বলিউডে পা রাখার আগেই ট্রলের শিকার শানায়া কাপুর, বিতর্ক ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

এবিএনএ:  বলিউডে অভিষেকের আগেই সমালোচনার তীরে বিদ্ধ হলেন শানায়া কাপুর। তার প্রথম ছবি মুক্তির আগেই এক সাক্ষাৎকারে দেওয়া মন্তব্য ঘিরে তোলপাড় নেট দুনিয়া।

‘আঁখো কি গুস্তাখিয়াঁ’ ছবির মাধ্যমে ১১ জুলাই বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন বলিউড অভিনেতা সঞ্জয় কাপুর ও মাহিপ কাপুরের মেয়ে শানায়া। এই ছবিতে তাঁর বিপরীতে থাকছেন ‘টুয়েলভ ফেল’ খ্যাত বিক্রান্ত ম্যাসি। তবে সিনেমার চেয়ে এখন আলোচনার কেন্দ্রে শানায়ার একটি সাক্ষাৎকার।

বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে শানায়া বলেন, “খ্যাতির সঙ্গে সমালোচনাও আসে। আমি সেই সমালোচনা থেকে শিখেছি, নিজেকে গড়েছি।” তিনি আরও বলেন, “আমি গর্বিত যে তারকাদম্পতির সন্তান হিসেবে বড় হয়েছি। আমার বেড়ে ওঠার পরিবেশ আমি বদলাতে চাই না।”

শানায়া নিজের যাত্রা নিয়ে বলেন, “আমার এই জায়গায় পৌঁছানোর পেছনেও গল্প আছে। আমি খুশি, ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।”

তবে ‘সংগ্রাম’ প্রসঙ্গে তাঁর বক্তব্য নিয়েই শুরু হয়েছে বিতর্ক। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেন, “ওর সংগ্রাম ছিল লিভিং রুম থেকে মেকআপ চেয়ারে পৌঁছানো।” আরেকজন লিখেছেন, “বাস্তবতা থেকে বিচ্ছিন্ন—সংগ্রাম নিয়ে মজা করছে!”

আরও কেউ লিখেছেন, “ফিল্মি পরিবারে জন্মে, করণ জোহরের ছায়ায় বড় হওয়া কেউ কীভাবে সংগ্রামের কথা বলে?”

তবে বিতর্কের মাঝেও শানায়া নিজেকে গুটিয়ে নেননি। তিনি বলেন, “হ্যাঁ, আমি স্বীকার করি, আমার পথ অনেকের তুলনায় সহজ। তবে এই ইন্ডাস্ট্রির প্রতিযোগিতা, অনিশ্চয়তা আমাকে অনেক কিছু শিখিয়েছে।”

উল্লেখ্য, এর আগে করণ জোহরের প্রযোজনায় ‘বেধড়ক’ নামে একটি ছবিতে শানায়ার নাম থাকলেও সে প্রকল্প আলোর মুখ দেখেনি। তাই বাস্তব অভিষেক ঘটছে ‘আঁখো কি গুস্তাখিয়াঁ’ দিয়েই। তবে অভিনয়ের আগেই ট্রল সামাল দেওয়াটাই এখন তার জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *