Tag: ডিএমপি কমিশনার

  • ডাকসু নির্বাচন ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা, নজরদারিতে পুলিশ-র‍্যাব-বিজিবি

    ডাকসু নির্বাচন ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা, নজরদারিতে পুলিশ-র‍্যাব-বিজিবি

    এবিএনএ:  ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচনকে ঘিরে রাজধানীতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সোমবার বিকেলে টিএসসি এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য জানান।

    তিনি বলেন, আজ রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাইসেন্সধারী অস্ত্র ব্যবহার নিষিদ্ধ থাকবে। বর্তমানে ১ হাজার ৭৭১ জন পুলিশ মোতায়েন রয়েছে, আর ভোটের দিন সেই সংখ্যা বাড়িয়ে ২ হাজার ৯৬ জনে উন্নীত করা হবে। পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবিও দায়িত্ব পালন করবে।

    ডিএমপি কমিশনার আরও জানান, নিরাপত্তা নিশ্চিত করতে ৮টি চেকপোস্ট বসানো হয়েছে। মোবাইল টিম, বিশেষায়িত টিম, সোয়াত টিম এবং সাদা পোশাকে ডিবির সদস্যরা সক্রিয় থাকবেন। পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় থাকবে।

    তিনি সতর্ক করে বলেন, কোনো পরিস্থিতিতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। অনাকাঙ্ক্ষিত কেউ ধরা পড়লে তাৎক্ষণিকভাবে পুলিশের হাতে তুলে দিতে হবে।

    এছাড়া যারা সাইবার আক্রমণের চেষ্টা করছে, তাদের শনাক্ত করার কাজও চলছে বলে নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার। তার মতে, সব মিলিয়ে এবারের ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

  • ডাকসু নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার

    ডাকসু নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার

    এবিএনএ:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি বা ভণ্ডুলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত ডাকসু নির্বাচন–২০২৫ উপলক্ষে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি।

    ডিএমপি কমিশনার বলেন, “ডাকসু নির্বাচনে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা দিতে আমরা প্রস্তুত। কেউ যদি নির্বাচন ব্যাহত করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    তিনি আরও জানান, একটি নিরাপদ ও নির্বিঘ্ন নির্বাচন নিশ্চিত করতে সরকারের সব সংস্থার সমন্বিত প্রচেষ্টা জরুরি। যৌথভাবে কাজ করলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    সভায় শুরুতেই ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ নির্বাচনের নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। পরে অংশগ্রহণকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা মতামত তুলে ধরেন।

    সভায় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম, হাসান মো. শওকত আলী, মো. মাসুদ করিম, মো. শফিকুল ইসলাম, মো. জিললুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, ডাকসু নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরাও অংশ নেন।

  • ২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ: ডিএমপি কমিশনার

    ২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ: ডিএমপি কমিশনার

    এবিএনএ:  ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ২০১৮ সালের কলঙ্কজনক নির্বাচনের পর পুলিশের যে বদনাম হয়েছিল, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সেই বদনাম ঘোচানোর একটি সুযোগ তৈরি হয়েছে। আগামী নির্বাচন দেশে-বিদেশে সর্বজন গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকভাবে কাজ করবে পুলিশ।

    শুক্রবার রাতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ক্র্যাব নাইট’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে ক্র্যাবের পক্ষ থেকে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরকে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়াও ক্র্যাবের বর্তমান কার্যনির্বাহী কমিটি ও ২০২৪ সালের কমিটির নেতা এবং চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ক্র্যাব সদস্যদের সন্তানদের সম্মাননা দেওয়া হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সংগীতশিল্পী আসিফ আকবর, জ্যোতি ও তরুণ মুন্সী।

    তিনি বলেন, জুলাই আন্দোলনে পুলিশের অনেক সদস্য মারা গেছেন, পুলিশের বিভিন্ন স্থাপনারও ক্ষতি হয়েছে। বড় ক্ষতি হয়েছে পুলিশের মনোবলের। আমরা সম্মিলিত প্রচেষ্টায় পুলিশের মনোবল পুনরুদ্ধার করতে পেরেছি।

    ক্র্যাবের সাবেক সভাপতি ও বর্তমানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানান।

    অনুষ্ঠানে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এমএম বাদশাহ্সহ কার্যনির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।