মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় থানা যুবদল আহ্বায়ক নিহত
চট্টগ্রামের মীরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায় কামাল উদ্দিন (৪০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।


এবিএনএ,মীরসরাই, চট্টগ্রাম: চট্টগ্রামের মীরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায় কামাল উদ্দিন (৪০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর দুইটার দিকে অর্থনৈতিক অঞ্চলের নিপ্পন ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল উদ্দিন মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পোলমোগরা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত মজিবুল হকের ছেলে এবং মীরসরাই থানা যুবদলের আহ্বায়ক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কামাল উদ্দিন একটি প্রাইভেটকারে করে অর্থনৈতিক অঞ্চল সড়ক দিয়ে যাওয়ার সময় একটি ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর তিনি দীর্ঘ সময় গাড়ির ভেতরে আটকা পড়ে ছিলেন।
পরে স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে প্রথমে মীরসরাইয়ের স্থানীয় সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মীরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন বলেন, আহত অবস্থায় কামাল উদ্দিনকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




