খুলনার মাটির গল্প পাড়ি দিচ্ছে ইউরোপে, রটারড্যাম উৎসবে নির্বাচিত সিনেমা ‘দেলুপি’
আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম ২০২৬–এর ‘ব্রাইট ফিউচার’ বিভাগে ইন্টারন্যাশনাল প্রিমিয়ার পাচ্ছে ‘দেলুপি’


এবিএনএ: খুলনার জনপদের মাটি, নদী আর মানুষের জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র ‘দেলুপি’ এবার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। সিনেমাটি নির্বাচিত হয়েছে বিশ্বের মর্যাদাপূর্ণ আয়োজন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম ২০২৬-এ।
নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে আগামী ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে উৎসবের ৫৫তম আসর। স্বাধীন ধারার ও নতুন নির্মাতাদের সিনেমার জন্য বিশেষভাবে পরিচিত এই উৎসবে জায়গা করে নেওয়াকে বড় অর্জন হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলামের নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেলুপি’ উৎসবের ‘ব্রাইট ফিউচার’ বিভাগে ইন্টারন্যাশনাল প্রিমিয়ার পেতে যাচ্ছে। এই বিভাগে সাধারণত নতুন নির্মাতাদের প্রথম কিংবা দ্বিতীয় সিনেমা প্রদর্শিত হয়, যা ভবিষ্যৎ সম্ভাবনাময় পরিচালকদের জন্য আন্তর্জাতিক স্বীকৃতির দরজা খুলে দেয়।
রটারড্যামে সিনেমাটির নির্বাচনের খবরে আবেগাপ্লুত নির্মাতা ও কলাকুশলীরা। পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম জানান, প্রথমবার উৎসব কর্তৃপক্ষের ইমেইল পেয়ে তারা কিছুটা দ্বিধায় পড়েছিলেন। কারণ, সিনেমা নির্মাণের সময় তারা স্থানীয় মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন—সবার আগে দেশের দর্শকরাই ছবিটি দেখবেন।
তিনি আরও বলেন, দেশের দর্শকদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি আয়োজকদের জানানো হলে তারা তাতে সম্মতি দেন। ফলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক দর্শকের কাছে ‘দেলুপি’ পৌঁছালেও, বাংলাদেশের দর্শকদের জন্য প্রদর্শনের পথও উন্মুক্ত থাকছে।
উল্লেখ্য, খুলনার প্রান্তিক এলাকার মানুষের জীবনঘনিষ্ঠ গল্প নিয়ে নির্মিত ‘দেলুপি’ ইতোমধ্যেই চলচ্চিত্রবোদ্ধাদের নজর কেড়েছে।




