Blog

  • ‘রাজনীতিতে শুদ্ধাচার না থাকলে প্রশাসনেও সম্ভব নয়’

    ‘রাজনীতিতে শুদ্ধাচার না থাকলে প্রশাসনেও সম্ভব নয়’

    এবিএনএ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় রাজনীতিতে যদি শুদ্ধাচার প্রয়োগ করা না যায়, তাহলে প্রশাসনের কোথাও শুদ্ধাচার প্রয়োগ সম্ভব না। রাজনীতিতে আগে শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন করতে হবে।

    শনিবার সকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মপরিকল্পনায় উদ্ধৃত শুদ্ধাচার ও সুশাসনের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় তিনি এ কথা বলেন।

    কর্মশালায় সড়ক ও জনপথ অধিদপ্তরের ৬৫ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।

  • অধ্যাপনায় ফিরছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী

    অধ্যাপনায় ফিরছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী

    এবিএনএ : ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও প্রখ্যাত অর্থনীতিবিদ মনমোহন সিং আবার অধ্যাপনায় ফিরছেন। দীর্ঘ ১০ বছর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে তাঁর বয়স ৮৩ বছর।

    জানা গেছে, মনমোহন সিং ১৯৫৪ সালে ভারতের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম এ পাস করেন। পরে তিনি এই বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৬৬ সালে তিনি অধ্যাপনা ছেড়ে চলে যান যুক্তরাষ্ট্রে। সেখানে তিনি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন দপ্তরে ইকোনমিক অ্যাফেয়ার্স অফিসার হিসেবে যোগ দেন। পরে তিনি ভারতে এসে ১৯৮২ সালে ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর হন। এর পর ১৯৮৫ সালে তিনি প্লানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান হন। ১৯৯১ সালে ভারতের অর্থমন্ত্রী হন তিনি।

    ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত তিনি ছিলেন ভারতের রাজ্যসভার বিরোধী দলের নেতা। আর ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ছিলেন কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে বিদায় নেওয়ার পর পাঞ্জাব বিশ্ববিদ্যালয় তাঁকে বিশ্ববিদ্যালয়ের ‘জওহরলাল নেহরু’ চেয়ার গ্রহণের জন্য অনুরোধ জানালে তিনি তাতে সায় দেন। এ ব্যাপারে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অরুণ কুমার গ্রোভার বলেন, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ছাত্রছাত্রীদের পড়াতে রাজি হয়েছেন। এই খবর বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ায় শিক্ষার্থীদের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করেছে।

  • ‘রণবীর’ নিয়ে উভয়সংকটে দীপিকা!

    ‘রণবীর’ নিয়ে উভয়সংকটে দীপিকা!

    এবিএনএ : এমনিতেই বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জীবন যেন ‘রণবীরময়’। সাবেক প্রেমিক রণবীর কাপুর, যিনি এখনো তাঁর ভালো বন্ধু। আর বর্তমানে প্রেম করছেন রণবীর সিংয়ের সঙ্গে। তাই দীপিকার প্রসঙ্গ উঠলেই এসে যায় কোনো না কোনো রণবীরের নাম। দুই রণবীরকে নিয়ে এবার এই তারকার শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। কারণ, দুজনের মধ্য থেকে এবার যেকোনো এক রণবীরকেই বেছে নিতে হবে তাঁকে।

    দীপিকা পাড়ুকোন এখন যুক্তরাষ্ট্রে। হলিউডের ‘এক্স এক্স এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির শুটিং করছেন তিনি। এরই ফাঁকে বলিউডের কিছু ছবি নিয়েও কথাবার্তা চলছে নির্মাতাদের সঙ্গে। মাঝে কিছুদিনের জন্য মুম্বাই ফিরেছিলেন এই ‘পিকু’ তারকা। জানা গেছে, তখন রণবীর কাপুরের সঙ্গে একটি নতুন ছবিতে কাজ করার ব্যাপারে কথা হয়েছিল তাঁর। কিছুদিন আগে আবার আরেকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন এই অভিনেত্রী। সেখানে তাঁর সহশিল্পী হবেন রণবীর সিং।

    দীপিকার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দুটি ছবিরই চিত্রনাট্য পছন্দ হয়েছে দীপিকার। দুটি ছবিই বড় ব্যানারের। কিন্তু নায়িকার হাতে সময় আছে কেবল একটি ছবির। কাজেই যেকোনো একটি ছবিকেই বেছে নিতে হবে তাঁর।

    আর তা ছাড়া রণবীর কাপুরের সঙ্গে কাজ করলে বাদ দিতে হবে রণবীর সিংকে। এ নিয়ে খানিকটা চাপে থাকাই স্বাভাবিক।

    অবশ্য দীপিকা পাড়ুকোনের মুখপাত্র জানাচ্ছেন অন্য কথা। তিনি বলেছেন, এ রকম কোনো ছবিতে কাজ করার বিষয়ে দীপিকার নাকি কারও সঙ্গেই কোনো আলাপ হয়নি।

    এখন দারুণ ব্যস্ততাতেই দিন কাটছে দীপিকার। ‘এক্স এক্স এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির শুটিং শেষ করে তবেই বলিউডের অন্য কোনো ছবির কাজে হাত দিতে পারবেন তিনি। হলিউডের এই ছবিতে দীপিকার সহশিল্পী ভিন ডিজেল।

  • কে বেশি যোগ্য, হিলারি না বার্নি?

    কে বেশি যোগ্য, হিলারি না বার্নি?

    এবিএনএ : নিউইয়র্কে প্রাইমারি নির্বাচন সামনে রেখে দুই ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডার্স তুমুল বাগযুদ্ধে জড়িয়ে পড়েছেন। দুজনই হাতের মখমলের দস্তানা খুলে হাওয়ায় কথা চালাচালি করছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে কে বেশি যোগ্য, তা নিয়ে চলছে এই যুদ্ধ।

    কথাটা প্রথমে তুলেছিলেন হিলারি। বার্নি স্যান্ডার্স অযোগ্য—আক্ষরিকভাবে এ কথা তিনি বলেননি। তবে পরোক্ষভাবে হলেও তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। গত এক সপ্তাহে একাধিকবার আক্রমণের তির ছুড়েছেন। প্রথমে নিউইয়র্কে, পরে ফিলাডেলফিয়ার জনসভায় হিলারি প্রশ্ন তোলেন, স্যান্ডার্স নানা প্রস্তাব করেছেন বটে, কিন্তু তাঁর বেশির ভাগই বাস্তবসম্মত নয়।

    নিউইয়র্কে ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির পরবর্তী প্রাইমারি নির্বাচন ১৯ এপ্রিল। এই নির্বাচন সামনে রেখে সেখানকার ডেইলি নিউজ পত্রিকায় গত সপ্তাহে বার্নি একটি দীর্ঘ সাক্ষাৎকারে তাঁর অর্থনৈতিক পরিকল্পনা বিষয়ে বেশ কিছু কথা বলেন। এগুলোর জন্য হিলারির শিবির থেকে তাঁকে অস্বচ্ছ ও অগভীর বলে সমালোচনা করা হয়েছে। হিলারি বলেন, এসব কথা বলার আগে বার্নি ‘হোমওয়ার্ক’ করেননি।

    বার্নির ডেমোক্রেটিক পার্টির প্রতি আনুগত্য নিয়েও প্রশ্ন তোলেন হিলারি। তিনি বলেন, ভারমন্টের এই প্রবীণ সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে সিনেটে ভোটাভুটিতে অংশ নিলেও নিজেকে ‘স্বতন্ত্র’ ও ‘সমাজতন্ত্রী’ হিসেবে পরিচয় দিতেই ভালোবাসেন।

    জবাবে পাল্টা আঘাত হেনে বার্নি প্রশ্ন করেন, তাঁকে অযোগ্য বলার আগে হিলারি নিজে প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখেন কি না, ভাবা দরকার। তিনি বলেন, ওয়ালস্ট্রিট থেকে কোটি কোটি ডলার চাঁদা নেওয়ার পর হিলারি নিজেকে আর যোগ্য ভাবতে পারেন না।

    আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ প্রশ্নে বার্নির বিরোধিতা নিয়ে হিলারি বলেছেন, বেপরোয়া গুলিবর্ষণে যেসব স্কুলছাত্র মারা গেছে, তাদের মা-বাবার কাছে বার্নির ক্ষমা চাওয়া উচিত। পাল্টা অভিযোগ তুলে বার্নি বলেন, ইরাক যুদ্ধে যে হাজার হাজার মানুষ মারা গেল, হিলারির উচিত হবে তাদের পরিবারের কাছে ক্ষমা চাওয়া। তিনি দাবি করেন, ইরাক যুদ্ধ প্রস্তাবে সমর্থন অথবা পানামা মুক্ত বাণিজ্য চুক্তিতে সমর্থনের কারণে হিলারি প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা হারিয়েছেন।

    হিলারির যোগ্যতা নিয়ে বার্নির এই সমালোচনা হিলারির মিত্রদের কাছে ভালো লাগেনি। নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও ও মিসৌরির সিনেটর ক্লেয়ার ম্যাককস্কাল কঠোর সমালোচনা করে বলেন, ভারমন্টের এই স্বতন্ত্র সিনেটর ‘সীমা অতিক্রম করে যাচ্ছেন’।

    ক্লিনটনের সমর্থকেরা অবশ্য এ নিয়ে সচেতন যে স্যান্ডার্সকে কঠোর ভাষায় আক্রমণ করলে তার উল্টো ফল হতে পারে। হিলারি নিউইয়র্কে জনমত জরিপে বার্নির চেয়ে প্রায় ১০ পয়েন্টে এগিয়ে থাকলেও জাতীয় পর্যায়ে তিনি পিছিয়ে। জাতীয় পর্যায়ে মাত্র ৪৬ শতাংশ হিলারিকে সমর্থন করে। ৫০ শতাংশ সমর্থন করে না। মেয়েদের মধ্যে ৫৮ শতাংশ হিলারিকে সমর্থন করে না। হিলারি জাতীয় পর্যায়ে বার্নির চেয়ে এখন পর্যন্ত সামান্য এগিয়ে থাকলেও আফ্রিকান-আমেরিকান ও হিস্পানিকদের মধ্যে বার্নির সমর্থন দ্রুত বাড়ছে। ফলে এই স্বঘোষিত ‘গণতান্ত্রিক সমাজতন্ত্রী’–এর প্রতি ব্যক্তিগত আক্রমণ শুরু হলে তার নেতিবাচক প্রভাবের আশঙ্কা রয়েছে।

    এই আশঙ্কা মাথায় রেখে হিলারি গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে বলেছেন, বার্নি যোগ্য নন, এ কথা তিনি মোটেই বলেননি। যেকোনো রিপাবলিকান প্রার্থীর জায়গায় বার্নিকে সর্বদাই সমর্থন করবেন বলে তিনি জানান।

    ডেলিগেট ও সুপার ডেলিগেট সংখ্যার হিসাবে হিলারি সুবিধাজনক অবস্থায় থাকলেও বার্নি যে লড়াইয়ের ময়দান থেকে সরে দাঁড়াবেন না, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তার প্রধান কারণ, গত আট রাজ্যের প্রাইমারি নির্বাচনে সাতটিতে তিনি জিতেছেন। এর চেয়েও বড় কথা, গত তিন মাসে হিলারির চেয়ে অনেক বেশি চাঁদা তুলতে সক্ষম হয়েছেন বার্নি। যতক্ষণ তাঁর তহবিলে অর্থ আছে, ততক্ষণ রণে ভঙ্গ দেওয়ার কোনো চাপ তাঁর ওপরে নেই। অনেকেই মানেন, সুপার ডেলিগেটের কারণে জুলাই মাসের পার্টি কনভেনশনে দলীয় প্রার্থী হিসেবে হিলারিরই মনোনীত হওয়ার সম্ভাবনা বেশি। এ কারণে বার্নি ডেমোক্রেটিক সুপার ডেলিগেটদের কাছে যুক্তি দেখানো শুরু করেছেন। জনমত জরিপে দেখা যাচ্ছে, একমাত্র তিনিই সব রিপাবলিকান প্রার্থীকে সহজে পরাস্ত করতে সক্ষম। অতএব সুপার ডেলিগেটদের হিলারিকে নয়, তাঁকেই সমর্থন জানানো উচিত হবে।

    এখন পর্যন্ত কোনো সুপার ডেলিগেট মত বদলাননি। তবে অবস্থা বদলে যাবে, যদি বার্নি নিউইয়র্কে হিলারিকে হারিয়ে দিতে সক্ষম হন। এমনটা ঘটলে বার্নি দলের কাছে শুধু বেশি পছন্দেরই নয় রিপাবলিকানদের ঠেকাতে পারেন এমন প্রার্থী হিসেবেও শ্রদ্ধা অর্জন করতে পারবেন।

    মোট ডেলিগেট
    হিলারি ক্লিনটন (১৭৪৯), বার্নি স্যান্ডার্স (১০৬১)
    মনোনয়নের জন্য প্রয়োজন ২ হাজার ৩৮৩ ডেলিগেট

  • আমেরিকায় হামলা করতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র উ. কোরিয়ার হাতে

    আমেরিকায় হামলা করতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র উ. কোরিয়ার হাতে

    এবিএনএ : উত্তর কোরিয়া বলেছে দেশটি আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম’এর ইঞ্জিনের সফলপরীক্ষা করেছে। এতে দেশটি আমেরিকার ওপর পরমাণু পরীক্ষা চালানোর সক্ষমতা অর্জন করবে।

    এবিএনএ ও উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ আজ(শনিবার) খুব ভোরে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে দেশটির নেতা কিম জং-উন এ পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছেন এবং ব্যক্তিগত ভাবে তা নজরদারি করেছেন। অবশ্য পরীক্ষা কবে চালানো হয়েছে খবরে তা উল্লেখ করা হয় নি।

    এ পরীক্ষা প্রসঙ্গে কিম বলেছেন, এ সফলতা মার্কিন সাম্রাজ্যবাদ এবং অন্যান্য বৈরি শক্তির ওপর ভিন্ন ভাবে পরমাণু হামলা চালানোর নিশ্চয়তা উত্তর কোরিয়াকে দিয়েছে।

    পিয়ংইয়ং চলতি বছরের রাষ্ট্রীয় বাজেটের ১৫.৮ শতাংশ প্রতিরক্ষা খাতে বরাদ্দ করেছে। জানুয়ারি মাসের গোড়ার দিকে হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা করেছে উত্তর কোরিয়া।
    জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এর এক মাস পরে কক্ষপথে উপগ্রহ পাঠায় দেশটি। এ ছাড়া, চলতি বছরে কয়েক দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষাও করেছে দেশটি। এতে কোরিয় উপদ্বীপে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে।

  • রাজধানীতে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

    রাজধানীতে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

    এবিএনএ : রাজধানীর বনানীর রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে।

    ঢাকার কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
    ওসি জানান, তাৎক্ষণিকভাবে মৃত দুজনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশের এ কর্মকর্তা ধারণা করছেন, সকালে হাঁটতে গিয়ে দুর্ঘটনায় পড়তে পারেন ওই দুই ব্যক্তি।

  • ৪ মে পবিত্র শবে মেরাজ

    ৪ মে পবিত্র শবে মেরাজ

    এবিএনএ : পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে ১৪৩৭ হিজরি সনের পবিত্র রজব মাস। আগামী ২৬ রজব ১৪৩৭ হিজরি মোতাবেক ৪ মে ২০১৬ বুধবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল মি’রাজ পালিত হবে।

    আজ শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়য়ের যুগ্ম-সচিব মো. আমজাদ আলী।

    সভায় প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) শাখাওয়াত হোসেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবদুর রহমান, স্পারসোর সিএসও মো. শাহ আলম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. অহিদুল ইসলাম, ঢাকা আলিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান ও চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গত, রজব মাসের চাঁদ উঠার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় পবিত্র রমজান মাসের কাউন্টডাউন। এই মাসের ২৬ তারিখ দিবাগত রাত ইসলামের নবী মোহাম্মদ সা. ঊর্ধ্বকাশে গমন করেন এবং আল্লাহর দিদার লাভ করেন।

  • চলতি মাসেই এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ

    চলতি মাসেই এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ

    এবিএনএ : পাঁচ মাস বন্ধ থাকার পর এ মাসের শেষ দিক থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে আবার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। নতুন প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগের বিষয়টি প্রায় চূড়ান্ত। নিয়োগ প্রক্রিয়ার পুরোটাই সম্পন্ন হচ্ছে অনলাইনে।

    শিক্ষক নিয়োগের জন্য ইতোমধ্যে একটি সফটওয়্যার তৈরি করেছে এনটিআরসিএ। এতে সহযোগিতা করবে টেলিটক।
    নতুন পদ্ধতি অনুযায়ী, স্কুলগুলোকে কোনো নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশ করতে হবে না। এনটিআরসিকে নিজেদের চাহিদার কথা জানালেই শিক্ষক চূড়ান্ত করবে এনটিআরসি।

    এই প্রক্রিয়া চালু করতে এরই মধ্যে টেলিটক ও এনটিআরসিএ-এর মধ্যে চুক্তি হয়েছে। এসময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিতি ছিলেন।

    শিক্ষামন্ত্রী বলেন, এপ্রিল থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। প্রার্থীরা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবর্তে অনলাইনে এনটিআরসিএ বরাবর আবেদন করবেন।

    আবেদনের জন্য প্রার্থীদের টেলিটক মোবাইলের মাধ্যমে ১৮০ টাকা ফি দিতে হবে বলে জানা গেছে।

  • মুখ খুললেন ‘খলনায়ক’ অশ্বিন

    মুখ খুললেন ‘খলনায়ক’ অশ্বিন

    এবিএনএ : টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে রবিচন্দ্রন অশ্বিন ও হার্দিক পান্ডিয়ার দুটি ‘নো বল’ নিয়ে কম কথা হয়নি। ওই দুটি ‘নো বল’ই যে ভারতকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছিল। ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও যেটা অকপটেই স্বীকার করেছিলেন।

    আর সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ভারতের হারের জন্য কাঠগড়ায় দাঁড় করানো হয় অশ্বিন ও পান্ডিয়াকে। বিশেষ করে অশ্বিনকে। তার বলেই তো প্রথমবার ক্যাচ দিয়েও জীবন পেয়েছিলেন লেন্ডল সিমন্স। পরে পান্ডিয়ার বলে আরেকবার। সেই সিমন্সই শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক।

    অন্যদিকে খলনায়কে পরিণত হন অশ্বিন আর পান্ডিয়া। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার তো এটাও বলেছিলেন যে, স্পিনারের নো বল মোটেই গ্রহণযোগ্য নয়। তার মতে, পেসাররা অনেক সময় ইয়র্কার বা বাউন্সার করতে গেলে ‘ওভার স্টেপ’ হতে পারে। কিন্তু স্পিনারের কেন?

    ওয়াংখেড়ের সেই নো বলের ঘটনা এখনো ভুলতে পারেননি অশ্বিন। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাইজিং পুনে সুপারজায়ান্টসের উদ্বোধনী ম্যাচ-পূর্ববতী সংবাদ সম্মেলনেও উঠে এলো নো বল প্রসঙ্গ। এ নিয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে অশ্বিনকে প্রশ্ন করা হলে পুনের অফস্পিনার বলেন, ‘এই ঘটনার পর তিন দিন আমি কোনো সংবাদপত্র পড়িনি। কে কী বলছেন, সেটাও শুনিনি। কারণ আমি মনে করি একটি নো বলের জন্য আমাকে খলনায়ক বানানো ঠিক হয়নি।’

    কেন নো বল হয়েছিল তার কারণও ব্যাখ্যা করলেন অশ্বিন। সেদিন শিশির থাকার কারণে বল গ্রিপ করতে সমস্যা হচ্ছিল ভারতীয় স্পিনারের, ‘তখন শিশির ছিল বলে আমি ঠিকমতো বল করতে পারছিলাম না। তারপরও প্রথম ১২ বলে উইকেট পাওয়ার সুযোগ তৈরি করেছিলাম আমি।’

    ম্যাচ শেষে ধোনির দেওয়া বক্তব্যের প্রসঙ্গও উঠল এদিনের সংবাদ সম্মেলনে। এর পরেই অবশ্য পুনের মিডিয়া ম্যানেজার রাসেল রাধাকৃষাণ সাংবাদিকদের থামিয়ে দিয়ে বলেন, ‘মাফ করবেন, এটা আইপিএল; তাই এটা নিয়েই কথা হোক।’ পরে আইপিএল নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অশ্বিন।

  • এক দিনেই সব বন্দিকে স্থানান্তর: আইজি প্রিজন

    এক দিনেই সব বন্দিকে স্থানান্তর: আইজি প্রিজন

    এবিএনএ : নাজিম উদ্দিন রোড থেকে এক দিনেই সব বন্দিকে কেরানীগঞ্জের নতুন কেন্দ্রীয় কারাগারে সরিয়ে নেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন কারা-মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন।

    শুক্রবার ঢাকার কারা অধিদফতরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কর্মী ও তাদের সরঞ্জাম পর্যায়ক্রমে স্থানান্তর করা হলেও বন্দিদের সরানো হবে এক দিনে। পর্যায়ক্রমে স্থানান্তর করা হলে দুই জায়গার নিরাপত্তার বিষয়টি দেখতে হবে। এমনিতেই যথেষ্ট কারারক্ষী নেই। তাই একদিনে বন্দি স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    আগামী রবিবার কেরানীগঞ্জের নতুন কেন্দ্রীয় কারাগারের উদ্বোধন উপলক্ষে কারা অধিদফতর এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে কারা-মহাপরিদর্শক বলেন, ‘কেন্দ্রীয় কারাগারে বর্তমানে আট হাজারের মতো বন্দি আছে। এর মধ্যে নারী বন্দিদের কাশিমপুর কারাগারে আর বাকিদের কেরানীগঞ্জের নতুন কারাগারে পাঠানো হবে। একদিনে এতো বন্দি স্থানান্তর করতে প্রায় ২ হাজার ৫০০ প্রিজন ভ্যান দরকার। সারাদেশের ৬৮ কারাগারের সব প্রিজনভ্যান আনলেও সেই সংখ্যা হবে না। তারপরও আমরা একদিনেই বন্দিদের স্থানান্তর করব এবং সেটি অবশ্যই ছুটির দিনে হবে।’

    কোন তারিখে বন্দি স্থানান্তর হবে সে সিদ্ধান্ত সমম্বয় কমিটির সঙ্গে বৈঠক করে নেয়া হবে বলে ইফতেখার জানান। তিনি বলেন, ‘আমরা এপ্রিল মাসের মধ্যে কেরানীগঞ্জে যেতে চাই। যতো তাড়াতাড়ি হবে ততোই ভাল।’

    ১৭ একর আয়তনের পুরনো কারাগার থেকে ৩১ একরের নতুন কারাগারে যাওয়ার পর নিরাপত্তায় কোনো সমস্যা হবে কী না- এ প্রশ্নে মহাপরিদর্শক প্রয়োজনের তুলনায় কম কারারক্ষী থাকার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘নতুন লোকবল চাওয়া হয়েছে। অনুমোদন পেলে ওই সমস্যা দূর হয়ে যাবে।’