Category: জাতীয়

  • ‘ট্যানারি নিয়ে আর কোনো খেলা নয়’

    ‘ট্যানারি নিয়ে আর কোনো খেলা নয়’

    এবিএনএ : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সরকার ট্যানারি স্থানান্তর নিয়ে আর কোনো খেলা খেলতে দেবে না। গুটি কয়েক মানুষের জন্য কোটি কোটি মানুষের জীবন বিপন্ন হতে দেয়া যাবে না।

    রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পাঁচ দিনব্যাপী জাতীয় এসএমই মেলা-২০১৬ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

    তিনি ট্যানারি মালিকদের রাজধানীর হাজারীবাগ থেকে সকল ট্যানারি অবিলম্বে সাভারে সরিয়ে নেয়ার তাগাদা দিয়েছেন।
    আমির হোসেন আমু বলেন, বর্তমানে সাভারস্থ চামড়া শিল্প-নগরির কেন্দ্রিয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) ৪০ থেকে ৬০টি কারখানা চালু করার মত অবস্থানে রয়েছে। যুগ যুগ ধরে যে সব ব্যবসায়ী মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে,তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। যে কোনো মূল্যে হাজারিবাগ থেকে ট্যানারিগুলো সাভারে সরিয়ে নিতে হবে।

    শিল্পমন্ত্রী এর আগে বিআইসিসি’তে চতুর্থ জাতীয় এসএমই মেলা-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ সময় তিনি এলাকাভিত্তিক কাঁচামালের সহজলভ্যতা বিবেচনা করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে এগিয়ে আসতে উদ্যোক্তাদের প্রতি পরামর্শ দেন।
    দেশের কোথায় কোন ধরনের এসএমই শিল্প স্থাপন লাভজনক হবে,সে বিষয়ে কার্যকর সমীক্ষা ও গবেষণা চালাতে তিনি এসএমই ফাউন্ডেশনের প্রতি নির্দেশনা দেন।

    ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মান্নান বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন কে এম হাবিব উল্লাহ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ ও এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুল ইসলাম।

  • ঢাকায় হবে চার পাতালপথ

    ঢাকায় হবে চার পাতালপথ

    এবিএনএ : রাজধানীতে যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থায় চারটি পাতাল পথ (সাবওয়ে) নির্মাণের পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু হয়েছে। ব্যয় নির্ধারণসহ দুটি পরিকল্পনার খসড়া প্রণয়ন এবং বাকি দুটির প্রাথমিক প্রস্তাব দেয়া হয়েছে।

    রোববার বেলা ১১টায় রাজধানীর সেতু ভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ সাবওয়ের পরিকল্পনা উপস্থাপন করে। এসময় চারটি সাবওয়ে রুটের পরিকল্পনা তুলে ধরেন প্রকৌশলী ড. হোসাইন মো. শাহীন।

    পরিকল্পনা অনুযায়ী প্রথম সাবওয়েটি হবে টঙ্গী থেকে বিমানবন্দর-বনানী কাকলী-মহাখালী-মগবাজার-পল্টন-শাপলা চত্বর হয়ে সায়েদাবাদ পর্যন্ত। দ্বিতীয় লাইনটি আমিনবাজার থেকে গাবতলী-শ্যমলী-আসাদগেট-নিউমার্কেট-টিএসসি-ইত্তেফাক হয়ে সায়েদাবাদ পর্যন্ত হবে। ২০২১ সালের মধ্যে এ দুটি সাবওয়ে নির্মাণ করা যাবে। তৃতীয় রুটটি হবে গাবতলী থেকে সদরঘাট এবং চতুর্থটি রামপুরা থেকে সদরঘাট পর্যন্ত।
    এসময় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক প্রকৌশলী ড. জামিলুর রেজা চৌধুরী বলেন, ট্রাফিক চাহিদা বুঝে সাবওয়ের রুট চিন্তা করতে হবে। সবচেয়ে বেশি ট্রাফিক জেনারেট করবে এমন পথে সাবওয়ের লাইন নিয়ে যাওয়া উচিত। সাবওয়ের রুট আপাতত চূড়ান্ত না করে আরও গভীর পর্যালোচনা ও সমীক্ষার ওপর জোর দেন তিনি।

    পরিকল্পনায় টঙ্গী থেকে বিমানবন্দর-কাকলী-মহাখালী-মগবাজার-পল্টন-শাপলা চত্বর হয়ে সায়েদাবাদ পর্যন্ত ৩২ কিলোমিটার সাবওয়ে নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫.২৬৫ বিলিয়ন মার্কিন ডলার।

