Blog

  • ঢাকা মহানগর আ’লীগকে দুই ভাগ করে কমিটি ঘোষণা

    ঢাকা মহানগর আ’লীগকে দুই ভাগ করে কমিটি ঘোষণা

    এবিএনএ : নতুন কমিটি পেল ঢাকা মহানগর আওয়ামী লীগ। ঢাকাকে দুই ভাগ করে রোববার নগরের উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করা হয়েছে।

    এছাড়াও নগরীর প্রতিটি থানা এবং ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

    দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সকাল ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

    ঘোষিত নগর কমিটির নেতারা হলেন- ঢাকা উত্তরে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম রহমতুল্লাহকে সভাপতি, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাদেক খানকে সাধারণ সম্পাদক এবং ঢাকা দক্ষিণে বর্তমান লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতকে সভাপতি ও নগরের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

    এর মাধ্যমে প্রায় ১৩ বছর পর শাসক দল আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এ শাখাটির দুই ভাগে নতুন নেতা পেল।
    এছাড়াও সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রতিটি থানা ও ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

    প্রসঙ্গত, প্রায় সাড়ে নয় বছর পর ২০১২ সালের ২৭ ডিসেম্বর সংগঠনটির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু এর পরে পূর্ণাঙ্গ কমিটি ছাড়াই পার হয়েছে এক মেয়াদেরও বেশি সময়।

    এর আগে ২০০৩ সালের ১৮ জুনের সম্মেলনে ঢাকার সাবেক মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফকে সভাপতি ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে সাধারণ সম্পাদক করা হয়।

    মোহাম্মদ হানিফের মৃত্যুর পর ওমর আলী ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেও ১/১১’র প্রেক্ষাপটে এমএ আজিজ ভারপাপ্ত সভাপতি দায়িত্ব পান। গত ২৩ জানুয়ারি এমএ আজিজের মৃত্যুর পরে সভাপতি পদটি শূন্য হয়ে যায়।

    ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পরপরই সংগঠনকে গতিশীল করতে ঢাকা মহানগর আওয়ামী লীগকে দুই ভাগে বিভক্ত করার উদ্যোগ নেয়।

    ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের পরে উত্তরে কর্নেল (অব.) ফারুক খান এবং দক্ষিণে ড. আব্দুর রাজ্জাককে দায়িত্ব দেয়া হয়েছিল নগরের কমিটি সমন্বয় করতে।

    দলের কেন্দ্রীয় কমিটির এই দুই সম্পাদকমণ্ডলীর সদস্য ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দল সমর্থিত দুই প্রাথীর নির্বাচনী সমন্বয়ক হিসেবে কাজ করেছিলেন। দায়িত্ব নিয়ে তারা দুই ভাগে নগরের উত্তর ও দক্ষিণের কমিটি এবং নগরের থানা, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির খসড়া তালিকা প্রধানমন্ত্রীর কাছে জমা দেন গত সেপ্টেম্বরে।

  • ভারতে মন্দিরে আগুন : নিহতের সংখ্যা বেড়ে ৯০

    ভারতে মন্দিরে আগুন : নিহতের সংখ্যা বেড়ে ৯০

    এবিএনএ : ভারতের কেরালা রাজ্যের কোল্লাম এলাকার পুতিঙ্গাল মন্দিরে আতশবাজি থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩৫০ জন। আহত ব্যক্তিদের উদ্ধার করে মীয়াপুরম ও কত্তিয়ামের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। একটি উৎসব উপলক্ষে সারারাত বাজি পোড়ানো হয়, যা দেখতে জড় হয়েছিলেন হাজার হাজার মানুষ।

    ভারতীয় পুলিশের বরাত দিয়ে দেশটির টিভি চ্যানেল ও সংবাদমাধ্যমগুলো এসব তথ্য নিশ্চিত করেছে। ভারতীয় পুলিশের বরাত দিয়ে এবিএনএ জানিয়েছে, মন্দিরে উৎসবের জন্য জড়ো হয়েছিল ১৫ হাজার মানুষ। আর এই উৎসবকে কেন্দ্র করে জড়ো করা হয়েছিল আতশবাজি আর সেই আতশবাজির স্তূপে বিস্ফোরণ ঘটলে শনিবার রাত ৩টার পর এই আগুনের সূত্রপাত হয়। আজ রবিবার ভোরে মন্দিরে ধর্মীয় উৎসব উদযাপনকালে ফোটানো আতশবাজির স্ফূলিঙ্গ আতশবাজির স্তূপের ওপর পড়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দেশটির ফায়ার সার্ভিস কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আতশবাজি ফোটানোর বিষয়ে আগেই মন্দির কর্তৃপক্ষকে সাবধান করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন কেরলা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রামেশ ছেনিথালা। ঘটনাস্থল পরিদর্শনে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী ওমেন চণ্ডী। অবস্থার অবনতি হলে যাতে তিরুঅনন্তপুরম ও এনারকুলামে নিয়ে যাওয়ার তার সবরকম ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে, কেরলের স্বারষ্ট্রমন্ত্রী রমেশ ছেনিথালা। এদিকে ঘটনায় দুঃখপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে তিনি বলেন, কেরালার অগ্নিকাণ্ডের ঘটনায় আমি মর্মাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। তিনি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ওমেন চণ্ডীর সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন। অপরদিকে ঘটনায় দুঃখপ্রকাশ করে টুইট করেছে স্বরাষ্ট্রমন্ত্রী রানজাথ সিং। এ ছাড়া কেরলের সব জনসভা বাতিল করে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

  • ‘অপরাধীদের সংশোধনের চেষ্টা করা হবে’

    ‘অপরাধীদের সংশোধনের চেষ্টা করা হবে’

    এবিএনএ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা জানি যাদের বন্দি করা হয়, তারা অপরাধী। তবে তাদের অপরাধ থেকে সরিয়ে আনতে হবে। অপরাধ প্রবণতা থেকে কিভাবে সরিয়ে আনা যায় তা চিন্তা করতে হবে। প্রযুক্তির উন্নয়ন হচ্ছে তার সঙ্গে অপরাধেরও ভিন্নতা পাচ্ছে। কোনো লোক অপরাধ করলে তাকে শাস্তি দিলেই অপরাধ শেষ হয়ে গেল তা নয়। তবে অপরাধীদের কিভাবে সংশোধন করা যায় তা দেখা হবে। তাদের নানা ধরনের প্রশিক্ষণ দেয়ার চেষ্টা করা হবে।

    তিনি বলেন, বন্দিদের কাজের বিনিময়ে মজুরি থাকবে। প্রয়োজনে একজন বন্দি যেন তার উপার্জিত মজুরি তার পরিবারকে দিতে পারে সে সুযোগ করে দিতে হবে। তাদের প্রয়োজনীয় পণ্য তারা তৈরি করে নিতে পারবে।

    রবিবার কেরানীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করার পর এক বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, আজকের দিনে জাতির পিতাকে শ্রদ্ধা জানাই। চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই, যাদের কারাগারে হত্যা করা হয়েছিল। ত্রিশ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের বিনিময়ে স্বাধীনতা পেয়েছিলাম তাদের প্রতি শ্রদ্ধা জানাই।

    তিনি বলেন, বঙ্গবন্ধু জীবনের অনেকটা সময় কাটিয়েছিলেন এই কারাগারে। তিনি কেন ছিলেন, মানুষের জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য। মানুষের কল্যাণে কথা বলেই তিনি কারাগারে ছিলেন। সেই ছয় দফা দেয়ার জন্যই তাকে বন্দি করা হয়েছিল।

    তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষের মান উন্নত হবে।সেই লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। তার ফলে দেশ উন্নত হচ্ছে।

  • কেরানীগঞ্জে নতুন কারাগারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    কেরানীগঞ্জে নতুন কারাগারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    এবিএনএ : দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকালে ১০টার দিকে নতুন কারাগারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

    কারাগারের উদ্বোধন উপলক্ষে কারাগারের ভেতর ও বাইরে করা হয়েছে সাজসজ্জা। কারাগারের সামনের সড়ক নানান রঙের ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। এর নাম দেওয়া হয়েছে, ‘ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ’।

    পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে ১৭৮৮ সালে তৈরি হওয়া এই কারাগার শিগগির চলে যাবে ইতিহাসের পাতায়।
    কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন প্রথম আলোকে বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের সময় বন্দী নারীদের গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে নেওয়া হবে। পরে তাঁদের কেরানীগঞ্জে নতুন কারা ভবনে আনা হবে।
    অধিদপ্তরের দায়িত্বশীল কয়েকজন কর্মকর্তা বলেন, দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরে ১৯৪ একরের বেশি জমিতে তৈরি হয়েছে নতুন কারাগার। এর মধ্যে ৩০ একর জমিতে বন্দীদের জন্য ভবনের নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে। এসব ভবনে চার হাজার পুরুষ ও আলাদা ভবনে ২০০ নারী বন্দীর ধারণক্ষমতা রয়েছে। তবে আট হাজারের মতো বন্দী থাকতে পারবেন। বর্তমান ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দী ধারণক্ষমতা ২ হাজার ৮২৬ জন, আছেন ৭ হাজার ৩০০ জন। এই কারাগারে ১৬০ জন নারী বন্দী আছেন।

    বুড়িগঙ্গা প্রথম সেতু থেকে পাঁচ কিলোমিটার দূরে ঢাকা-মাওয়া সড়কের বাঁ পাশে রাজেন্দ্রপুরে নতুন ঢাকা কেন্দ্রীয় কারাগারের অবস্থান। প্রায় ২৫ ফুট উচ্চতায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের চারদিকে সীমানাপ্রাচীর গড়ে তোলা হয়েছে। ভেতরে আটটি ছয়তলা ভবনের কাজ শেষ হয়েছে। প্রতিটি ভবন অন্তত ছয় ফুট উচ্চতার পৃথক সীমানাদেয়ালে ঘেরা। সেগুলোতে শেষ পর্যায়ের কাজ চলছে। পাশে আরও দুই ও চারতলা ভবনের নির্মাণকাজ চলছে। প্রতিটি ভবনের মেঝেতে ছয়টি করে বড় বড় কক্ষ রয়েছে।

    সীমানাপ্রাচীরের বিভিন্ন স্থানে ৪০ ফুট উঁচু চারটি পর্যবেক্ষণ টাওয়ার রয়েছে। কারা কর্মকর্তারা বলছেন, ওই টাওয়ার থেকে পুরো কারাগারের চিত্র দেখা যাবে। কারাগারের প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকে দেখা যায়, আটটি ছয়তলা ভবনের মাঝে বিশাল মাঠ। এই মাঠের মাঝে বন্দীদের জিজ্ঞাসাবাদের ছোট্ট একটি ঘর।

    নির্মাণ সরদার ও কারাগারের নিরাপত্তাকর্মী বিশাল হোসেন বলেন, দুর্ধর্ষ জঙ্গি-সন্ত্রাসীদের রাখার জন্য চারটি চারতলা কারা ভবন (ডেঞ্জার সেল) নির্মাণের কাজ চলছে। ডেঞ্জার সেলের তিন নম্বর ভবনের সীমানাপ্রাচীরের ভেতরে টিনশেডের একতলা ফাঁসির মঞ্চ নির্মাণ করা হয়েছে। এর দক্ষিণে ওয়ার্কশপ, লন্ড্রি, সেলুন, গুদাম ও গম থেকে আটা তৈরির কারখানা তৈরি করা হয়েছে।

  • স্বামী ‘যৌন নির্দেশিকা’ স্ত্রীর জন্য ভয়ঙ্কর

    স্বামী ‘যৌন নির্দেশিকা’ স্ত্রীর জন্য ভয়ঙ্কর

    এবিএনএ : স্বামী-স্ত্রীর স্বাভাবিক যৌন সম্পর্কে দুজনের সমান অংশ্রগ্রহণ থাকতে হয়। কিন্তু এক্ষেত্রে স্বামী যদি মনে করে তার ইচ্ছেমতোই বা তার নির্দেশিত পদ্ধতিতেই স্ত্রী যৌন আচরণ করবে তাহলে যৌন সম্পর্ককালীন একজন নারীর জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে। যুক্তরাজ্যভিত্তিক মনোবিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণায় এই বিষয়টি উঠে এসেছে।

    যুক্তরাজ্যের কেন্ট বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন, যেসব নারী উপলব্ধি করেন তাদের যৌনসঙ্গী পরিপূর্ণতা বা যথার্থতার বিষয়টি তাদের ওপর চাপিয়ে দিচ্ছে তারা অধিক যৌন জটিলতায় ভুগতে পারেন।

    গবেষকরা বলেন, সঙ্গী নির্ধারিত ‘যৌন নির্দেশিকা’ একজনের সামর্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে। যথার্থতা বা পরিপূর্ণতার সংজ্ঞা হচ্ছে, নিখুঁতের জন্য সংগ্রাম, উচ্চমানের কার্যক্ষমতার বিন্যাস, মাত্রাতিরিক্ত সমালোচনামূলক স্ব-মূল্যায়নের প্রবণতা এবং অন্যের দ্বারা নেতিবাচক মূল্যায়ন সম্পর্কে উদ্বেগ। এটি একজন সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য যা জীবনের সব ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। মানুষের যৌন জীবনে এর দীর্ঘমেয়াদী প্রভাব খুঁজতে পূর্বে কোনো গবেষণা হয়নি।

    গবেষণাটির নেতৃত্ব দেন ইউনিভার্সিটি স্কুল অব সাইকোলজির অধ্যাপক জোয়াকিম স্টোয়েবার। ২০১৩ সালের ডিসেম্বর থেকে ডিসেম্বর ২০১৪ পর্যন্ত ৩৬৬ জন নারীর ওপর দুটি জরিপ চালানো হয়।

    গবেষণায় দেখা যায়, সঙ্গী নির্ধারিত ‘যৌন নির্দেশিকা’ নারীদের ওপর নেতিবাচক যৌন ধারণা এবং যৌন কার্যাবলীতে অস্বাভাবিকতা তৈরি করে। নির্দিষ্ট করে বললে বলা যায়, সঙ্গীর পছন্দমতো যৌন পদ্ধতি নারীদের যৌন উত্তেজনা হ্রাস করে। গবেষকরা আরও খুঁজে পেয়েছেন, এতে যৌন শ্রদ্ধার পরিমাণ কমে যায় এবং যৌন উদ্বেগ দেখা দেয়।

    গবেষকেরা বলেন, এটি একটি মানসিক সমস্যা। যা নারীদের নিজস্ব যৌন ধারণায় সমস্যা তৈরি করতে পারে। নারীদের এই অবস্থা থেকে উত্তরণের জন্য চিকিৎসক, থেরাপিস্ট এবং পরামর্শকদের কাজ করতে হবে। আর্কাইভ অব সেক্সসুয়েল বিহেভিয়ার জার্নালে গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয়।

  • নিজামী ও কাসেমের মৃত্যুদণ্ড বন্ধে জাতিসংঘের আহ্বান

    নিজামী ও কাসেমের মৃত্যুদণ্ড বন্ধে জাতিসংঘের আহ্বান

    এবিএনএ : মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও দলটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করার আহ্বান জানিয়েছে মানবাধিকারসংক্রান্ত জাতিসংঘ হাইকমিশন। শুক্রবার জেনেভা থেকে দ্ওয়া এক বিবৃতিতে হাইকমিশনের মুখপাত্র রাভিনা শামদাসানি এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতির বিষয়ে দণ্ডপ্রাপ্তদের ছবি দিয়ে সংস্থাটির ফেসবুক পেইজ থেকেও পোস্ট দেওয়া হয়েছে। সেখানে বাংলাদেশিরা তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন সংস্থাটির বিরুদ্ধে।

    বিবৃতিতে বলা হয়, বিচারের মান যতই কঠোর হোক না কেন, জাতিসংঘ যেকোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। কিন্তু দুঃখজনক বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুষ্ঠু বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড ও নাগরিক এবং রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক সনদের (আইসিসিপিআর) শর্ত পূরণ করেনি। বিবৃতিতে, আইসিসিপিআরের আওতায় বাধ্যবাধকতা সম্পর্কে বাংলাদেশ সরকারকে শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানানো হয়। উল্লেখ্য, রবিবার মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডবিষয়ক রিভিউ পিটিশনের শুনানি হওয়ার কথা।

    উল্লেখ্য,এই বিষয়ে সংস্থাটির ফেসবুক পেইজ থেকেও পোস্ট করা হয়েছে। সেখানে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন বাংলাদেশিরা। সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ওয়াসীমুল হক সেই পোস্টে ইংরেজিতে দেওয়া মন্তব্যে বলেন, বাংলাদেশে আক্ষরিক অর্থে শত শত ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে ফাঁসির অপেক্ষায় আছে। সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমি জানতে আগ্রহী যে জাতিসংঘ শুধু এই দুজনের মৃত্যুদণ্ড নিয়ে কেন উদ্বিগ্ন? কেন অন্য ব্যক্তিদের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তারা কথা বলছে না? তাহলে কী আমরা ধরে নেব ওই ব্যক্তিরা জাতিসংঘের চোখে মানুষ নয় (অথবা ধনী)? ব্লগার আরিফ জেবতিক বেশ কয়েকটি কমেন্ট করেছেন পোস্টটিতে। জাতিসংঘের প্রতিষ্ঠানটির ফেসবুক পেইজকে কৌতুকের সঙ্গে তুলনা করে তিনি বলেন, জাতিসংঘ কী ন্যুরেমবার্গ ট্রায়ালে দণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য ক্ষমা চাইবে যাদেরকে এমনকি আপিল করার সুযোগও দেওয়া হয়নি? জাতিসংঘের যুদ্ধাপরাধীদের সমর্থন করাটা দুঃখজনক।

    বাংলাদেশ পুলিশের সিনিয়র এএসপি মাসরুফ হোসেন তার মন্তব্যে লিখেন, কিভাবে বুঝবেন যে আপনি সঠিক যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছেন? যখন জাতিসংঘ মানবাধিকার কমিশনের মতো পেইড এজেন্টরা তাদের হয়ে চিৎকার করে। অথচ তারা সৌদি আরব ও যুক্তরাষ্ট্র যখন মৃত্যুদণ্ড কার্যকর করে তখন কিছুই বলে না।

  • আমার ভোট আমি দেবো, তোমার ভোটও আমি দেবো

    আমার ভোট আমি দেবো, তোমার ভোটও আমি দেবো

    এবিএনএ : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু না হওয়ায় কোনো দিক থেকেই গ্রহণযোগ্যতা পাচ্ছে না সরকার। এতে আওয়ামী লীগের দুর্নাম বাড়ছে, সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে। আওয়ামী লীগ প্রার্থীদের এখন স্লোগান আমার ভোট আমি দেবো, তোমার ভোটও আমি দেবো।

    শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    এরশাদ বলেন, দেশে সবচেয়ে সস্তা এখন মানুষের জীবন। মানুষের জীবনের কোনো মূল্য নেই। কোথায় মরে, কোথায় গুম হয়, তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এই মৃত্যুর মিছিল কবে যে শেষ হবে একমাত্র আল্লাহই জানেন !

    এরশাদ অভিযোগ করে বলেন, দেশে একের পর এক ব্যাংক লুটের ঘটনা ঘটলেও, একটিরও বিচার হয়নি। কারণ এর সঙ্গে সরকারের আত্মীয়-স্বজন জড়িত। সোনালী, বেসিকসহ কয়েকটি ব্যাংক থেকে ৩০ কোটি টাকা লুট হলো, অথচ কোনো বিচার হলো না। এই টাকা সরকারের নয়, এই টাকা জনগণের টাকা।

    বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাট প্রসঙ্গে এরশাদ বলেন, হ্যাকিংয়ের কথা বলা হলেও, আসলে হ্যাকিং হয়নি। লুটপাট করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ছয় কর্মকর্তার আঙ্গুলের ছাপ ছাড়া এই টাকা উঠানো সম্ভব নয়। এই ছয়জন মানুষ বাংলাদেশের। তাদের পরিচয় আমরা এখনো জানতে পারিনি।

    বিএনপিকে উদ্দেশ্য করে এরশাদ বলেন, এই দলটির প্রতি মানুষের আর কোনো গ্রহণ যোগ্যতা নেই। তারা তিন মাসের আন্দোলনে অনেক মানুষ পুড়িয়ে মেরেছে। তারা এক সঙ্গে মা-মেয়েকে পুড়িয়ে হত্যা করেছে। মানুষের কাছ থেকে বিএনপি এখন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এসব কারণে দলটির প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে। তাই জাতীয় পার্টিই এখন মানুষের শেষ ভরসা। দলকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী করে আগামীতে ক্ষমতায় আসবে।

    কলেজছাত্রী তনু হত্যার প্রসঙ্গ টেনে জাপা চেয়ারম্যান বলেন, শোনা যাচ্ছে তনুকে ধর্ষণ করা হয়নি। তাহলে মেয়েটিকে হত্যা করা হলো কেন ? তনু হত্যার আসল তদন্ত প্রতিবেদন কোন দিনও পাওয়া যাবে না। তনুর মায়ের কান্নাও কখনো থামবে না। তবে তনুর মায়ের চোখের পানিতে আল্লাহর আরশ কেঁপে উঠবে।

    তিনি বলেন, ধর্ষণের কারণেই দেশে বাল্য বিয়ের প্রবণতা বাড়ছে। কোনো নিরাপত্তা নেই, এ কারণে অভিভাবকরা অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে।

    এরশাদ দেশের সামগ্রিক উন্নয়ন পরিবর্তন সম্পর্কে বলেন, প্রাদেশিক সরকার ব্যবস্থা ছাড়া এই দেশের উন্নয়ন সম্ভব নয়। জাতীয় পার্টি আগামীতে ক্ষমতায় অধিষ্ঠিত হলে প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তন করে দেশের উন্নয়ন করবে।

    জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মানিকগঞ্জ জেলা জাপা সভাপতি সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক জহিরুল আলম রুবেল, কেন্দ্রীয় দফতর সম্পাদক সুলতান মাহমুদ, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু, কেন্দ্রীয় যুগ্ম-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন খান প্রমুখ।

  • সংক্রামক ব্যাধির মতোই মাদকাসক্ত বাড়ছে : শিল্পমন্ত্রী

    সংক্রামক ব্যাধির মতোই মাদকাসক্ত বাড়ছে : শিল্পমন্ত্রী

    এবিএনএ : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে। তাদের সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণের মাধ্যমে সচেতন করে ক্ষতিকর দিক তুলে ধরে সংশোধন করতে হবে।

    শনিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে `সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণে তথ্য অধিকার আইন` বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

    তিনি আরও বলেন, শিশুদের মধ্যে ইতিবাচক বিষয়গুলো সঠিকভাবে প্রবেশ করিয়ে প্রযুক্তি সম্পর্কে ধারণা দিতে হবে। তাদের মধ্যে দেশপ্রেম সৃষ্টি করতে হবে। রাষ্ট্রের প্রতি দায়দায়িত্ব সম্পর্কে ধারণা দিতে হবে। তাহলেই আমাদের পূর্ববর্তী, আমরা এবং পরবর্তী (বর্তমান) প্রজন্ম যে কাজ করতে না পেরেছে তার চেয়ে ভবিষ্যত প্রজন্ম আরও অনেকগুণ বেশি কাজ করে দেশকে বিশ্বের কাছে উন্নত আসনে অধিষ্ঠিত করাতে সক্ষম হবে।

    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের উপসচিব মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

    অনুষ্ঠান পরিচালনা করেন বিটিভি জেলা প্রতিনিধি হেমায়েত উদ্দিন হিমু। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • নিজামীর রিভিউ শুনানি রোববার

    নিজামীর রিভিউ শুনানি রোববার

    এবিএনএ : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর করা আবেদন শুনানির জন্য আগামীকাল রোববার আপিল বিভাগের কার্যতালিকায় রাখা হয়েছে।

    প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চের কার্যতালিকার ১৯ নম্বরের আবেদনটি শুনানির জন্য রাখা হয়েছে। এই বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

    এর আগে ৩ এপ্রিল আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় ছিল। ওই দিন নিজামীর আইনজীবী এস এম শাহজাহান রিভিউ আবেদনের শুনানি মুলতবির আরজি জানান। পরে আদালত আদেশে বলেন, নট দিস উইক (এ সপ্তাহে নয়)।

    ২৯ মার্চ নিজামীর আইনজীবীরা সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রায় পুনর্বিবেচনার আবেদন জমা দেন। এরপর বিষয়টি দ্রুত শুনানির জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত বুধবার চেম্বার আদালত বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। ওই আদেশ অনুসারে এটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চের কার্যতালিকায় আসে।

    মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে গত ৬ জানুয়ারি রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রায় আড়াই মাস পর ১৫ মার্চ আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ওই রাতেই পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। পরের দিন কাশিমপুর কারাগারে নিজামীকে রায় জানানো হয়।

    নিজামী আপিলের রায় পুনর্বিবেচনার আবেদন করায় এর কার্যকারিতা স্থগিত থাকবে। আবেদন খারিজ হলে মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হবে। তখন সবশেষ সুযোগ হিসেবে নিজামী রাষ্ট্রপতির কাছে অপরাধ স্বীকার করে প্রাণভিক্ষা চাইতে পারবেন। প্রাণভিক্ষার আবেদন না করলে কিংবা আবেদন করার পর নাকচ হয়ে গেলে ফাঁসি কার্যকর করা হবে।

    ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন নিজামীকে গ্রেপ্তার করা হয়। একই বছরের ২ আগস্ট তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০১২ সালের ২৮ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে ১৬টি অভিযোগ গঠন করে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ শুরু করেন। ২০১৪ সালের ২৯ অক্টোবর ট্রাইব্যুনাল এ মামলার রায়ে নিজামীকে ফাঁসির আদেশ দেন।

  • কন্যাসন্তানের মা হলেন টিউলিপ

    কন্যাসন্তানের মা হলেন টিউলিপ

    এবিএনএ : কন্যাসন্তানের মা হলেন বঙ্গবন্ধুর নাতনি ও যুক্তরাজ্যের লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত এমপি টিউলিপ সিদ্দিক। তার কন্যার নাম আজালিয়া জয় পার্সি। শনিবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় তাঁর ভেরিভায়েড টুইটার পেইজে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

    টুইট বার্তায় শেখ রেহানার মেয়ে টিউলিপ বলেন, ‘ক্রিস পার্সি এবং আমি অত্যন্ত আনন্দের সাথে সবাইকে জানাচ্ছি আমাদের কন্যাসন্তান আজালিয়া জয় পার্সি জন্মগ্রহণ করেছে। রয়েল ফ্রি লন্ডন (এনএইচএস) হাসপাতালের স্টাফরা অসাধারণ।’ গত বছর মে মাসে যুক্তরাজ্য পার্লামেন্টের নির্বাচনে নিউ হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে লেবার পার্টির মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হন শেখ রেহানার মেয়ে টিউলিপ। এ আসনে ১১৩৮ ভোটে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থীকে পরাজিত করেছেন বাংলার মেয়ে টিউলিপ। লেবার পার্টি থেকে আরও দুই বাঙালি নারীও এবার যুক্তরাজ্যের পার্লামেন্টে নির্বাচিত হয়েছেন।