Category: শিক্ষা

  • আগামী বছর এসএসসি পরীক্ষা এগিয়ে আনা হবে

    আগামী বছর এসএসসি পরীক্ষা এগিয়ে আনা হবে

    এবিএনএ: সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হয়। কিন্তু করোনা ও বন্যার কারণে ২০২২ সালে পেছানো হয় পরীক্ষা। সাত মাস পিছিয়ে পরীক্ষা শুরু হয় সেপ্টেম্বরে। চলতি বছর পরীক্ষা পেছানো হলেও আগামী বছর এসময়ের থেকে পরীক্ষা এগিয়ে নেওয়া হবে। তবে সাধারণ সময়ের থেকে এক মাস পেছানো হতে পারে পরীক্ষা। অর্থাৎ মার্চে এসএসসি পরীক্ষা হতে পারে।

    এমনটিই জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। সচিব বলেন, এ বছর সেপ্টেম্বর মাসে পরীক্ষা অনুষ্ঠিত হলেও আগামী বছরের পরীক্ষা আরও এগিয়ে নিয়ে আসা হবে। আগে এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসে শুরু হতো। আমরা সেখানে ফিরে যেতে না পারলেও মার্চে শুরু করার পরিকল্পনা রয়েছে।

    প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে তিনি বলেন, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো খবর পাওয়া যায়নি। কেউ যদি এ নিয়ে গুজব ছড়ায় তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আবু বকর ছিদ্দীক বলেন, সারাদেশে কোনো কেন্দ্রে পরীক্ষা গ্রহণে অসুবিধা হয়নি। শিক্ষার্থীরা যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়েছে। সড়কে যানজট ও বৈরী আবহাওয়ার কথা চিন্তা করেই এবার সকাল ১০টার পরীক্ষা ১১টায় নেওয়া হয়েছে।

    এসময় সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, আন্তঃবোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষসহ অন্য শিক্ষকরা।

    এদিকে সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে শুরু হয় এ পরীক্ষা। ৩ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টা পরীক্ষা হবে। ১ অক্টোবর পর্যন্ত চলবে তত্ত্বীয় পরীক্ষা। এরপর ১০-১৫ অক্টোবর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষার আয়োজন করা হবে।

    সারাদেশে মোট ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে হচ্ছে পরীক্ষা। এতে অংশ নিয়েছে ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা। ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী অংশ নিতে পারেন। প্রতি বছর সাধারণত ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হয়। কিন্তু করোনার কারণে পেছানো হয় পরীক্ষা। এরপর ১৯ জুন পরীক্ষা শুরুর কথা থাকলেও সিলেটসহ দেশের অন্যান্য অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে তা আবারও পিছিয়ে যায়।

  • এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

    এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

    এবিএনএ: ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দেশব্যাপী এই পরীক্ষা শুরু হয়। দেশের ১১টি শিক্ষা বোর্ডের আওতায় এবার এ পরীক্ষায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করার কথা রয়েছে।

    যানজট এড়াতে এ বছর এক ঘণ্টা পিছিয়ে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষার সময় নির্ধারণ করা হয়।দেশের ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা। সারা দেশে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে মোট ২৯ হাজার ৫৯১টি বিদ্যালয়ে পরীক্ষার আয়োজন করা হচ্ছে। তার মধ্যে ৯টি সাধারণ বোর্ডের আওতায় পরীক্ষার্থীর সংখ্যা ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন, দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন। মাদরাসা বোর্ডের আওতায় দাখিল পরীক্ষায় ২ লাখ ৬৮ হাজার পরীক্ষার্থীর জন্য ৭১৫টি কেন্দ্রে ৯ হাজার ৯৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছে। এ ছাড়া কারিগরি বোর্ডের আওতায় এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী রয়েছে। মোট ৮২৮টি কেন্দ্রে ২ হাজার ৮১৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। এ ছাড়া দেশের বাইরে আটটি দেশে ৩৬৭ জন পরীক্ষার্থী রয়েছে।

    ২০২১ সালের তুলনায় এ বছর পরীক্ষার্থী কমেছ ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন। মোট প্রতিষ্ঠান বেড়েছে ৫৫৬টি এবং কেন্দ্র বেড়েছে ১১১টি। বৈশ্বিক মহামারির কারণে পরীক্ষার বিষয়, নম্বর ও সময় কিছুটা কমিয়ে আনা হয়েছে। পরীক্ষার সময় ৩ ঘণ্টা থেকে কমিয়ে ২ ঘণ্টা করা হয়েছে। এর মধ্যে এমসিকিউ ২০ মিনিট এবং সিকিউ ১ ঘণ্টা ৪০ মিনিট।

    পরীক্ষার্থীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। কেউ দেরি করলে তার কারণ গেটে রেজিস্ট্রার খাতায় উল্লেখ করে প্রবেশ করতে হবে। সে তথ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। পরীক্ষা কেন্দ্রের মধ্যে কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না। শুধু কেন্দ্রসচিব বাটন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে বহিরাগত কেউ প্রবেশ করতে পারবেন না। প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

  • এসএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে রওনা দেওয়ার অনুরোধ

    এসএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে রওনা দেওয়ার অনুরোধ

    এবিএনএ: রাজধানীতে গত কয়েক দিনের বৃষ্টি ও খোঁড়াখুঁড়ির কারণে বিভিন্ন সড়কে পানি জমায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। দুদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা যানচলাচল স্থবির হয়ে রয়েছে।

    এ অবস্থায় পরীক্ষাকেন্দ্রে নির্দিষ্ট সময়ে পৌঁছানোর লক্ষে এসএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে রওয়ানা দেওয়ার জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান এ অনুরোধ জানান।

    তিনি বলেন, গত কয়েকদিনের বৃষ্টি ও খোঁড়াখুঁড়ির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন বেশ ধীরগতিতে চলাচল করছে। এ অবস্থায় এসএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে রওয়ানা দেওয়ার জন্য ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হলো।

  • এসএসসির প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা

    এসএসসির প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা

    এবিএনএ: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কারো পক্ষেই প্রশ্ন ফাঁস করা সম্ভব নয়। যদি কেউ এ নিয়ে গুজব ছড়ায়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।’

    আজ মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শিক্ষা রূপরেখা-২০২১ এর অনলাইন প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়ার পরও প্রতিবছর পরীক্ষার সময় কোচিং সেন্টার খোলা রাখা হয় কেন, জানতে চাইলে দীপু মনি বলেন, ‘পাবলিক পরীক্ষার আগে সারা দেশের কোচিং সেন্টারগুলো বন্ধ রাখা হয়। আমরা চাই এ সময় অভিভাবকরা যেন তাদের সন্তানদের কোচিং সেন্টারে না পাঠান। শিক্ষার্থীরা না এলে কোচিং সেন্টার এমনিতেই বন্ধ থাকবে। এরপরও যদি কোনো কোচিং সেন্টার খোলা রাখা হয়, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
    মন্ত্রী বলেন, ‘নতুন কারিকুলামে ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়ন হবে। ধারাবাহিক মূল্যায়নের জন্য একটি অ্যাপ তৈরি করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বছর শেষে মূল্যায়ন করা হবে। এক্ষেত্রে শিক্ষকদের বেশি গুরুত্ব দিতে হবে।’

    এর আগে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণের অ্যাপ-এর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘২০২৩ সাল থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন কারিকুলামের বই দেওয়া হবে। বিশ্বের চাহিদার সঙ্গে মিল রেখে আমরা নতুন কারিকুলামের রূপরেখা তৈরি করেছি। প্রতিবছর এটি ক্লাসভিত্তিক বাস্তবায়ন করা হবে।’

    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বক্কর ছিদ্দীক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব কামাল হোসেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান মো. ফরহাদুল ইসলাম প্রমুখ।

  • সড়কে সহপাঠী নিহত: বিচারের দাবিতে ফার্মগেটে শিক্ষার্থীদের অবরোধ

    সড়কে সহপাঠী নিহত: বিচারের দাবিতে ফার্মগেটে শিক্ষার্থীদের অবরোধ

    এবিএনএ: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. আলী হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের নিহতের ঘটনায় রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর ১২টার দিকে সহপাঠী হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেটের সড়ক অবরোধ করে তারা।

    এর আগে গতকাল রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল তেজগাঁও বিজি প্রেস এলাকায় কোনো একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় আলী। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।সে তেজগাঁওয়ের গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

    আলী হোসেনের মৃত্যুর প্রতিবাদে তার সহপাঠীরা সোমবার ফার্মগেইট এলাকার সড়ক অবরোধ করে। ফলে গুরুত্বপূর্ণ ওই মোড়ের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় তাদের হাতে ‘জাস্টিস ফর অল’, ‘নিরাপদ সড়ক চাই’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

  • শুক্র-শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

    শুক্র-শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

    এবিএনএ: জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান শুক্র ও শনিবার বন্ধের আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে সোমবার বিকালে শিক্ষা মন্ত্রণালয় এই আদেশ জারি করে।

    শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আদেশে বলা হয়, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়গুলোকে স্ব স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

    শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রজ্ঞাপন

  • এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী

    এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী

    এবিএনএ: স্থগিত হওয়া ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় এইচএসসি পরীক্ষা নভেম্বরে শুরুর কথাও জানান তিনি।

