Category: লিড নিউজ

  • ষড়যন্ত্রকারীদের জন্য মায়াকান্না কেন: প্রধানমন্ত্রী

    ষড়যন্ত্রকারীদের জন্য মায়াকান্না কেন: প্রধানমন্ত্রী

    এবিএনএ : সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চক্রান্তের মামলায় সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতারের সমালোচনা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘যে ষড়যন্ত্রকারী, তাদের জন্য মায়াকান্না, আর যারা ভিকটিম তাদের জন্য কিচ্ছু না! সেখানে মানবাধিকার হরণ না? আর সেটা নিয়ে তোলপাড়, সেটা নিয়ে অনেক কথা। এটা নিয়ে যারা বলে তাদেরও লজ্জা হওয়া উচিত্।’

    সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে মুজিবনগর দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

    যুক্তরাষ্ট্রে জয়কে অপহরণের চক্রান্ত করে তথ্য পেতে এফবিআইয়ের এক এজেন্টকে ঘুষ দেয়ায় গত বছর প্রবাসী এক বিএনপি নেতার ছেলে রিজভী আহমেদ সিজারের কারাদণ্ড হওয়ার পর ওই ষড়যন্ত্র নিয়ে বাংলাদেশে পুলিশ একটি মামলা করে। ওই মামলায় গত শনিবার সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে বিএনপি। নিন্দা এসেছে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের কাছ থেকেও।

    এই গ্রেফতারের সমালোচনাকারীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ষড়যন্ত্রের জন্য যাদের নাম বিদেশের আদালতে উঠেছে, নিন্দা করা উচিত্ তাদের। অপরাধীকে গ্রেফতার করলে যদি অপরাধ করা হয়, তাহলে আমি মনে করি, এরা কোনোদিন কোনো হত্যার বিচারও চাইবে না। বিচার চাওয়াও তাদের উচিত্ না। কারণ কোনো অপরাধকে অপরাধ হিসেবেই তারা দেখবে না।’

  • যাঁরা অংশ নিতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে

    যাঁরা অংশ নিতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে

    এবিএনএ : জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান হবে আগামী নভেম্বরে। আজ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

    যেসব ডিগ্রিধারী সমাবর্তনে অংশগ্রহণ নিতে পারবেন :
    ১৯৯৮-২০১২ সালের ডিগ্রি পাস পরীক্ষা, ২০০০-২০১২ সালের স্নাতক চূড়ান্ত পরীক্ষা, ২০০০-২০১২ স্নাতকোত্তর (মাস্টার্স) চূড়ান্ত পরীক্ষা, ২০০৭-২০১২ সালের বিবিএ, ২০০৩-২০১২ সালের এমবিএ, ২০০৭-২০১৩ সালের বিএড (সম্মান), ২০০৬-২০১২ সালের এমএড, ২০০৮-২০১২ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স, ২০০৭-২০১২ সালের বিএফএ (সম্মান), ২০০৯-২০১২ সালের বিএফএ (পাস), ২০১০-২০১১ সালের ইসিই, ২০০৩-২০১২ সালের এলএলবি (চূড়ান্ত), ২০০৩-২০১০ সালের এমএসসি ইন সিএসই এবং পিএইচডি/এমফিল/এমএএস ডিগ্রিপ্রাপ্ত গবেষকেরা সমাবর্তনে অংশ নিতে নিবন্ধন করতে পারবেন।

    নিবন্ধন ফি ২ হাজার ৫০০ টাকা এবং সনদপ্রতি ৫০০ টাকা অনলাইনে সোনালী সেবা, ডিবিবিএল মোবাইল ব্যাংকিং এবং ক্রেডিট/ডেবিট কার্ডের (Mastercard, Visa, Nexus) মাধ্যমে দেওয়া যাবে। সমাবর্তনে অংশগ্রহণে আগ্রহীদের অনলাইনে www. convocation. nu. edu. bd এই ঠিকানায় আগামী ৮ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

  • ১২ শিক্ষা প্রতিষ্ঠানকে মন্ত্রণালয়ে তলব

    ১২ শিক্ষা প্রতিষ্ঠানকে মন্ত্রণালয়ে তলব

    এবিএনএ : ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের ঘটনায় রাজধানীর ১২ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সভাপতিকে তলব করছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২৪ এপ্রিল বিকাল ৩টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে তাদের উপস্থিত হতে বলা হয়েছে।

    শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে চলতি বছর প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত ভর্তিতে বাড়তি ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ কারণে ওইদিন মন্ত্রণালয়ে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে সংশ্লিষ্টদের। এসময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক, ঢাকা বোর্ডের চেয়ারম্যানসহ শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন। এতে সভাপতিত্ব করবেন শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন।

    অভিযুক্ত ১২ প্রতিষ্ঠান হচ্ছে- মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজ, ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, টিএন্ডটি উচ্চবিদ্যালয়, ফয়জুর রহমান আইডিয়াল ইন্সটিটিউট, খিলগাঁও মডেল হাইস্কুল, ওয়েস্ট অ্যান্ড হাইস্কুল, মগবাজার বালিকা উচ্চবিদ্যালয়, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ, বাড্ডা আলাতুন্নেছা উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজ।

    মাউশির পরিচালক অধ্যাপক ইলিয়াছ হোসেন জানান, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাড়তি অর্থ নেয়ার অভিযোগ তদন্ত করা হয়েছে। মন্ত্রণালয়ে জমা দেয়া প্রতিবেদনে প্রতিষ্ঠানগুলোর আয় ও ব্যয়ের বিবরণী স্থান পেয়েছে।
    শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ২৪ এপ্রিলের বৈঠকে প্রতিষ্ঠানগুলোর কাছে বাড়তি ফি নেয়ার কৈফিয়ত চাওয়া হবে। পাশাপাশি মন্ত্রণালয়ের ১৭ জানুয়ারির নির্দেশনা কে মান্য করেছে আর কে করেনি, তার প্রমাণ চাওয়া হবে। তবে এ ব্যাপারে কোনো তথ্য থাকলে অভিভাবকরা মাউশি বা ঢাকা বোর্ডের মাধ্যমে বা প্রয়োজনে মন্ত্রণালয়ে ই-মেইলেও জানাতে পারেন বলে ওই কর্মকর্তারা জানান।

  • ইকুয়েডরে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭২

    ইকুয়েডরে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭২

    এবিএনএ : ইকুয়েডরে শক্তিশালী ৭.৮ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭২ জনে। দেশটির ভাইস-প্রেসিডেন্ট জর্জ গ্লাসের বরাত দিয়ে এবিএনএ জানিয়েছে আহত হয়েছে আরো ২৫০০ জনেরও বেশি। ।

    ইকুয়েডরের সমুদ্র-তীরবর্তী অঞ্চলে স্থানীয় সময় শনিবার রাত ১১টা ৫৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প বিষয়ক যুক্তরাষ্ট্রের সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ইকুয়েডরে ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা ছিল ১৯ দশমিক ২ কিলোমিটার। ইকুয়েডরের পার্শ্ববর্তী পেরু ও কলম্বিয়ায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে।

    জানা গেছে, ভূমিকম্পের পরপরই ছয়টি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত অঞ্চলে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ভূমিকম্পের খবর পেয়েই ইতালি সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়া। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দেশের নাগরিকদের শান্ত থাকার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি।

    ভূমিকম্পের কেন্দ্র ছিল রাজধানী কিটো থেকে ১৬০ কিলোমিটার দূরের মুইসন শহর। ভূমিকম্পে রাজধানী ভয়ংকরভাবে কেঁপে ওঠে। এর পর থেকেই রাজধানীর কিছু অংশ বিদ্যুৎহীন রয়েছে। মানতা শহরের বিমানবন্দরের টাওয়ারও বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বন্দরনগরী গুয়াকুইলের অনেক ওভারপাস ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

    কিটোর বাসিন্দা জইলা ভিলেনা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ভূমিকম্পের পরপরই সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশে বাড়িঘর থেকেও কান্নার শব্দ শোনা যাচ্ছিল। এ সময় তাঁর বাড়ির বিভিন্ন জিনিস মেঝেতে ছড়িয়ে পড়ে।

    ইকুয়েডরের ভূমিকম্পে সুনামির আশঙ্কায় উপকূল অধিবাসীদের এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ইকুয়েডরের সমুদ্রের তীর থেকে ৩০০ কিলোমিটার গভীর সমুদ্র পর্যন্ত বড় ঢেউ দেখা যেতে পারে, যার উচ্চতা স্বাভাবিকের চেয়ে দশমিক তিন মিটার বেশি হতে পারে। এ ছাড়া পেরুর উত্তর উপকূলেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

  • মীরসরাইয়ে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

    মীরসরাইয়ে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

    এবিএনএ : চট্টগ্রামের মিরসরাইয়ে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়ার কামরুল হাসান (৩৭) ও একই এলাকার ইয়াকুব (৪৫)।

