এবিএনএ: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছে শহরটি। মঙ্গলবার দুপুরে ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি (এফসি) সদরদপ্তরের কাছাকাছি এ বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যম ডন জানায়, বিস্ফোরণের পরপরই এলাকায় গোলাগুলির শব্দ শোনা যায়। হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করে চিকিৎসকদের কর্মস্থলে থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ব্যস্ত সড়কে যান চলাচলের সময় হঠাৎ করেই বিস্ফোরণ হয়। এর ফলে পাশে থাকা বাসের যাত্রী ও পথচারীরা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হন। বিস্ফোরণে আশপাশের ভবনের জানালার কাচ চূর্ণ হয়ে যায়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বোমাটি ছিল অত্যন্ত শক্তিশালী।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে এটিকে ‘ভারত-সমর্থিত সন্ত্রাসীদের কাজ’ বলে অভিহিত করেছেন। প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, এ হামলার পেছনে রয়েছে ‘ফিতনা-আল-খাওয়ারিজ’ নামের গোষ্ঠী, যেটি তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর নিষিদ্ধ শাখা।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, এ ধরনের হামলা পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না। অন্যদিকে, বেলুচিস্তান প্রাদেশিক সরকার জানিয়েছে, বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে চার সন্ত্রাসীকে হত্যা করেছে।