    আমিনবাজার থেকে শুরু করে গাবতলী-শ্যমলী-আসাদগেট-নিউমার্কেট-টিএসসি-ইত্তেফাক হয়ে সায়েদাবাদ পর্যন্ত ১৬ কিলোমিটার নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২.৮৭ বিলিয়ন মার্কিন ডলার।

    সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার, মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল মো. সাঈদ আনোয়ারুল ইসলাম, সেতু বিভাগের অতিরিক্ত সচিব মো. মুজিবুর রহমান, বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলাম, বুয়েটের অধ্যাপক ড. মো. সামছুল হক, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, স্থানীয় সরকার বিভাগের যগ্ম সচিব রওশন আরা বেগম, সেতু বিভাগের উপ-সচিব হাবিবুর রহমান প্রমুখ।

  • বৈশাখের অনুষ্ঠান বিকেলের মধ্যে শেষ করার নির্দেশ

    বৈশাখের অনুষ্ঠান বিকেলের মধ্যে শেষ করার নির্দেশ

    এবিএনএ : গতবছর বর্ষবরণের উৎসবে নারীদের যৌন নিপীড়নের ঘটনার প্রেক্ষাপটে এবার বাঙালির প্রাণের পহেলা বৈশাখের সব অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পহেলা বৈশাখে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে রোববার সচিবালয়ে এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।

    সেই সঙ্গে বাঙালির প্রাণের উৎসবে সন্ধ্যা ৬টার পর সব ধরনের জনসমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর মধ্যে জনসমাবেশস্থলগুলো ফাঁকা করতেও বাধ্য করবে আইন শৃংখলা বাহিনীর সদ্যসরা।

    বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, মুখোশে মুখ ঢেকে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ এবং ভুভুজেলা বা বিকট আওয়াজের বাঁশি ব্যবহারও করা যাবে না।

    তিনি বলেন, সবাই নির্বিঘ্নে যেন বৈশাখী উৎসব করতে পারেন সেই ব্যবস্থা নেওয়া হবে। এজন্য যা যা করার সবই করা হবে।

    সারা দেশে বর্ষবরণের উৎসব নির্বিঘ্নে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জেলা প্রশাসকদের সব ধরনের সহযোগিতা দেবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

    তিনি বলেন, রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ বড় বড় শহরগুলোতে এই নির্দেশনা কার্যকর।

    এতে উৎসবে ভাটা পড়বে কিনা প্রশ্নে বলেন, আমরা এটা মনে করি না। তবে নিরাপত্তার কথা মাথায় নিয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

    বৈঠকে রমনা পার্ক, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় যানবাহন নিয়ন্ত্রণে থাকবে বলে সিদ্ধান্ত হয়।

    পুলিশ মহাপরিদর্শক, বিজিবি মহাপরিচালক, র্যাবের মহাপরিচালক ছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং ঢাকা সিটি কর্পোরেশন ও সেবামূলক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

  • রায় ঘোষণার ছয় মাসের মধ্যে সই করতে হবে

    রায় ঘোষণার ছয় মাসের মধ্যে সই করতে হবে

    এবিএনএ : উচ্চ আদালতে রায় ঘোষণার ছয় মাসের মধ্যে তাতে সই করতে হবে বলে রায় দিয়েছে আপিল বিভাগ। আজ রোববার বিচারপতিদের আচরণবিধি সংশোধন করে এই রায় ঘোষণা করেন উচ্চ আদালত।

    এই রায়ে সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের প্রতি ৪০টি নির্দেশনা ও পর্যবেক্ষণ দেয়া হয়েছে। আজ এ সংক্রান্ত মামলায় ১০৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায় সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে।

    ২০০৩ সালের ১ অক্টোবর সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ আইনজীবীদের একটি সমাবেশে বিচারপতি সৈয়দ শাহিদুর রহমানের বিরুদ্ধে একজন আসামিকে জামিন দেয়ার জন্য টাকা নেয়ার অভিযোগ করেন। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় রাষ্ট্রপতি ওই বিচারপতিকে অপসারণ করে একটি প্রজ্ঞাপন জারি করেন। রাষ্ট্রপতির সেই প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বিচারপতি সাইদুর রহমান। রিটের শুনানি শেষে গত বছর হাইকোর্ট সাইদুর রহমানের অপসারণের আদেশ বহাল রাখেন। হাইকোর্টের সে আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যান সাইদুর রহমান। গত বছরের ১৬ সেপ্টেম্বর প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ শুনানি করে হাইকোর্টের আদেশই বহাল রাখেন। আজ সেই রায়ের পূর্ণাঙ্গ কপি ও পর্যবেক্ষণ প্রকাশিত হয়।

  • তনু হত্যাকাণ্ড : সেনা কর্মকর্তার ছেলেকে ব্যাপক জিজ্ঞাসাবাদ

    তনু হত্যাকাণ্ড : সেনা কর্মকর্তার ছেলেকে ব্যাপক জিজ্ঞাসাবাদ

    এবিএনএ : সিআইডি ঢাকার সিনিয়র বিশেষ পুলিশ সুপার ও মামলার তদন্ত সহায়ক দলের প্রধান আবদুল কাহহার আকন্দের নেতৃত্বে সিআইডি’র ঢাকা ও কুমিল্লার একটি দল রোববার সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত কুমিল্লা সিআইডি কার্যালয়ে বৈঠক করেছেন।

    এসময় তদন্ত দল কুমিল্লা সেনানিবাসের এক সেনা কর্মকর্তার ছেলে ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পিয়ারকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে বলে সিআইডি সূত্রে জানা গেছে। পরে দুপুর সোয়া ২টার দিকে সিআইডির তদন্ত দল কুমিল্লা সেনানিবাসে যায়। বিকাল সোয়া ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সিআইডর টিম সেখানে অবস্থান করছিল বলে জানা গেছে।

    সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল হক খান জানান, মামলার তদন্তে পুনরায় ঘটনাস্থলে এসেছি। এর বেশি কিছু বলা যাচ্ছে না। এর আগে ডিবির তদন্তকালেও পিয়ারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

  • ‘ইউপি নির্বাচনে পরীক্ষার্থীদের ক্ষতি হবে না’

    ‘ইউপি নির্বাচনে পরীক্ষার্থীদের ক্ষতি হবে না’

    এবিএনএ : চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের কোন ক্ষতি হবেনা বলে জনিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

    রোববার সকাল সাড়ে ১০টায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
    তিনি বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে পরীক্ষার রুটিন করা হয়েছে। তাই নির্বাচন হলেও পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না।
    শিক্ষামন্ত্রী আরো বলেন, ২০০৭-০৮ সালে এইচএসসি পরীক্ষার্থী ঝড়ে পড়ার সংখ্যা ছিল ২৫ শতাংশ। যা আমরা কমিয়ে ১৯ শতাংশে নামিয়ে এনেছি। এটা আমাদের সাফল্য।

    মন্ত্রী বলেছেন, মিডিয়ার সংখ্যা বেড়ে যাওয়ায় অতীতের ঐতিহ্য রক্ষা করা সম্ভব হয়নি। পরীক্ষার্থীরা পরীক্ষার কারণে এমনিতে চাপে থাকে, তার উপর এতগুলো মানুষ একসঙ্গে একটি পরীক্ষার হলে প্রবেশ করলে তাদের ওপর বিরূপ প্রভাব পড়ে।
    সকাল সোয়া ১০টায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার হলের বাইরে বারান্দা ধরে হেঁটে বেড়িয়েছেন মন্ত্রী। কখনও জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখেছেন পরীক্ষার্থীদের। কখনো দরজার সামনে দাঁড়িয়েছেন। কর্তব্যরত শিক্ষকদের ডেকে জানতে চেয়েছেন হাল-হকিকত।
    অবশ্য এর আগে ২৩ মার্চ এইচএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষামন্ত্রণালয়ে আয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, তিনি পরীক্ষার হলে প্রবেশ করবেন না।

    এর আগে থেকেই পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে পরীক্ষার হলে প্রবেশ না করার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। এবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

  • আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা

    আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা

    এবিএনএ : সোয়া ১২ লাখ শিক্ষার্থী অংশ গ্রহনে দেশব্যাপী শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক এইচএসসি ও সমমানের পরীক্ষা। রোববার সকাল ১০টা থেকে এ পরীক্ষা শুরু হয়।

    আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এবার ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। যা গত বছরের তুলনায় এবার এক লাখ ৪৪ হাজার ৭৪৪ জন বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছেন পরীক্ষায়।

