সংসদ নির্বাচনের সূচিতে বদল: তফসিলের গুরুত্বপূর্ণ তারিখে আংশিক সংশোধন আনল ইসি

এবিএনএ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে আংশিক সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর প্রকাশিত প্রজ্ঞাপনের কিছু গুরুত্বপূর্ণ তারিখ ও তথ্য সংশোধন করে নতুন একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শনিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে সংশোধিত এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এতে মূলত তিনটি উল্লেখযোগ্য পরিবর্তনের কথা জানানো হয়েছে।

সংশোধিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১১-এর দফা (১) অনুযায়ী জাতীয় সংসদ গঠনের লক্ষ্যে প্রতিটি নির্বাচনি এলাকা থেকে একজন সদস্য নির্বাচনের সময়সূচি সংবলিত গেজেটে সংশোধন আনা হয়েছে।

এছাড়া বাংলাদেশ গেজেটের ১৩৩০৫ পৃষ্ঠায় সংবিধানের ১২৩ অনুচ্ছেদের অধীন উল্লেখিত কিছু শব্দ ও চিহ্ন বাতিল করা হয়েছে। একই পৃষ্ঠায় মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত ২১–২৭ পৌষ (৫–১১ জানুয়ারি), সোমবার থেকে রবিবার সময়সীমার পরিবর্তে নতুন সময় নির্ধারণ করা হয়েছে ২১–২৫ পৌষ (৫–৯ জানুয়ারি), সোমবার থেকে শুক্রবার।

অন্যদিকে, গেজেটের ১৩৩০৬ পৃষ্ঠায় আপিল নিষ্পত্তির তারিখেও সংশোধন আনা হয়েছে। আগে নির্ধারিত ২৮ পৌষ–৪ মাঘ (১২–১৮ জানুয়ারি), সোমবার থেকে রবিবার সময়ের পরিবর্তে নতুন করে নির্ধারণ করা হয়েছে ২৬ পৌষ–৪ মাঘ (১০–১৮ জানুয়ারি), শনিবার থেকে রবিবার।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচন কার্যক্রমকে আরও সুষ্ঠু ও সময়োপযোগী করতে এসব সংশোধন আনা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *