Blog

  • আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের এফ-১৬ বিধ্বস্ত

    আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের এফ-১৬ বিধ্বস্ত

    এবিএনএ : আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি থেকে উড্ডয়নকালে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমান থেকে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

    পেন্টাগনের প্রেস সেক্রেটারি পিটার কুক জানান, বিমানটি স্থানীয় সময় রাত সাড়ে ৮ টার দিকে বিধ্বস্ত হয়। কুক বলেন, জোট বাহিনী বিধ্বস্ত হওয়ার যায়গাটি ঘিরে রেখেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হবে।

    তবে তালেবানের দাবি, তাদের যোদ্ধারা বিমানটি গুলি করে ভূপাতিত করেছে। বিমানটির সকল আরোহী নিহত হয়েছে। এর জবাবে কুক বলেন, শত্রু পক্ষের হামলায় বিমানটি ভূপাতিত হয়েছে তাৎক্ষণিকভাবে এমন কোন ইঙ্গিত পাওয়া যায়নি।

  • শাহবাগে লাঠিপেটা, কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ নার্সদের অবরোধ

    শাহবাগে লাঠিপেটা, কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ নার্সদের অবরোধ

    এবিএনএ : বিভিন্ন দাবিতে শাহবাগ মোড়ে অবরোধকারী নার্সদের লাঠিপেটা এবং কাঁদানে গ্যাস ও জলকামান ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় সাতজন নার্স আহত হন।

    বুধবার বেলা দুইটার দিকে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।

    আহত সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তারা হলেন- আসমা আক্তার (২৫), মুকুল (২৬), ইমরান (২৫), অম্বিকা (২৫), আবদুল লতিফ (২৭), সাইফুল ইসলাম (২৯) ও সালাউদ্দিন (২৮)।

    ‘সিনিয়র স্টাফ নার্স’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল এবং মেধা, যোগ্যতা ও সিনিয়রিটির ভিত্তিতে নার্স নিয়োগের দাবিতে বেলা সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে অবরোধ করে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ) ও বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটি (বিজিএনএস)।

    অবরোধের সময় নার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কমর্সূচি চলবে। পাশাপাশি আমরণ অনশন করার হুঁশিয়ারিও দেন তারা।
    অবরোধের কারণে শাহবাগ মোড় সন্নিহিত সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে এসব সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

    শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, জনদুর্ভোগ ও যানজটের কথা বিবেচনা করে প্রথমে অবরোধকারীদের সড়ক থেকে সরার জন্য অনুরোধ করা হয়। কিন্তু তারা নিজেদের অবস্থানে অনড় থাকলে পুলিশ ‘অ্যাকশনে’ যায়।

    পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়ার পর শাহবাগ এলাকায় আবার যান চলাচল শুরু হয়। তবে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার কারণে সৃষ্ট যানজটের প্রভাবে বর্তমানে থেমে থেমে যানবাহন চলছে।

    বিভিন্ন দাবিতে গত রবিবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন।

    গত ৮ ডিসেম্বর মুখ্য সচিবের সভাপতিত্বে নার্সিং পেশার সার্বিক অগ্রগতি ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নসংক্রান্ত বৈঠক হয়। কিন্তু এর দুই দিন পর বাংলাদেশ সরকারি কর্মকমিশনের মাধ্যমে পরীক্ষা নিয়ে ২০১৫ সালে ২২ ডিসেম্বরের মধ্যে নার্স নিয়োগের প্রথম স্তরের নিয়োগ বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে হতাশ ও ক্ষোভ প্রকাশ করে আন্দোলনের ডাক দেন বেকার নার্সরা। এরই ধারাবাহিকতায় বুধবার অবরোধ কর্মসূচি করেন তারা।

  • নিজের সেক্স টেপ নিজেই ফাঁস করেন কিম!

    নিজের সেক্স টেপ নিজেই ফাঁস করেন কিম!

    এবিএনএ : মার্কিন টিভি তারকা কিম কারদাশিয়ান প্রথম আলোচনায় আসেন ২০০৩-০৪ সালের দিকে, যখন সাবেক প্রেমিক রেই জের সঙ্গে তার সেক্স টেপ ফাঁস হয়ে যায়। ইয়ান হালপেরিন নামে এক লেখকের দাবী, কিম এবং তার মা ক্রিস জেনার পরিকল্পনা করেই টেপটি প্রকাশ করেন।
    সে সময় অবশ্য ভিডিও টেপটির বিপনন প্রতিষ্ঠান ভিভিড এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে মামলাও করেছিলেন কিম। তবে এসব কিছুর বিরুদ্ধেই প্রশ্ন তুলেছেন হালপেরিন তার ‘কারদাশিয়ান ডায়নেস্টি: দ্য কন্ট্রোভারশিয়াল রাইজ অফ আমেরিকাস রয়াল ফ্যামিলি’ বইটিতে। তার মতে এসবই ছিল বড় এক পরিকল্পনার অংশ।

    সাংবাদিক এবং লেখক হালপেরিন একটি যৌনতানির্ভর চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠানের এক সূত্রের বরাত দিয়ে বলছেন, “কিম এবং প্যারিস হিলটনের এক বন্ধু তাকে পরামর্শ দিয়েছিলেন, যদি তিনি খ্যাতির স্বাদ পেতে চান তবে সেক্স টেপই তাকে সবচেয়ে বেশি সাহায্য করবে।” এরপরই কিম তার পরিবারের সঙ্গে এই সেক্স টেপ নির্মাণের ব্যাপারে কথা বলেন। তবে সব কিছুর মূল হোতা ছিলেন কিমের মা ক্রিস। হালপেরিন বলছেন, “পুরো বিষয়টির নিয়ন্ত্রণ ছিল কিমের মা ক্রিসের হাতে এবং তার জন্যই এই টেপটি সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে।”
    ভিভিড এন্টারটেইনমেন্টও এক বিবৃতিতে জানায়, “কোনো সেক্স টেপ বিপণনের জন্য দু পক্ষেরই সম্মতি থাকার প্রয়োজন রয়েছে।”
    এসব দাবীকে অবশ্য ভ্রান্ত বলেই দাবী করছে কারদাশিয়ান পরিবার।

  • হোয়াইট হাউসে মিশেলের দৌড়

    হোয়াইট হাউসে মিশেলের দৌড়

    এবিএনএ : হোয়াইট হাউসের সাউথ লনে শিশুর মেলা। শিশুরা হাসছে, খেলছে, দৌড়াচ্ছে। সঙ্গে দৌড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা। বারান্দায় হাসিমুখে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

    গত সোমবার ইস্টার মানডে উপলক্ষে হোয়াইট হাউসে ছিল হাজারো শিশুর নিমন্ত্রণ। রংবেরঙের পোশাকে শিশুরা জড়ো হয় সেখানে। ঝলমলে রোদে মিশেলের সঙ্গে মজার মজার খেলায় মেতে ওঠে তারা। আনন্দ থেকে বাদ যায়নি ওবামা পরিবারের দুই পোষা কুকুর বো ও সানিও। শিশুদের জন্য ছিল ঐতিহ্যবাহী মস্ত বড় ইস্টার এগ রোল। ছিল ইস্টার বানি বা শিশু খরগোশের পুতুল।

    এক শিশুকে নিয়ে আদর করছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এএফপিইস্টার মানডে উপলক্ষে ইস্টার এগ রোলের এই প্রচলন বহু পুরোনো। ১৮৭৮ খ্রিষ্টাব্দ থেকে এটি চলে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে অনুষ্ঠানে অনেক বদল এসেছে। যুক্ত হয়েছে গল্প বলা, গানবাজনা, শরীরচর্চার পরামর্শ, বাস্কেটবল, টেনিস। রয়েছে রান্নার পরামর্শ বা যোগব্যায়াম। এ বছর ফার্স্ট লেডি এই অনুষ্ঠানে আরও একটি নতুনত্ব এনেছেন। তা হলো মজার দৌড় প্রতিযোগিতা। মার্কিন শিশুদের স্থূলতা কমানোও এই দৌড়ের লক্ষ্য।

    দৌড়ের আগে মিশেল রীতিমতো উত্তেজিত। বলেন, ‘হোয়াইট হাউসের চারপাশে একদল শিশুর সঙ্গে দৌড় শুরু করছি।’ বারান্দায় দাঁড়ানো ওবামাও কম যান না। মজা করে জানতে চান, দৌড়ে তিনিও যোগ দিতে পারবেন কি না?

