Tag: অর্থ উপদেষ্টা

  • আর্থিক খাত ধ্বংসের কিনারায় নিয়ে গেছে আ.লীগ সরকার: অর্থ উপদেষ্টা

    আর্থিক খাত ধ্বংসের কিনারায় নিয়ে গেছে আ.লীগ সরকার: অর্থ উপদেষ্টা

    এবিএনএ: আওয়ামী লীগ সরকার আর্থিক খাতে নজিরবিহীন অপশাসনের মাধ্যমে এ খাতকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২ জুন) বিকালে সোমবার (২ জুন) বিকালে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে বাজেট প্রস্তাব উপস্থাপনকালে একথা জানান অর্থ উপদেষ্টা।

    অর্থ উপদেষ্টা জাতির সামনে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট। এর আগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরের বাজেট বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মাধ্যমে ঘোষণা করেছিলেন।

    বাজেট প্রস্তাবে অর্থ উপদেষ্টা বলেন, আর্থিক খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে। অনেক ঋণ খেলাপি হয়ে গেলেও সেগুলো বারবার পুনঃতফসিলিকরণের মাধ্যমে আসল অবস্থা গোপন রাখা হয়েছে। তবে বর্তমান বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ঋণ শ্রেণিকরণ ও প্রভিশনিং পদ্ধতি চালু করেছে। এর ফলে ব্যাংক খাতে খেলাপি ঋণের প্রকৃত চিত্র সামনে আসতে শুরু করেছে। ২০২৩ সালের জুন মাসে খেলাপি ঋণের হার ছিল ১০ দশমিক ১১ শতাংশ। ২০২৪ সালের ডিসেম্বর শেষে দাঁড়িয়েছে ২০ দশমিক ২০ শতাংশে। অর্থাৎ খেলাপি ঋণ প্রায় দ্বিগুণ হয়েছে।

    ড. সালেহউদ্দিন বলেন, বিগত ১৫ বছরে আর্থিক খাতে নজিরবিহীন অপশাসনের মাধ্যমে এ খাতকে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে। ৫ আগস্ট ২০২৪ এর রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ব্যাংকিং খাতের দীর্ঘদিনের কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা, সুশাসন প্রতিষ্ঠা ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে সরকার গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে। ব্যাংকের মূলধন ঘাটতি, তারল্য সংকট, দেউলিয়াত্ব বা অস্তিত্বের জন্য হুমকি এমন সব ঝুঁকির সময়োপযোগী সমাধান এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতকরণে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ প্রণয়ন করা হয়েছে।

    তিনি আরও বলেন, সংস্কারের অংশ হিসেবে তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। যার প্রধান উদ্দেশ্য হলো- (ক) ব্যাংকিং খাত সংস্কার কর্মসূচির ভিত্তি তৈরি করতে ব্যাংকগুলোর সম্পদের ব্যাপক গুণগত পর্যালোচনা করা, (খ) নীতি ও প্রবিধানসমূহের কার্যকর প্রয়োগ নিশ্চিতকরণে এবং ব্যাংকিং ব্যবস্থায় সুশাসন বজায় রাখতে বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করা এবং (গ) দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চুরি/পাচার হওয়া সম্পদ উদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণ করা।

  • চ্যালেঞ্জের পাহাড়ে অর্থনীতি, বাজেট ঘিরে স্পষ্ট বার্তা অর্থ উপদেষ্টার

    চ্যালেঞ্জের পাহাড়ে অর্থনীতি, বাজেট ঘিরে স্পষ্ট বার্তা অর্থ উপদেষ্টার

    এবিএনএ: 

    বাংলাদেশের অর্থনীতি এখন নানা সংকট ও চ্যালেঞ্জের মুখোমুখি। শুধু অর্থ মন্ত্রণালয় নয়, গোটা অর্থনৈতিক ব্যবস্থাকেই চাপের মধ্য দিয়ে পরিচালনা করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশের সাবেক গভর্নর ও বর্তমান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

    শুক্রবার রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইকোনমিক অলিম্পিয়াড ২০২৫’-এর জাতীয় পর্যায়ের মূল পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এই অলিম্পিয়াডের আয়োজক কমিটির চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

    অর্থ উপদেষ্টা বলেন, “অনেকে আমাদের সমালোচনা করেন। বলেন আমরা অদক্ষ। সমালোচনা থাকবেই, তবে এসব মন্তব্য বিদেশে আমাদের ইমেজের উপর নেতিবাচক প্রভাব ফেলে।”

    তিনি আরও বলেন, “এবারের বাজেটে কর ছাড় নিয়ে অনেক আলোচনা হয়েছে। বাজেট পেশের পরপরই বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হবে। সাধারণ জনগণের জন্য গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) তাদের সব শর্ত চাপিয়ে দিতে পারেনি। আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক সমাধানে পৌঁছানো গেছে।”

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন, ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফ এবং পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী।

    সিপিডির নির্বাহী পরিচালক বলেন, “প্রতি দশকে প্রবৃদ্ধি ১ শতাংশ করে বাড়লেও সেই প্রবৃদ্ধির সুফল সবার কাছে পৌঁছায়নি। কর্মসংস্থান সৃষ্টি হয়নি পর্যাপ্ত পরিমাণে। তরুণ বেকারত্ব বেড়েছে এবং সর্বোপরি, দীর্ঘমেয়াদী মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ দিশেহারা।”

    অনুষ্ঠানে এবার সারা দেশের ২০ হাজার প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করা ৫ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। তাঁদের হাতে তুলে দেওয়া হয় স্মার্টফোন ও ল্যাপটপ। এই প্রতিভাবান পাঁচজন আজারবাইজানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ইকোনমিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

    সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর বলেন, “অর্থনীতি এক প্রয়োগধর্মী বিজ্ঞান। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অর্থনৈতিক চিন্তায় দক্ষ করে তুলতে স্কুল-কলেজ থেকেই এর জনপ্রিয়তা বাড়ানো জরুরি।”