জেলার খবরবাংলাদেশ

সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা, পর্যটকদের ফিরতে হবে ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। অনিবার্য কারণ দেখিয়ে রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকে পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকবে।

একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে পর্যটন এলাকা ছেড়ে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার সন্ধ্যা ৭টার দিকে জেলা প্রশাসকের মিডিয়া সেল থেকে জারি করা জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী।

১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সাজেক ছাড়ার নির্দেশ

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নির্দেশ কার্যকর হওয়ার পর থেকে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ থাকবে।

এ অবস্থায় বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের নির্ধারিত সময়ের মধ্যে এলাকা ত্যাগ করে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

অবরোধে আটকে পড়েন পর্যটকেরা

এর আগে রোববার সকাল ৬টা থেকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়। এতে সাজেক-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড দেওয়ায় দুই দিক থেকে যাতায়াতকারী পর্যটক ও যানবাহন মাঝপথে আটকা পড়ে।

সাধারণত খাগড়াছড়ি ও সাজেকের মধ্যে পর্যটকদের যাতায়াতের জন্য প্রতিদিন দুই দফায় সেনাবাহিনীর এসকর্টের ব্যবস্থা থাকে। তবে অবরোধের কারণে রোববার একবার এসকর্ট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছিল।

সে অনুযায়ী, খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশে যাওয়া পর্যটকেরা বাঘাইহাটের গঙ্গারাম উজোবাজার এলাকায় পৌঁছালে তাঁদের আটকে দেওয়া হয়। অন্যদিকে সাজেক থেকে বের হওয়া পর্যটকেরাও মাচালং এলাকায় আটকা পড়েন।

অবরোধ প্রত্যাহারের পর শুরু হয় যাত্রা

প্রশাসনের সঙ্গে আলোচনা ও আশ্বাসের পর রোববার বিকেল ৫টার দিকে অবরোধকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন। এরপর দুই পাশে আটকে থাকা পর্যটকেরা সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সহায়তায় নিজ নিজ গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করেন।

তবে অবরোধ প্রত্যাহার করা হলেও জেলা প্রশাসনের সিদ্ধান্তে সাজেক পর্যটনকেন্দ্র বন্ধই থাকছে। ফলে সেখানে ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকদের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে। আর বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button