    ইস্টার মানডেতে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামা। ছবি: এএফপি৩৫ হাজারের বেশি মানুষ ওই দিন হোয়াইট হাউসের সাউথ লনে হাঁটার জন্য টিকিট কাটেন। রাতে বৃষ্টি থাকলেও ওই দিন সকালে ঝলমলে রোদ ওঠে। এ বছর ইস্টার মানডের এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল, ‘চলো আনন্দ করি।’

    ফার্স্ট লেডি বলেন, এবারের ইস্টার মানডেতে তিনি পরিবার ও সাধারণ মানুষের সঙ্গে আনন্দ করতে চান। এটি তাঁদের জন্য একধরনের বৈচিত্র্য। শিশুদের সঙ্গে এই আনন্দ তাঁদের মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে।

  • মিয়ানমারে ৫০ বছরে প্রথম বেসামরিক প্রেসিডেন্টের শপথ

    মিয়ানমারে ৫০ বছরে প্রথম বেসামরিক প্রেসিডেন্টের শপথ

    এবিএনএ : মিয়ানমারের নবনির্বাচিত প্রেসিডেন্ট থিন কিউ শপথ নিয়েছেন। ৫০ বছরের বেশি সময় পর মিয়ানমার প্রথম বেসামরিক প্রেসিডেন্ট পেল। আজ বুধবার এবিএনএ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    দেশটির সাধারণ নির্বাচনে জয়ী ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সমর্থিত প্রেসিডেন্ট থিন কিউয়ের হাতে আজ আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করা হয়। সেনা-সমর্থিত বিদায়ী প্রেসিডেন্ট থেইন সেইনের কাছ থেকে ক্ষমতা নেন তিনি।
    মিয়ানমারের গণতন্ত্রে ফেরার লক্ষ্যে থেইন সেইন তাঁর পাঁচ বছরের শাসনামলে বড় ধরনের সংস্কার-কার্যক্রম শুরু করেন। এরই ধারাবাহিকতায় দেশটিতে ক্ষমতার পালাবদল হলো।

    এনএলডির জয়ের পর মিয়ানমারে বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছিল। আজ নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের মধ্য দিয়ে তা পূর্ণতা পেল।

    গত বছরের নভেম্বরে মিয়ানমারে ঐতিহাসিক সাধারণ নির্বাচন হয়। এতে এনএলডি বিপুল বিজয় অর্জন করে। কিন্তু দলটির নেত্রী অং সান সু চি সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে প্রেসিডেন্ট হতে পারেননি। তবে সু চির মনোনীত প্রার্থী থিন কিউ সহজেই প্রেসিডেন্ট নির্বাচিত হন।
    সু চির ঘনিষ্ঠ ও অনুগত হিসেবে নতুন প্রেসিডেন্টের পরিচিতি রয়েছে। তাই কার্যত দলের পাশাপাশি তিনিই দেশ চালাবেন বলে মনে করা হচ্ছে। সু চি নিজেও তেমনটাই আভাস দিয়েছেন।

  • অটিজম সচেতনতার সেমিনার জাতিসংঘে মূল প্রবন্ধ পড়বেন সায়মা ওয়াজেদ

    অটিজম সচেতনতার সেমিনার জাতিসংঘে মূল প্রবন্ধ পড়বেন সায়মা ওয়াজেদ

    এবিএনএ : বিশ্ব অটিজম দিবস উপলক্ষে জাতিসংঘের সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) বিশেষজ্ঞ পরামর্শক প্যানেলের সদস্য ও বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারম্যান সায়মা ওয়াজেদ হোসেন।

    আগামী ১ এপ্রিল যুক্তরাষ্ট্র সময় বিকেল ৩টায় জাতিসংঘের সদরদপ্তরে অটিজম মোকাবেলা: এসডিজির আলোকে বিশ্ব সম্প্রদায়ের কৌশল শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন এ তথ্য জানান। তিনি বলেন, দিনব্যাপী এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন ছাড়াও সায়মা ওয়াজেদ হোসেন সকাল ১১টায় বৈষম্য দূরীকরণ শীর্ষক আরেকটি অনুষ্ঠানের সঞ্চালক হিসেবেও দায়িত্ব পালন করবেন।

    সেমিনারে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন, জাতিসংঘ কম্যুনিকেশন ও পাবলিক ইনফরমেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল, জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট, সদস্য দেশগুলোর প্রতিনিধি ও বিভিন্ন সংস্থার নির্বাহীরা উপস্থিত থাকবেন। এতে মিসেস বান কি-মুনও অংশ নেবেন। বাংলাদেশ, ভারত, কাতার, দক্ষিণ কোরিয়া ও অটিজম স্পিকস যৌথভাবে এ সেমিনারের আয়োজন করেছে। পুরো অনুষ্ঠানই জাতিসংঘের UN WEB TV সরাসরি সম্প্রচার করবে।

  • মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একাংশ খুলল

    মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একাংশ খুলল

    এবিএনএ : মগবাজার-মৌচাক ফ্লাইওভারের তেজগাঁও থেকে হলিফ্যামিলি হাসপাতাল পর্যন্ত অংশটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। বুধবার বেলা পৌনে ১১টার দিকে ফ্লাইওভারের ডব্লিউ-ফোর নামের অংশটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    প্রকল্প পরিচালক নাজমুল আলম জানান, নির্মাণাধীন মগবাজার-মৌচাক পুরো ফ্লাইওভার তিন ধাপে চালু হওয়ার কথা রয়েছে।
    প্রথম ধাপে আজ ফ্লাইওভারটির হলি ফ্যামিলি হাসপাতাল থেকে সাতরাস্তা পর্যন্ত ২.১১ কিলোমিটার অংশ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হলো।

    মগবাজার-মৌচাক ফ্লাইওভারটির নির্মাণকাজ শুরু হয় ২০১৩ সালে। এরপর কয়েকদফা মেয়াদ বৃদ্ধির পাশাপাশি এর নির্মাণ ব্যয়ও ৩৪৩ কোটি টাকা থেকে বেড়ে দাড়ায় ১২শ কোটি টাকা।

  • ‘ফখরুলকে ফুল দেওয়ার সুযোগও দিল না সরকার’

    ‘ফখরুলকে ফুল দেওয়ার সুযোগও দিল না সরকার’

    এবিএনএ : বিএনপির মহাসচিব হওয়ার ঘণ্টা পার হতে না হতেই আদালতের নির্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দলটি। দলের সদ্য মনোনীত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিং করে এই নিন্দা প্রকাশ করেন।

    রিজভী এ সময় বলেন, মিথ্যা মামলায় মির্জা ফখরুলকে কারাগারে পাঠানো হয়েছে। কিছুক্ষণ আগেই তাঁকে দলের মহাসচিব বানানো হয়েছে। নেতা-কর্মীরা ফুল নিয়ে অপেক্ষা করছিলেন তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য। তাঁকে ফুল দেওয়ার সুযোগও দিল না সরকার। তাঁর দাবি, মির্জা ফখরুলকে মহাসচিব ঘোষণা করার পর রাজনৈতিক গতিধারা কোন দিকে যায়, সে জন্যই তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

    আজ সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে রিজভী জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির মহাসচিব মনোনীত করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

    মির্জা ফখরুল দীর্ঘদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। আজ তাঁকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়।
    এদিকে দুপুরের দিকে রাজধানীর পল্টন থানায় করা নাশকতার দুই মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মহানগর হাকিম গোলাম নবী। মির্জা ফখরুল আজ আদালতে আত্মসমর্পণ করে পল্টন থানার পৃথক তিন মামলায় জামিনের আবেদন করেন। আদালত একটি মামলায় তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন এবং বাকি দুটি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে ২০১৫ সালের শুরুতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটে। ওই বছরের ৬ জানুয়ারি মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তিনি জামিনে মুক্তি পান। গত বছরের নভেম্বরে পল্টন থানার তিন মামলায় তিনি জামিন চাইলে হাইকোর্ট তাঁকে তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন এবং নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেন। এ ব্যাপারে আপিল বিভাগে আবেদন করা হলে আপিল বিভাগ তাঁর জামিন ১৫ দিন বাড়িয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেন। আজ তিনি আদালতে যান এবং আদালত তাঁকে এ নির্দেশ দেন।

