৮ মার্চ) মার্কিন সিনেটের গোয়েন্দা কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন।

    বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপনকালে গ্যাবার্ড জানান, পাকিস্তানের পাশাপাশি ইরান, চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তৈরি করছে, যা পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের অস্ত্র বহনে সক্ষম। এসব প্রযুক্তি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার সক্ষমতা অর্জন করছে বলেও সতর্ক করেন তিনি।

    তিনি আইনপ্রণেতাদের উদ্দেশে বলেন, এসব দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি দ্রুত উন্নত হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। বিশেষ করে পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে আন্তঃমহাদেশীয় সক্ষমতা যুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

    প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট দেশগুলো যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা বোঝার চেষ্টা করছে, যাতে নিজেদের অস্ত্র উন্নয়নে তা কাজে লাগানো যায়। গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, আগামী দশকে এই হুমকি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। ২০৩৫ সালের মধ্যে বিশ্বজুড়ে ক্ষেপণাস্ত্রের সংখ্যা বর্তমানের প্রায় ৩ হাজার থেকে বেড়ে ১৬ হাজার ছাড়িয়ে যেতে পারে।

    এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, এটি যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী নীতির ধারাবাহিকতা। ওয়াশিংটনভিত্তিক গবেষক সুজা নওয়াজের মতে, অতীতেও পাকিস্তানের বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে পাকিস্তান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি মূলত ভারতের সঙ্গে সামরিক ভারসাম্য রক্ষার জন্য, যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে নয়।

    দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান বলেন, বর্তমান মার্কিন প্রশাসন সাধারণত পাকিস্তানকে নিয়ে ইতিবাচক বার্তা দিলেও এই ধরনের মূল্যায়ন তাৎপর্যপূর্ণ। যদিও প্রতিবেদনে পাকিস্তানকে এককভাবে নয়, অন্যান্য শক্তিধর দেশের সঙ্গে একত্রে উল্লেখ করা হয়েছে।

    গ্যাবার্ড আরও বলেন, দক্ষিণ এশিয়ায় সক্রিয় জঙ্গি সংগঠনগুলো এখনো যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য বড় হুমকি। প্রতিবেদনে ভারত-পাকিস্তান উত্তেজনাকে দীর্ঘস্থায়ী নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে কাশ্মির অঞ্চলে সাম্প্রতিক সহিংসতা দুই দেশের মধ্যে পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়িয়েছে।

    এছাড়া পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত পরিস্থিতি এবং তালেবানের সঙ্গে সম্পর্কের টানাপড়েনও প্রতিবেদনে উঠে এসেছে।

    ইরান প্রসঙ্গে গ্যাবার্ড বলেন, সাম্প্রতিক সংঘাতের পর কিছুটা চাপে থাকলেও তেহরান এখনো সক্রিয় এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর হামলা চালানোর সক্ষমতা রাখে।

    শুনানিতে সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ ও ডেমোক্র্যাট সিনেটর মাইকেল বেনেট-এর মধ্যে তীব্র বাক্যবিনিময় হয়। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের কৌশল নিয়ে প্রশ্ন তোলেন বেনেট।

  • পাকিস্তান-আফগান সীমান্তে উত্তেজনা চরমে: ২৭৪ তালেবান নিহত ও ৭৩ চৌকি ধ্বংসের দাবি ইসলামাবাদের

    পাকিস্তান-আফগান সীমান্তে উত্তেজনা চরমে: ২৭৪ তালেবান নিহত ও ৭৩ চৌকি ধ্বংসের দাবি ইসলামাবাদের

    এবিএনএ: পাকিস্তান-আফগান সীমান্তে সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে বড় ধরনের দাবি করেছে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর। শুক্রবার ইসলামাবাদে এক ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, সাম্প্রতিক অভিযানে ২৭৪ জন আফগান তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। একই সঙ্গে ৭৩টি চৌকি ধ্বংস ও ১৭টি চৌকি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করা হয়।

    তার বক্তব্য অনুযায়ী, অভিযানে আফগান বাহিনীর চার শতাধিক সদস্য আহত হয়েছেন এবং অন্তত ১১৫টি ট্যাংক, সাঁজোয়া যান ও কামান অচল করা হয়েছে। অপরদিকে আফগানিস্তান থেকে চালানো হামলায় পাকিস্তানের ১২ সেনা নিহত হয়েছেন বলেও তিনি জানান। প্রধানমন্ত্রীর নির্দেশে সীমান্তে অভিযান অব্যাহত আছে বলে দাবি করেছে ইসলামাবাদ।

    সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে থাকা এলাকা হিসেবে উঠে এসেছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর সীমান্ত অঞ্চল। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বাড়ছে, অনেক স্থানে স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে।

    এদিকে কাবুলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সংঘাত বাড়াতে চায় না। আফগান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে জানান, পাকিস্তান আগ্রাসন চালালে আফগানিস্তান পাল্টা জবাব দিতে সক্ষম। তার ভাষ্য, গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাতের মাধ্যমে তারা ‘বার্তা’ দিয়েছে। পাশাপাশি তিনি বলেন, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ইস্যুকে ঘিরে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে এবং বিষয়টি পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার।

    দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে সীমান্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে, দ্রুত কূটনৈতিক উদ্যোগ না নিলে এই উত্তেজনা বড় সংঘাতে রূপ নিতে পারে।

  • ইসলামাবাদের শিয়া মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা, প্রাণ গেল ৩১ জনের—আহত শতাধিক

    ইসলামাবাদের শিয়া মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা, প্রাণ গেল ৩১ জনের—আহত শতাধিক

    এবিএনএ: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৬৯ জন। শুক্রবার জুমার নামাজ চলাকালে বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা, মুহূর্তেই রক্তাক্ত হয়ে পড়ে উপাসনালয়টি।

    নিরাপত্তা বাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে, আত্মঘাতী হামলাকারী মসজিদের প্রবেশমুখে বিস্ফোরণ ঘটান। প্রত্যক্ষদর্শীদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামলাকারীকে থামানোর চেষ্টা করা হলে সে নিজের শরীরে থাকা বিস্ফোরক সক্রিয় করে।

    পুলিশের ধারণা, পাকিস্তান তেহরিক-ই-তালেবান (টিটিপি)-সংশ্লিষ্ট কোনো জঙ্গি এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এখন পর্যন্ত কোনো সংগঠন আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি।

    ইসলামাবাদ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মসজিদের ভেতরে ছড়িয়ে থাকা মরদেহ ও ভাঙা কাচের জানালা দেখা গেছে।

    এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

    উল্লেখ্য, অতীতেও ইসলামাবাদসহ পাকিস্তানের বিভিন্ন এলাকায় ভয়াবহ আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ এই হামলা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

  • মানবিক সিদ্ধান্ত জার্মানির: পাকিস্তানে আটকে থাকা ৫৩৫ আফগান শরণার্থী পাচ্ছেন আশ্রয়

    মানবিক সিদ্ধান্ত জার্মানির: পাকিস্তানে আটকে থাকা ৫৩৫ আফগান শরণার্থী পাচ্ছেন আশ্রয়

    এবিএনএ: পাকিস্তানে আটকে থাকা ৫৩৫ জন আফগান শরণার্থীকে জার্মানিতে বসবাসের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় থাকা এসব শরণার্থীর জন্য আশার আলো দেখলো মানবিক আশ্রয় প্রক্রিয়া।

    জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট স্থানীয় সময় ১৮ ডিসেম্বর বিষয়টি নিশ্চিত করে জানান, স্থায়ীভাবে ভর্তির অনুমোদন পাওয়া আফগান শরণার্থীদের যত দ্রুত সম্ভব জার্মানিতে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। ডিসেম্বরের মধ্যেই অধিকাংশ মামলার প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।

    সংবাদ সংস্থা এএফপি জানায়, এই শরণার্থীরা পূর্ববর্তী সরকারের একটি বিশেষ পুনর্বাসন কর্মসূচির আওতায় নির্বাচিত হয়েছিলেন। তবে কর্মসূচি স্থগিত থাকায় তারা পাকিস্তানে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন।

    এর আগে জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কর্মসূচির আওতাভুক্ত প্রায় ৬৫০ জনকে জার্মানিতে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছিল। এ ক্ষেত্রে বসবাসের দাবি প্রত্যাহারের বিনিময়ে আর্থিক সহায়তার প্রস্তাব দেওয়া হয়, যদিও অল্পসংখ্যক মানুষ এতে সম্মতি জানান।

    এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন ও হিউম্যান রাইটস ওয়াচসহ ২৫০টির বেশি মানবাধিকার সংস্থা জানিয়েছে, প্রায় ১ হাজার ৮০০ আফগান নাগরিক এখনো পাকিস্তানে অনিশ্চিত অবস্থায় রয়েছেন। এসব সংস্থা দ্রুত তাদের জার্মানিতে প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে।

  • ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য: “মোদি দেখতে সুন্দর, কিন্তু তিনি একজন খুনি!”

    ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য: “মোদি দেখতে সুন্দর, কিন্তু তিনি একজন খুনি!”

    এবিএনএ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ায় এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প বলেন,

    “প্রধানমন্ত্রী মোদি দেখতে সবচেয়ে সুন্দর মানুষদের একজন। তাকে দেখে মনে হয় যেন আপনি তাকে পিতার মতো ভালোবাসতে চাইবেন। কিন্তু মোদি হলেন একজন খুনি, অত্যন্ত কঠোর মানুষ।”

    ট্রাম্পের এই মন্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।


    ট্রাম্প বর্তমানে এশিয়া সফরে রয়েছেন এবং এপেক সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া গেছেন। ওই সফরের অংশ হিসেবে তিনি ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত নিয়ে কথা বলতে গিয়ে বলেন,

    “আমি সেই যুদ্ধ থামিয়েছিলাম। আমি দুই দেশকেই অনুরোধ করেছিলাম যুদ্ধ বন্ধ করতে, কিন্তু তারা রাজি হয়নি। এরপর আমি জানাই, যুদ্ধ চললে আমরা তাদের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করব না। শেষ পর্যন্ত তারা আমার কাছে এসে যুদ্ধ থামানোর অনুরোধ করে।”


    তিনি আরও বলেন,

    “আমি ভারতের সঙ্গে বড় একটি বাণিজ্য চুক্তির প্রস্তুতি নিচ্ছিলাম। মোদির সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গেও ভালো সম্পর্ক ছিল। তারা দুজনই শক্তিশালী মানুষ, কিন্তু তখন পরিস্থিতি বিপজ্জনক দিকে যাচ্ছিল।”

    ট্রাম্প দাবি করেন, ভারত-পাকিস্তান সংঘর্ষের সময় সাতটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল এবং উভয় দেশই পারমাণবিক অস্ত্রসজ্জিত হওয়ায় পরিস্থিতি ছিল ভয়াবহ।
    তিনি বলেন,

    “আমি মোদিকে বলেছিলাম—যুদ্ধ চালালে কোনো চুক্তি হবে না। পরে পাকিস্তানকেও একই কথা বলেছি। দুদিনের মধ্যেই তারা যুদ্ধ বন্ধ করে দেয়।”

  • আইসিসির মন্তব্যে পাকিস্তানের ক্ষোভ: ‘খেলাধুলায় রাজনীতি ঢুকেছে’ অভিযোগ ইসলামাবাদের

    আইসিসির মন্তব্যে পাকিস্তানের ক্ষোভ: ‘খেলাধুলায় রাজনীতি ঢুকেছে’ অভিযোগ ইসলামাবাদের

    এবিএনএ: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাম্প্রতিক মন্তব্যে চরম ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার অভিযোগ করেছেন, আইসিসি এমন এক বিবৃতি দিয়েছে যা কেবল পক্ষপাতদুষ্ট নয়, বরং ক্রিকেটকে রাজনৈতিক রঙে রাঙানোর চেষ্টা করছে।

    সম্প্রতি আইসিসি দাবি করে, আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় তিনজন স্থানীয় ক্রিকেটার প্রাণ হারিয়েছেন। এই বিবৃতির পর পাকিস্তানের তথ্যমন্ত্রী এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, “সন্ত্রাসবাদের সবচেয়ে বড় ভুক্তভোগী হিসেবে পাকিস্তান এই ভ্রান্ত ও প্রমাণহীন বিবৃতিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে।”

    তিনি আরও বলেন, আইসিসি কোনো স্বাধীন অনুসন্ধান ছাড়াই এমন সংবেদনশীল বিষয়ে মন্তব্য করে নিজের নিরপেক্ষতা হারিয়েছে। তারারের মতে, সংস্থাটির চেয়ারম্যান জয় শাহ ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) মন্তব্য একই সূত্রে গাঁথা—এটি একটি পরিকল্পিত পাকিস্তানবিরোধী অবস্থানের প্রতিফলন।

    তথ্যমন্ত্রী সতর্ক করে বলেন, “খেলাধুলা কখনোই রাজনৈতিক প্রভাবের হাতিয়ার হতে পারে না। আইসিসির নেতৃত্বকে মনে রাখতে হবে, তাদের পদমর্যাদা কোনো দেশের প্রভাবের চেয়ে বড়।” তিনি সংস্থাটিকে নিরপেক্ষতা পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে বলেন, “ক্রিকেট যেন ঐক্যের প্রতীক হয়ে থাকে, বিভেদের নয়।”

    বর্তমানে আইসিসি ও পাকিস্তানের এই বিবাদ বিশ্ব ক্রিকেট অঙ্গনে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে, যা ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককেও প্রভাবিত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

  • সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ: আফগানিস্তান-পাকিস্তান উত্তেজনা কোন দিকে গড়াবে?

    সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ: আফগানিস্তান-পাকিস্তান উত্তেজনা কোন দিকে গড়াবে?

    এবিএনএ: দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে ফের ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে। একে অপরের চৌকি দখলের দাবি করছে দুই দেশই। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এই সংঘাতটিই সবচেয়ে বড় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ফলে প্রশ্ন উঠেছে—এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে?

    রবিবার আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেন, সংঘর্ষে পাকিস্তানের অন্তত ৫৮ সেনা নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। অপরদিকে আফগানিস্তানের ৯ সেনা প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ১৬ জন।
    অন্যদিকে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের তথ্য অনুযায়ী সংঘর্ষে ২০০ জনেরও বেশি তালেবান ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের ২৩ সেনা নিহত ও ২৯ জন আহত হওয়ার কথাও স্বীকার করেছে ইসলামাবাদ।

    রয়টার্স জানিয়েছে, সংঘর্ষের পর পাকিস্তান আফগান সীমান্তের বেশ কিছু প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। পিটিভি নিউজের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের অন্তত ১৯টি সীমান্ত চৌকি নিয়ন্ত্রণে নিয়েছে। অপরদিকে আফগান গণমাধ্যম আমু নিউজ জানায়, তালেবান বাহিনী পাকিস্তানের ১১টি সীমান্ত চৌকি ধ্বংস করেছে।

    সংঘাতের সূচনা

    এই সংঘাতের সূত্রপাত বৃহস্পতিবার, যখন আফগান রাজধানী কাবুলে এক বিস্ফোরণের ঘটনা ঘটে। তালেবান সরকার দাবি করে, হামলাটি পাকিস্তান পরিচালিত। তবে ইসলামাবাদ সেই অভিযোগ অস্বীকার করে। এর জেরে শনিবার রাত থেকে উভয়পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হয়, যা দ্রুত সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়ে।

    বিশ্লেষকদের মতে, ২০২২ সালে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই আফগানিস্তান-পাকিস্তান সম্পর্কের অবনতি শুরু হয়। ক্ষমতায় থাকাকালে ইমরান খান তালেবানের মধ্যস্থতায় টিটিপির (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) সঙ্গে যুদ্ধবিরতি করেছিলেন। সেই বিরতি ভেঙে গেলে সীমান্তে সংঘর্ষ ক্রমে তীব্র হতে থাকে।

    ভবিষ্যৎ পরিস্থিতি কোন পথে?

    পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত ও আফগান বিষয়ক বিশেষজ্ঞ আসিফ দুররানির মতে, দুই দেশের এই সংঘর্ষ বড় ধরনের যুদ্ধে রূপ নেবে না। তিনি বলেন, “পাকিস্তানের সামরিক শক্তি আফগানিস্তানের তুলনায় অনেক বেশি। তবে কূটনৈতিক আলোচনার বিকল্প নেই।”

    দুররানি আরও জানান, মূল সমস্যা টিটিপিকে ঘিরে। আফগান সরকার তাদের ভূখণ্ডে টিটিপির উপস্থিতি অস্বীকার করছে, কিন্তু পাকিস্তান বলছে এই গোষ্ঠীই সীমান্তে হামলার পেছনে দায়ী। ফলে টিটিপি ইস্যু সমাধান না হলে দুই দেশের সম্পর্কে উত্তেজনা থেকে যাবে বলেই ধারণা বিশ্লেষকদের।

  • পাকিস্তানের কোয়েটায় ভয়াবহ বোমা হামলা, নিহত ১০ জন, আহত অন্তত ৩২

    পাকিস্তানের কোয়েটায় ভয়াবহ বোমা হামলা, নিহত ১০ জন, আহত অন্তত ৩২

    এবিএনএ:  পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছে শহরটি। মঙ্গলবার দুপুরে ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি (এফসি) সদরদপ্তরের কাছাকাছি এ বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    স্থানীয় গণমাধ্যম ডন জানায়, বিস্ফোরণের পরপরই এলাকায় গোলাগুলির শব্দ শোনা যায়। হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করে চিকিৎসকদের কর্মস্থলে থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

    সিসিটিভি ফুটেজে দেখা যায়, ব্যস্ত সড়কে যান চলাচলের সময় হঠাৎ করেই বিস্ফোরণ হয়। এর ফলে পাশে থাকা বাসের যাত্রী ও পথচারীরা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হন। বিস্ফোরণে আশপাশের ভবনের জানালার কাচ চূর্ণ হয়ে যায়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বোমাটি ছিল অত্যন্ত শক্তিশালী।

    পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে এটিকে ‘ভারত-সমর্থিত সন্ত্রাসীদের কাজ’ বলে অভিহিত করেছেন। প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, এ হামলার পেছনে রয়েছে ‘ফিতনা-আল-খাওয়ারিজ’ নামের গোষ্ঠী, যেটি তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর নিষিদ্ধ শাখা।

    বিবৃতিতে আরও জানানো হয়েছে, এ ধরনের হামলা পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না। অন্যদিকে, বেলুচিস্তান প্রাদেশিক সরকার জানিয়েছে, বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে চার সন্ত্রাসীকে হত্যা করেছে।

  • এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে ভারত, দলে নেই হার্ডিক

    এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে ভারত, দলে নেই হার্ডিক

    এবিএনএ:  এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। ফাইনালের একাদশে তিনটি পরিবর্তন এনেছে তারা। ইনজুরির কারণে অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়া এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারছেন না। তার বদলে দলে সুযোগ পেয়েছেন রিংকু সিং।

    শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে বল করার সময় পান্ডিয়া ইনজুরিতে পড়েন এবং সেই ম্যাচের দশম ওভারেই মাঠ ছাড়তে বাধ্য হন। এখনও পুরোপুরি ফিট না হওয়ায় ফাইনালে তাকে ছাড়াই নামতে হলো ভারতকে।

    আগের ম্যাচে বিশ্রামে থাকা জাসপ্রিত বুমরাহ ও শিভাম দুবে ফিরেছেন একাদশে। তাদের জায়গায় অর্শদীপ সিং ও হার্শিত রানাকে বাইরে বসানো হয়েছে।

    অন্যদিকে, পাকিস্তান অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। দলের অধিনায়ক সালমান আগা জানিয়েছেন, তারা এই উইকেটে আগেও খেলেছেন এবং ফাইনালে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছেন।

    ভারতের একাদশ

    শুভমন গিল, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, সানজু স্যামসন, শিভাম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

    পাকিস্তানের একাদশ

    শাহিবজাদা ফারহান, ফখর জামান, সাঈম আইয়ূব, সালমান আগা, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।

    এই ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে ক্রিকেট বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

  • দক্ষিণ ওয়াজিরিস্তানে সেনা গাড়িবহরে ভয়াবহ হামলা: পাকিস্তানি সেনাসহ নিহত ২৫

    দক্ষিণ ওয়াজিরিস্তানে সেনা গাড়িবহরে ভয়াবহ হামলা: পাকিস্তানি সেনাসহ নিহত ২৫

    এবিএনএ:  পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে আফগান সীমান্তের কাছে সেনাবাহিনীর গাড়িবহরে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে ১২ সেনা সদস্য নিহত হয়েছেন। পাল্টাপাল্টি গোলাগুলিতে প্রাণ হারিয়েছেন আরও ১৩ জঙ্গি। শনিবার ভোরে বদর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

    পাকিস্তানি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জঙ্গিদের আকস্মিক গুলিতে সেনাদের গাড়িবহর আক্রান্ত হয়। সঙ্গে সঙ্গে পাল্টা অভিযানে উভয়পক্ষের মধ্যে তুমুল গোলাগুলি শুরু হয়, যা কয়েক ঘণ্টা ধরে চলে। এসময় অন্তত ৪ জন আহত হয়েছেন।

    তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি দাবি করেছে, তারা সেনাদের কাছ থেকে ড্রোনসহ বিপুল অস্ত্রশস্ত্র দখল করেছে।

    স্থানীয় বাসিন্দারা জানান, হামলার পর আহত সেনাদের উদ্ধারে এবং জঙ্গিদের খুঁজে বের করতে আকাশে একাধিক সামরিক হেলিকপ্টার টহল চালিয়েছে।

    পাকিস্তানি সেনাবাহিনী অভিযোগ করেছে, ভারত-সমর্থিত তেহরিক-ই-তালেবান এ হামলায় জড়িত। সেনাদের মিডিয়া শাখা আইএসপিআর জানিয়েছে, বাজাউর এলাকায় পরিচালিত এক গোয়েন্দা অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও ২২ জন ‘ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী’ নিহত হয়েছে।

    সামরিক বাহিনীর দাবি, নিহত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আধুনিক অস্ত্র ও গোলাবারুদ। তারা সীমান্ত এলাকায় বহু সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় ছিল।

    পাকিস্তান দীর্ঘদিন ধরে টিটিপিকে ভারত-সমর্থিত সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিযুক্ত করে আসছে। ওয়াজিরিস্তানের সর্বশেষ হামলা আবারও দেশটির সীমান্ত অঞ্চলের অস্থিতিশীলতা ও সন্ত্রাসী কার্যক্রমের প্রকোপ স্পষ্ট করেছে।