বাংলাদেশ

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের অবরোধে অচল দুই মহাসড়ক

৭ দফা দাবিতে গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের মহাসড়ক অবরোধ, ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগে পড়ে হাজারো যাত্রী

এবিএনএ: গাজীপুরে ৭ দফা দাবিতে ডিপ্লোমা প্রকৌশলীরা বুধবার দুপুরে ঢাকার ব্যস্ততম দুই মহাসড়ক অবরোধ করেন। চান্দনা চৌরাস্তা এলাকায় এই অবরোধ কর্মসূচি চলাকালে দুই ঘণ্টার বেশি সময় ধরে থমকে যায় যান চলাচল। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।

ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে কর্মসূচিটির নাম রাখা হয় ‘ব্লকেড’। সংগঠনের নেতারা জানান, উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে চলমান ষড়যন্ত্র ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি অবিচারের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন।

এর আগে মঙ্গলবার বিকেলে গাজীপুরে রেল অবরোধ কর্মসূচি পালন করে প্রকৌশলীরা। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিতে (নেসকো) ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হেনস্তার অভিযোগসহ তিন দফা অন্যায় দাবির প্রতিবাদে ট্রেন চলাচল বন্ধ করে তারা সমাবেশ করেন। সেখান থেকেই বুধবারের মহাসড়ক অবরোধের ঘোষণা আসে।

বুধবার দুপুরে জয়দেবপুর শিমুলতলী সড়ক থেকে মিছিল বের করে বিভিন্ন রাস্তায় পদযাত্রা শেষে চান্দনা চৌরাস্তা চার রাস্তার মোড়ে অবস্থান নেন প্রকৌশলীরা। এতে ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-জয়দেবপুরসহ চারটি গুরুত্বপূর্ণ সড়ক সম্পূর্ণ অচল হয়ে পড়ে।

বিক্ষোভে এমআইএসটি, রয়েল ও ভাওয়ালসহ বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশে প্রায় ৪০ লাখ ডিপ্লোমা প্রকৌশলী এবং চার লাখ পলিটেকনিক শিক্ষার্থীকে পরিকল্পিতভাবে হেয় করা হচ্ছে। বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবি অবাস্তব ও অযৌক্তিক বলে মন্তব্য করে তারা জানান, এই দাবি বাস্তবায়ন হলে জাতীয় কর্মক্ষেত্রে অস্থিতিশীলতা তৈরি হবে।

ডিপ্লোমা প্রকৌশলীরা বলেন, ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী উপ-সহকারী প্রকৌশলী পদে কেবল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে। কিন্তু ১৯৯৪ সালের প্রজ্ঞাপন অমান্য করে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের নিম্নপদে নিয়োগ দেওয়া হচ্ছে। এ ধরনের বৈষম্য বন্ধের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।

কেন্দ্রীয় নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

গাজীপুর মহানগরের বাসন থানার ওসি শাহীন খান জানান, দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মহাসড়ক অবরোধের পর বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে সরে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button