    মির্জা ফখরুলকে কারাগারে পাঠানোর নির্দেশের খবর নয়াপল্টনে পৌঁছালে রিজভীর নেতৃত্বে বিএনপির কার্যালয় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত একটি মিছিল গিয়ে আবার কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে ব্রিফিং করে মির্জা ফখরুলকে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা জানানো হয়।

  • ১৫ দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ ইসির

    ১৫ দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ ইসির

    এবিএনএ : সাতক্ষীরায় ভোটে অনিয়মের ঘটনায় অভিযুক্তদের আগামী ১৫ দিনের মধ্যে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আজ বুধবার সকাল ১১টা থেকে বেলা দুইটা পর্যন্ত সাতক্ষীরা জেলার এএসপি ও পাঁচ থানার ওসিকে নিয়ে অনুষ্ঠিত শুনানিতে এই নির্দেশনা দেয়া হয়।

    নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন। সাতক্ষীরা জেলার ভোট অনিয়মের ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ঢাকায় তলব করে নির্বাচন কমিশন। এই ঘটনায় কমিশনের সামনে পুলিশ সদস্যরা দুঃখ প্রকাশ করেন এবং দায়িত্ব অবহেলার জন্য পুলিশ কর্মকর্তাদের ভর্ৎসনা করে কমিশন।

  • যে দুটি কথা ভুলে গেলে বদলে যাবে আপনার জীবন

    যে দুটি কথা ভুলে গেলে বদলে যাবে আপনার জীবন

    এবিএনএ : যুক্তরাষ্ট্রের এক গবেষক জানিয়েছেন, দুটি কথা ভুলে যাওয়া বা পরিবর্তন করলেই নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে ইতিবাচক করা সম্ভব।
    বিবিসি তথ্য সূত্র থেকে জানা যায়, গবেষক বার্নার্ড রথ বলেন, মানুষের অনেক স্বভাবই আছে যার পরিবর্তন মানুষের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে পারে। কিছু কথা আছে যার পরিবর্তনও দৃষ্টিভঙ্গিকে নেতিবাচক থেকে ইতিবাচক করতে পারে। তাঁর কাছে সহজতম দুটি কথা হলো ‘কিন্তু’ (But) বা ‘করতে হবে’ (have to)। এই দুটি কথা ভুলে যেতে হবে অথবা এর পরিবর্তে অন্য কথা ব্যবহার করা যায়।
    ‘করতে হবে’র বদলে ‘করতে চাই’

    আমাকে গণিতে পাস করতে হবে, এ জন্য প্রয়োজন নিয়মিত গণিত ক্লাস। এই বাক্যটি যদি বলা হয় আমি গণিতে পাস করতে চাই, এ জন্য প্রয়োজন নিয়মিত গণিত ক্লাস। বাক্য দুটির মধ্যে অন্তর্গত অর্থ বদলে দিয়েছে ‘করতে হবে’ আর ‘করতে চাই’।
    করতে হবে বলার মধ্যে ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার গুরুত্ব পাচ্ছে না। কিন্তু যখন বলা হচ্ছে করতে চাই, তখন দৃঢ় ইচ্ছার কথা প্রকাশ পাচ্ছে।
    ‘কিন্তু’র বদলে ‘এবং’

    আমি সিনেমা দেখতে চাই কিন্তু আমার কাজ আছে। এর মানে দাঁড়াল সিনেমা দেখতে চাইলেও অজুহাত হিসেবে আছে কাজ। কিন্তু একই বাক্যটি যদি এভাবে বলা হয়। আমি সিনেমা দেখতে চাই এবং আমার কাজ আছে। এর মানেটা দাঁড়ায় দুটি কাজই আমি করতে চাই।
    গবেষক বার্নার্ড রথের মতে, কিন্তু বললে দুটি কাজের মধ্যে সংঘর্ষ বোঝায়। অপরদিকে ‘এবং’ বললে দুটি কাজই সম্ভব বোঝায়, শুধু সমাধান বের করতে হবে।