    সোমবার ভোর ৪টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানার মুহুরী প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে।

    র‌্যাবের দাবি, নিহত কামরুল ও ইয়াকুব গত ২৮ ফেব্রুয়ারি বারৈয়াহাটের শামীম জুয়েলার্সে ডাকাতির ঘটনায় জড়িত এবং এ ঘটনার মামলার আসামি।

    র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন জানান, মুহুরী প্রোজেক্ট এলাকায় একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় দুই ডাকাত ঘটনাস্থলেই মারা যায়। বাকিরা পালিয়ে যায়।

    র‌্যাবের এই কর্মকর্তার দাবি, বন্দুকযুদ্ধে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তবে তাদের আহতের ধরন ও তারা কোথায় চিকিৎসা নিয়েছেন তা নিশ্চিত করেননি।

    র‌্যাবের অধিনায়ক জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে চারটি পিস্তল, দুটি দোনলা ও একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটার গান এবং ডাকাতিতে ব্যবহৃত ‌’বিভিন্ন সরঞ্জাম’ উদ্ধার করেছেন তারা।

    তিনি আরো জানান, নিহত ডাকাত দলের দুই সদস্য চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মীরসরাইয়ের বারৈয়ারহাটে স্বর্ণের দোকানে ডাকাতি করে। ওইসময় তারা ওই দোকান থেকে প্রায় দুইশ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

    র‌্যাবের অধিনায়ক মিফতা উদ্দিন বলেন, ডাকাতির পর শামীম জুয়েলার্স থেকে সংগ্রহ করা সিসিটিভি ফুটেজে ইয়াকুব ও কামরুলকে শনাক্ত করেছেন তারা।

  • যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস শফিক রেহমানের সংশ্লিষ্টতা উদ্ঘাটন করেছে : জয়

    যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস শফিক রেহমানের সংশ্লিষ্টতা উদ্ঘাটন করেছে : জয়

    এবিএনএ : প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস আমাকে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রে শফিক রেহমানের সরাসরি সংশ্লিষ্টতা উদ্ঘাটন করেছে। তারা এ বিষয়ে প্রমাণাদি আমাদের সরকারের কাছে দিয়েছে। তাকে এই প্রমাণের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে। আমি এর চেয়ে বেশি কিছু প্রকাশ করতে পারছি না, কিন্তু এই প্রমাণ দ্ব্যর্থহীন এবং অখণ্ডনীয়।

    আজ রবিবার রাত পৌনে আটটার সময় সজীব ওয়াজেদ জয় তাঁর ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানান। জয় তাঁর ফেসবুক পেজে আরও বলেন, আমি আশাই করেছিলাম বিএনপি এটা নিয়ে মিথ্যা বলার চেষ্টা করবে। যদিও, আমি আশ্চর্য্য হয়েছি ইমরান সরকারের বিষয়ে। সম্ভবত শেষ পর্যন্ত তার আসল চেহারাটা উন্মোচিত হলো। এটা দেখে মনে হচ্ছে সে আমাদের বেশিরভাগ সুশীলের মতই, আরেকটা সুবিধাবাদী এবং মিথ্যাবাদী। হয়তো বিএনপি তাকে পয়সা দিয়েছে। কে জানে। যেভাবেই হোক, আমি তার প্রতি সব শ্রদ্ধা হারিয়েছি। তাকে তার বক্তব্য প্রত্যাহার করে আমাদের সরকারের কাছে ক্ষমা চাইতে হবে। তিনি আরও বলেন, আমি আমার সকল বন্ধু এবং ভক্তদের কাছে আহ্বান জানাচ্ছি, যারা তাকে অনুসরণ করেন তারা তাকে ফেসবুক থেকে আনফলো/আনফ্রেন্ড করুন। সে একজন অপরাধীর হয়ে কথা বলছে যে আমাকে হত্যার চেষ্টা করেছিলো।

  • বঙ্গভবনে প্রধানমন্ত্রী

    বঙ্গভবনে প্রধানমন্ত্রী

    এবিএনএ : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীও আবদুল হামিদকে ফুলের তোড়া দেন।

    রাষ্ট্রপতি আবদুল হামিদের দৈনন্দিন কর্মসূচির তালিকায় এটি ‘সৌজন্য সাক্ষাত্’ লেখা রয়েছে। শেখ হাসিনা সর্বশেষ গত ২৯ জানুয়ারি রাষ্ট্রপ্রধানের সঙ্গে এক নৈশভোজে অংশ নিতে বঙ্গভবনে গিয়েছিলেন।

  • বুলুসহ বিএনপির ১১ নেতা-কর্মীর বিরুদ্ধে পরোয়ানা

    বুলুসহ বিএনপির ১১ নেতা-কর্মীর বিরুদ্ধে পরোয়ানা

    এবিএনএ : বিএনপির প্রাক্তন যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলুসহ ১১ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
    রোববার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা মামলার অভিযোগ আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।

    অন্য আসামিরা হলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, ছাত্রদলের প্রাক্তন সভাপতি আজিজুল বারী হেলাল, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।
    জানা যায়, ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় নাশকতার অভিযোগে ওই থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে একই বছরের ১৬ জুলাই শেরেবাংলা নগর থানার এসআই তোফাজ্জল হোসেন ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

  • এসআই জাহিদসহ ৫ জনের বিচার শুরু

    এসআই জাহিদসহ ৫ জনের বিচার শুরু

    এবিএনএ : তিন বছর আগে রাজধানীতে পল্লবী থানা-পুলিশের হেফাজতে জনির মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলায় তৎকালীন পল্লবী থানার এসআই জাহিদুর রহমান জাহিদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

    এই অভিযোগ গঠনের মধ্যদিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হল।

    আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে রোববার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ অভিযোগ গঠন করে ১৬ মে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন । অভিযোগ গঠনকৃত অপর আসামিরা হলেন – এসআই রাশেদুল ইসলাম ও এসআই কামরুজ্জামান মিন্টু এবং পুলিশের সোর্স রাশেদ ও সুমন।

    গত ১২ এপ্রিল অভিযোগ গঠনের শুনানি শেষে আজ (রোববার) আদেশের জন্য দিন ধার্য করেছিলেন আদালত।

    পুলিশ হেফাজতে নির্যাতন করে মারার অভিযোগে ২০১৪ সালের ৭ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়। নিহতের ভাই ইমতিয়াজ হোসেন রকি আদালতে মামলাটি দায়ের করেন। ওইদিন আদালত মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। গত বছর ১৭ ফেব্রুয়ারি মহানগর হাকিম মারুফ হোসেন বিচার বিভাগীয় তদন্ত শেষে ৫ জনকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন।

  • তেজগাঁও শিল্প এলাকা হবে অত্যাধুনিক ঢাকা : গণপূর্ত মন্ত্রী

    তেজগাঁও শিল্প এলাকা হবে অত্যাধুনিক ঢাকা : গণপূর্ত মন্ত্রী

    এবিএনএ : রাজধানীর তেজগাঁও শিল্প এলাকা নিয়ে সরকারের মাস্টারপ্ল্যান রয়েছে। এ সব পরিকল্পনা নিয়ে ইতিমধ্যে আলোচনা শেষ হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে শিগগিরই এসব সুপারিশ উপস্থাপন করা হবে।

    রবিবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে তেজগাঁও শিল্প এলাকা নিয়ে মাস্টার প্ল্যান পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশারফ হোসেন বলেন, তেজগাঁও শিল্প এলাকায় ঢাকার মধ্যে অত্যাধুনিক ঢাকা গড়ে তোলা হবে। এ এলাকায় স্থাপনা নির্মাণে এ মাস্টার প্ল্যান অনুসরণ করতে হবে। এখানে প্রতিটি ভবনের নিজস্ব পার্কিং ব্যবস্থা থাকবে। গণপূর্ত অধিদপ্তরের নিয়ন্ত্রিত প্লটগুলোতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণ করা হবে। এ এলাকায় কোনো ভারী শিল্প স্থাপনে অনুমতি দেয়া হবে না।

    মোশারফ হোসেন বলেন, বেসরকারি প্লটে শিল্প, বাণিজ্যিক ভবন, হোটেল, হাসপাতাল, ইত্যাদি স্থাপনা নির্মাণ করা হলে পয়োবর্জ্য, রাসায়নিক বর্জ্য ও বায়ু পরিশোধনের নিজস্ব ব্যবস্থা রাখতে হবে।

    সভায় গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউক চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন, অতিরিক্ত সচিব এম বজলুল করীম চৌধুরী, প্রধান প্রকৌশলী মো. হাফিজুর রহমান মুন্সী, নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ফওজী বিন ফরিদ, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব জ্যোতির্ময় দত্ত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলামসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।