এবিএনএ,মাসুদ রানা, মোংলা: চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসেই কন্টেইনার হ্যান্ডলিংয়ে নজির গড়েছে মোংলা বন্দর। জুলাই ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬—এই সময়ে ৩১টি বিদেশি কন্টেইনারবাহী জাহাজ আগমনের মাধ্যমে মোট ২১ হাজার ৬৫১ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। বন্দর সূত্র জানায়, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৭৯ শতাংশ বেশি। লক্ষণীয়ভাবে, গত পুরো অর্থবছরে যে পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল, চলতি বছরে সাত মাসেই তা অতিক্রম করা হয়েছে।
বন্দরের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান জানান, এই সাত মাসে মোট ৫১৫টি বিদেশি বাণিজ্যিক জাহাজ বন্দরে ভিড়েছে। একই সময়ে আমদানি হয়েছে ৬ হাজার ৪০৪টি রিকন্ডিশন গাড়ি। কার্গো হ্যান্ডলিংয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৮২ লাখ ৬৬ হাজার মেট্রিক টন, যা গত বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি।
বন্দর ব্যবহারকারীদের সুবিধা বাড়াতে হিরণ পয়েন্ট এলাকায় HP-1, HP-2 ও HP-3 নামে তিনটি নতুন অপারেশনাল অ্যাঙ্কর বার্থ চালু করা হয়েছে। পরীক্ষামূলকভাবে এসব বার্থে ৯.০০ মিটার ড্রাফটের ১৬টি বাণিজ্যিক জাহাজ সফলভাবে কার্গো অপারেশন সম্পন্ন করেছে। কর্তৃপক্ষ জানায়, এখন থেকে সর্বোচ্চ ২০০ মিটার দৈর্ঘ্য ও ৯.০০ মিটার ড্রাফটের জাহাজ এসব বার্থে নিয়মিতভাবে পণ্য ওঠানামা করতে পারবে।
বর্তমানে মোংলা বন্দর দিয়ে খাদ্যশস্য, সার, সিমেন্টের কাঁচামাল ক্লিংকার, কয়লা, তেল, পাথর, ভুট্টা, তৈলবীজ, এলপিজি, যন্ত্রপাতি ও অটোমোবাইলসহ নানা প্রয়োজনীয় পণ্য আমদানি হচ্ছে। পাশাপাশি সাদা মাছ, চিংড়ি, পাট ও পাটজাত দ্রব্য, হিমায়িত খাদ্য, কাঁকড়া, মাটির টাইলস, রেশম কাপড়সহ বিভিন্ন দেশীয় পণ্য রপ্তানি হচ্ছে। বন্দর কর্তৃপক্ষের আশা, অবকাঠামো ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির ফলে বাকি পাঁচ মাসে বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে।

Leave a Reply