এবিএনএ: বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ও সামাজিক কর্মী ইলিয়াস কাঞ্চন গুরুতর অসুস্থ। ব্রেন টিউমারে আক্রান্ত এই অভিনেতা গত ছয় মাস ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা নিয়ে সহশিল্পীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।
রোববার বিকেলে রাজধানীর এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মিশা সওদাগর, রোজিনা, আলীরাজ, নানা শাহ, জ্যাকি আলমগীর, জয় চৌধুরী, ডি এ তায়েবসহ অসংখ্য শিল্পী।
দোয়া মাহফিল শেষে মিশা সওদাগর বলেন,
“ইলিয়াস কাঞ্চন শুধু আমাদের সিনেমার উজ্জ্বল নক্ষত্র নন, তিনি একজন সমাজসচেতন মানুষ ও আমাদের অনুপ্রেরণার প্রতীক। তাঁর অসুস্থতার খবর শুনে আমরা খুবই কষ্ট পেয়েছি। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন, সবাই দোয়া করবেন।”
মিশা জানান, প্রায় ১০ দিন আগে অভিনেত্রী রোজিনার মাধ্যমে প্রথম ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর পান তিনি। পরিবারের অনুরোধে তখন বিষয়টি গোপন রাখা হয়েছিল। পরে পরিবার আনুষ্ঠানিকভাবে খবর জানালে সমিতির পক্ষ থেকে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রসঙ্গত, বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন। গত আগস্টে উইলিংটন হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়, যেখানে টিউমারের একটি অংশ অপসারণ করা সম্ভব হয়। সম্পূর্ণ টিউমার অপসারণ ঝুঁকিপূর্ণ হওয়ায় বর্তমানে তিনি রেডিয়েশন ও টার্গেট থেরাপি নিচ্ছেন, যা সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ চলবে। চিকিৎসা শেষে আরও চার সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে।
ইলিয়াস কাঞ্চনের ছেলে ও নিসচা’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন দেশবাসীর কাছে তার বাবার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
চলচ্চিত্র অঙ্গনের অনেকেই জানিয়েছেন, ইলিয়াস কাঞ্চনের সুস্থতা মানে শুধু এক শিল্পীর বেঁচে থাকা নয়—বরং এক প্রজন্মের আশা ও প্রেরণার পুনর্জাগরণ।

Leave a Reply