    আজ রোববার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষা সংক্রান্ত এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।

    এর আগে, গত ১৯ জুন থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল। তবে সিলেট, সুনামগঞ্জসহ কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে পরীক্ষা স্থগিত করা হয়। এর ফলে এইচএসসি পরীক্ষাও পেছানো হয়।

    ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘সিলেটে বন্যার কারণে দক্ষিণাঞ্চলেও বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। সেকারণে আগস্ট মাসকে বাদ দিয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আমরা পরীক্ষা শুরু করতে যাচ্ছি। কারণ আগস্টে বন্যা হলেও সেপ্টেম্বরের ৮-১০ তারিখ পর্যন্ত… আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে, সেই পর্যন্ত চলে। সে কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা আশা করছি, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হবে।’

    এ ব্যাপারে শিক্ষাবোর্ডগুলো পরীক্ষার বিস্তারিত সূচি প্রকাশ করবে বলেও জানান দীপু মনি। এইচএসসির পরীক্ষার ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি এবং এইচএসসি দুটি পরীক্ষার মাঝে বোর্ডগুলোর প্রস্তুতি নেওয়ার জন্য দুই মাসের সময় প্রয়োজন হয়। কিন্তু এবার বোর্ডগুলোকে একটু বেশি কষ্ট করতে হবে। তাদের ৪৫ দিনের মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে। অর্থাৎ নভেম্বরের শুরুতেই এইচএসসি পরীক্ষা নিতে পারবো।

  • ফাইজারের টিকা পাবে ৫-১২ বছর বয়সীরা

    ফাইজারের টিকা পাবে ৫-১২ বছর বয়সীরা

    এবিএনএ: জন্ম নিবন্ধনের মাধ্যমে পাঁচ থেকে বারো বছর বয়সী শিশুদের ফাইজারের টিকা দেওয়া হবে। এজন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে। সোমবার (২৭ জুন) দুপুরে রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

    এর আগে করোনা মোকাবিলায় বাংলাদেশকে আরও ৪০ লাখ ফাইজারের টিকা অনুদান দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে বলা হয়, বাংলাদেশকে ফাইজারের টিকার আরও চার মিলিয়ন (৪০ লাখ) রেডি টু ইউজ ডোজ অনুদান দিতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অনুদান দেওয়া মোট টিকার সংখ্যা ৬৮ মিলিয়নেরও বেশি।

  • প্রাথমিক বিদ্যালয়ে ঈদ-গ্রীষ্মকালীন ছুটি ১৯ দিন

    প্রাথমিক বিদ্যালয়ে ঈদ-গ্রীষ্মকালীন ছুটি ১৯ দিন

    এবিএনএ: গ্রীষ্মকালীন, ঈদুল আজহা ও আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষে ২৮ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত মোট ১৯ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার প্রকাশিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

    আদেশে বলা হয়েছে, ‌‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের ছুটি তালিকায় গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মে নির্ধারিত ছিল। শিক্ষকদের শ্রান্তি (পরিশ্রমজনিত অবসাদ) বিনোদন ছুটির সুবিধার্থে আগে নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মের পরিবর্তে ২৮ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত সমন্বয় করে নির্ধারণ করা হয়েছে।’

    এতে আরও বলা হয়, ‘আগামী ২৮ জুন থেকে ৫ জুলাই গ্রীষ্মকালীন ছুটি এবং ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত ঈদুল আজহা ও আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি পাঠদান বন্ধ থাকবে।’

  • এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষা হবে না: শিক্ষামন্ত্রী

    এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষা হবে না: শিক্ষামন্ত্রী

    এবিএনএ: চলতি বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সাটিফিকেট (জেডিসি) পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

    দীপু মনি বলেন, ‘চলতি বছর জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়া হবে না। এখন আর এ পরীক্ষা নেওয়ার সময় ও প্রয়োজন নেই। সে কারণে এবার ক্লাস মূল্যায়নের মাধ্যমে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে।’

    সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন কারিকুলামে জেএসসি-জেডিসি পরীক্ষা থাকছে না। ২০২৩ সালে এ পরীক্ষা নেওয়ার প্রয়োজন দেখছি না। তাই বলা যায়, আর অষ্টম শ্রেণির পাবলিক পরীক্ষা নেওয়া হবে না। তবে সরকার নতুন করে কোনো পরিবর্তন আনলে সেটি আগে থেকে বলা যায় না। তবে নতুন করে আর এ পরীক্ষা নেওয়ার কোনো চিন্তাভাবনা নেই।’ এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, এনটিআরসিএ’র চেয়ারম্যান এনামুল কাদের খান প্রমুখ।