এবিএনএ: সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি বন্ধে এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশে কার্যরত মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি) নেটওয়ার্ক। রবিবার (২ নভেম্বর) সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি বন্ধের আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক যৌথ বিবৃতি প্রকাশ করে সংগঠনটি।
বিবৃতিতে এমএফসি বাংলাদেশের গণমাধ্যম খাত সংস্কারে সরকারের প্রতিশ্রুতি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে মিডিয়া রিফর্ম কমিশনের সুপারিশ বাস্তবায়নের প্রচেষ্টাকে স্বাগত জানায়।
এমএফসি জানায়, সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধে দায়মুক্তির অবসান এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা এখন সময়ের দাবি। এজন্য সকল পক্ষকে জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় রাখতে উৎসাহিত করা হচ্ছে।
এই যৌথ বিবৃতিতে সই করেছে ১৩টি দেশ— অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কসোভো, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা যেন তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় নিরাপদ পরিবেশ পান, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারী সাংবাদিকদের বিরুদ্ধে অনলাইন সহিংসতা ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।
এমএফসি আরও জানায়, গণমাধ্যমে লিঙ্গ সমতা ও স্বাধীনতার পরিবেশ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে। এটি কেবল সাংবাদিকদের নয়, গণতান্ত্রিক সমাজের টিকে থাকার জন্যও অপরিহার্য।