    এবার মোট অংশ নেওয়া পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ৫৪ হাজার ১১৪ জন ও ছাত্রী ৫ লাখ ৬৪ হাজার ৫১৪ জন।
    আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে ১০ লাখ ২০ হাজার ১০৯ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৯১ হাজার ৫৯১ জন, কারিগরি বোর্ডের অধীনে এক লাখ ২ হাজার ১৩২ জন ও ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) ৪ হাজার ৭৯৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

    এ বছর ১৯টি বিষয়ের ৩৬টি পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০১২ সালে প্রথম শুধু বাংলা প্রথম পত্রের সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। গত বছর ১৩টি বিষয়ের ২৫টি পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর নতুন ছয়টি বিষয়ের ১১টি পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে।

  • বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে তাপস পালকে অভিনন্দন

    বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে তাপস পালকে অভিনন্দন

    এবিএনএ : বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাডভোকেট তাপস পাল বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটি’র সেক্রেটারী নির্বাচিত হওয়ায় বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে আজ সন্ধায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, আমেরিকা বাংলাদেশ নিউজ এজেন্সী (এবিএনএ)’র চেয়ারম্যান ও প্রধান সম্পাদক শেখ শওকত আলী শিমুলসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।

  • মালয়েশিয়ায় শতাধিক বাংলাদেশি আটক

    মালয়েশিয়ায় শতাধিক বাংলাদেশি আটক

    এবিএনএ : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিযান চালিয়ে শতাধিক বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। এসময় মালয়েশিয়া পুলিশ অন্তত তিন শতাধিক অবৈধ অভিবাসীকে আটক করে।

    শুক্রবার (১ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত কুয়ালালামপুরে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    আটককৃত বাংলাদেশিদের মধ্যে তাৎক্ষণিকভাবে মাত্র চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- লক্ষ্মীপুরের রাজীব, কক্সবাজারের জাহিদ হাসান, ময়মনসিংহের আবদুল আউয়াল ও চট্টগ্রামের রানা।

    খোঁজ নিয়ে জানা যায়, কুয়ালালামপুরস্থ বুকিত বিন্তানের সবচেয়ে বড় ইলেকট্রনিক মার্কেট প্লাজা ল আত, সুঙ্গাই ওয়ান, টাইমস স্কয়ার এলাকায় অবৈধ অভিবাসীদের আটক করতে বড় ধরনের অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের অসংখ্য নাগরিককে আটক করা হয়। আটক অভিবাসীদের মধ্যে অনেক নারীও রয়েছে।

    সূত্র জানায়, অভিযানকালে প্রথমে পুলিশ লয়াত প্লাজার গেট বন্ধ করে দেয়। প্রথম তলা থেকে শুরু করে ৪র্থ তলা পর্যন্ত অভিযান চালায় পুলিশ। এসময় বিদেশি নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    এদিকে, এর আগে একাধিকবার লয়াত প্লাজায় পুলিশি অভিযান চললেও ২০০৮ সালের পর মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশের এটিই সবচেয়ে বড় অভিযান বলে ধারণা করা হচ্ছে।

  • পুলিশ ইচ্ছা করলেই সব কিছু করতে পারে না : আইজিপি

    পুলিশ ইচ্ছা করলেই সব কিছু করতে পারে না : আইজিপি

    এবিএনএ : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই আইন লঙ্ঘন করেন। পুলিশ ইচ্ছা করলেই সব কিছু করতে পারে না। পুলিশের অনেক সীমাবদ্ধতা রয়েছে। রাজধানীর গুলশানে হোটেল আমারিতে শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ডিএমপির যুগ্ম কমিশনার (অপরাধ) কৃষ্ণপদ রায়।

    শহীদুল হক বলেন, পুলিশেরও ভুলত্রু‌টি রয়েছে। তবে পু‌লিশ প‌রিবর্তনে বিশ্বাসী। সকলের পরামর্শ নিয়ে আমরা জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই। এ জন্য ভাড়াটিয়াদের তথ্য নেওয়া হচ্ছে পাব‌লিক নিরাপত্তা নি‌শ্চিত করার জন্য। জননিরাপত্তা রক্ষায় তাই সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, আমরা রাষ্ট্র ও জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। তবে মালিকপক্ষ যেন রাজনৈতিক ও ব্যবসায়িক কারণে গণমাধ্যমকে ব্যবহার করতে না পারেন- সেদিকে লক্ষ রাখতে হবে- বলেও মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক।