Tag: ডিপ্লোমা প্রকৌশলী

  • তিন দফা দাবিতে মৎস্য ভবনের সামনে প্রকৌশল শিক্ষার্থীদের অবরোধে স্থবির রাজধানী

    তিন দফা দাবিতে মৎস্য ভবনের সামনে প্রকৌশল শিক্ষার্থীদের অবরোধে স্থবির রাজধানী

    এবিএনএ:  রাজধানীর ব্যস্ত সড়ক মৎস্য ভবনের সামনে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় জটলার সৃষ্টি করেন বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা। তিন দফা দাবিতে তারা হঠাৎ সড়ক অবরোধ করে বসেন, ফলে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

    শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতি ও ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার নিয়ে বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের দাবি, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দ ব্যবহার বন্ধ করতে হবে, কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না এবং সরকারি চাকরিতে দশম গ্রেডে প্রবেশের ক্ষেত্রে কেবল স্নাতক প্রকৌশলীদের যোগ্যতা বিবেচনা করতে হবে।

    বৃহস্পতিবারের এ কর্মসূচির আগে বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীরা শহীদ মিনার থেকে মিছিল নিয়ে টিএসসি, দোয়েল চত্বর, শিক্ষা ভবন হয়ে প্রেসক্লাব ও হাইকোর্টের সামনে দিয়ে এগিয়ে যান। পরে তারা মৎস্য ভবন এলাকায় গিয়ে অবস্থান নেন।

    এর আগেও শিক্ষার্থীরা গত মঙ্গলবার (২৬ আগস্ট) পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেন। আর বুধবার (২৭ আগস্ট) পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে রাজধানীর শাহবাগে অবস্থান নেন তারা, যার ফলে ওই এলাকা এবং আশপাশের সড়ক কয়েক ঘণ্টা বন্ধ থাকে।

    আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন আরও কঠোর আকার ধারণ করবে।

  • তিন দফা দাবিতে শাহবাগ অবরোধ: সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি প্রকৌশল শিক্ষার্থীদের

    তিন দফা দাবিতে শাহবাগ অবরোধ: সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি প্রকৌশল শিক্ষার্থীদের

    এবিএনএ:  তিন দফা দাবির বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড়ে বিক্ষোভ করেছে প্রকৌশল শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ অবরোধে তারা জানান, রাত ৮টার মধ্যে অন্তর্বর্তী সরকার সমস্যার সমাধানে না বসলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

    শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে “প্রকৌশলী” উপাধি ব্যবহার না করা, তাদের কাউকে নবম গ্রেডে পদোন্নতি না দেওয়া এবং দশম গ্রেডের চাকরিতে শুধুমাত্র স্নাতক প্রকৌশলীদের নিয়োগ নিশ্চিত করা।

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) বিভিন্ন বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ কর্মসূচিতে অংশ নেয়।

    অবরোধ চলাকালে প্রকৌশল অধিকার আন্দোলনের সহ-সভাপতি শাকিল আহমেদ বলেন, “ছয় মাস ধরে আমাদের দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকারের উদাসীনতার কারণে আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছি। রাত ৮টার মধ্যে সমাধান চাই, নইলে আরও কঠোর কর্মসূচি দেব।”

    সংগঠনের সভাপতি ওয়ালি উল্লাহ অভিযোগ করেন, সরকার দিনের পর দিন সচিবালয়ে থেকেও আলোচনায় বসেনি, যার ফলে শিক্ষার্থীরা শাহবাগ অবরোধে নামতে বাধ্য হয়েছেন।

    এ সময় আরও জানানো হয়, রংপুরে প্রকৌশলী রোকনকে আটক রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা।

    অবরোধের কারণে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। অফিস শেষে ঘরমুখী মানুষকে দীর্ঘ সময় ভোগান্তি পোহাতে হয়।