Category: জাতীয়

  • আগামী চার থেকে পাঁচদিন গরম অব্যাহত থাকতে পারে

    আগামী চার থেকে পাঁচদিন গরম অব্যাহত থাকতে পারে

    এবিএনএ : দেশের বিভিন্ন স্থানে অস্বাভাবিক গরম পড়ছে। এই গরম আগামী চার থেকে পাঁচদিন অব্যাহত থাকতে পারে। তবে বৃষ্টি হলে গরম কিছুটা কমবে। আবহাওয়া অফিস এ কথা জানায়।

    আবহাওয়া অফিস জানায়, গত কয়েক দিন যাবত সূর্যের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় এই গরম অনুভূত হচ্ছে। রাত ও দিনের সময়ের পার্থক্যের কারণে দিনে বেশি গরম অনুভূত হচ্ছে। তবে বৃষ্টি হলে গরম কিছুটা কমবে, জনজীবনে স্বস্তি আসবে।

    আবহাওয়া অধিদফতর জানায়, রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে তাপমাত্রা বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। এছাড়া ঈশ্বরদীতে ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস, মংলায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস, সাতক্ষীরায় ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যশোরে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, কুমারখালীতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ফরিদপুরে ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ও গোপালগঞ্জে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

    সূর্যের কিরণ বেশি হওয়ায় এসব এলাকার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানায়, আজ শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

  • নারী নেত্রীদের জন্য প্রধানমন্ত্রীর জমানো শাড়ি

    নারী নেত্রীদের জন্য প্রধানমন্ত্রীর জমানো শাড়ি

    এবিএনএ : অন্যান্য দিবসের মতো এবারও পহেলা বৈশাখে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নারী নেত্রীদের নিজের জমানো শাড়ি বৈশাখী উপহার হিসেবে দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

    প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল সবার কাছে উপহার পৌঁছে দেন। প্রিয় নেত্রীর কাছ থেকে বিশেষ দিনে এমন উপহার পেয়ে বেশ খুশি নারী নেত্রীরাও। এজন্য ধন্যবাদ জানাতেও ভুলেননি প্রধানমন্ত্রীকে।

    কেউ কেউ আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপহারের ছবি দিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন।

    অপু উকিল জানান, অন্যান্য দিবসের মতো আসন্ন বৈশাখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নারীনেত্রীদের শাড়ি উপহার দিয়েছেন।

    তিনি জানান, কোনো অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পরা শাড়ির কেউ প্রশংসা করে নিতে চাইলে তিনি (প্রধানমন্ত্রী) অনুষ্ঠানের তারিখ জানতে চান। পরে ওইদিনের শাড়িটি নারী নেত্রীকে দিয়ে দেন।

    উপহার পেয়ে নারীনেত্রীরা বলছেন, এ উপহার বেশ যত্নসহকারে সংরক্ষণ করবেন।এটা তাদের জীবনের শ্রেষ্ঠ উপহার।

    যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী নাসরিন হক বলেছেন,‘জীবনের সেরা একটি উপহার পেলাম আজ। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার! আমৃত্যু এই উপহার আমার সাথেই থাকবে।’

    নার্গিস মাহতাব বলেছেন, ‘পহেলা বৈশাখ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শাড়ি উপহার পেলাম। এটা আমার জীবনের শ্রেষ্ঠ উপহার।’

    শামীন আলম আরজু তার বলেন, ‘প্রধানমন্ত্রী আপনার উপহার পেয়েছি। অপু আপা আমার হাতে শাড়িটি দিয়ে বলেন এ উপহার নেত্রী দিয়েছেন। এ কথা শুনে অনেক অনেক আনন্দ হয় আমার।’

    নারীনেত্রী কামরুণ নাহার লিপি উপহারের ছবি দিয়ে তার ফেসবুক ওয়ালে লেখেন, ‘আমার জীবনের শ্রেষ্ঠ উপহার ১৬ কোটি বাঙালির প্রাণের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শাড়ি উপহার পেলাম। এ শাড়ির মাঝে খুঁজে পাই প্রধানমন্ত্রীর আদর, স্নেহ, মায়া-মমতা আর ভালোবাসা ।

  • ভাড়াটিয়ার তথ্য সংগ্রহে রুল নিষ্পত্তির নির্দেশ

    ভাড়াটিয়ার তথ্য সংগ্রহে রুল নিষ্পত্তির নির্দেশ

    এবিএনএ : বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের প্রেক্ষাপটে ডিএমপির বিধিমালা নিয়ে জারি করা রুল ৩১ মের মধ্যে হাই কোর্টে নিষ্পত্তি করতে বলেছে আপিল বিভাগ। প্রসঙ্গত, ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের বিষয়ে কোনো ধরনের স্থগিতাদেশ না দিলেও আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছিল হাই কোর্ট। কিন্তু রাষ্ট্রপক্ষ রুল বাতিল চেয়ে আপিল বিভাগে যাওয়ার পর বিষয়টি নিষ্পত্তির এই আদেশ এলো।

    বৃহস্পতিবার ওই রুলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের এক আবেদনের উপর শুনানি করে প্রধান বিচারপতি এসকে সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেয়। নিষ্পত্তির জন্য আপিল বিভাগ বিষয়টি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাই কোর্ট বেঞ্চে পাঠিয়েছে।

    আপিল বিভাগে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রফিকুর রহমান ও ব্যারিস্টার অনীক আর হক।

    উল্লেখ্য, ঢাকার বিভিন্ন বাড়িতে জঙ্গি ও সন্ত্রাসীদের আস্তানা ও বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়ার পর গত বছর নভেম্বরে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের কাজ শুরু করে মহানগর পুলিশ।

  • জবিতে ছাত্র ধর্মঘটের ডাক

    জবিতে ছাত্র ধর্মঘটের ডাক

    এবিএনএ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সান্ধ্যকালীন এলএলএম কোর্সের বি সেকশনের শিক্ষার্থী নাজিমুদ্দিন সামাদ হত্যাকারীদের গ্রেফতারে আল্টিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

    শনিবার রাত ১২টার মধ্যে হত্যাকারীদেরকে গ্রেফতার না করলে রোববার বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ছাত্রধর্মঘটের ডাক দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    বৃহস্পতিবার বেলা ১১টায় জবির শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখান থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে খুনিদের গ্রেফতার করার দাবি জানান। বেঁধে দেওয়া সময় সীমার মধ্যে ঘটনায় জড়িতদের গ্রেফতার না করা হলে আগামী রোববার সর্বাত্বক ছাত্র ধর্মঘটের ডাক দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ছাত্র ধর্মঘটে একাত্মতা প্রকাশ করেছে জবি শাখা প্রগতিশীল ছাত্র ছাত্রজোট।

    বুধবার রাতে ৯টার দিকে পুরান ঢাকার সূত্রাপুরের একরামপুরে নাজিমুদ্দিন সামাদকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

  • বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে

    বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে

    এবিএনএ : ময়মনসিংহ ও কুমিল্লা অঞ্চলসহ সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়। রাজশাহী, পাবনা ও ফরিদপুর অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তৃতি লাভ করতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় সকাল ৫টা ৪৪ মিনিটে।

    আগামী ৭২ ঘণ্টায় পূর্বাভাসে বলা হয়, এ সময় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে। এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

  • চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হল ছাড়ার নির্দেশ

    চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হল ছাড়ার নির্দেশ

    এবিএনএ : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্নাতক পর্যায়ের সব শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে বিকাল তিনটার মধ্যে চারটি ছাত্র হল এবং শুক্রবার সকাল ১০টার মধ্যে একটি ছাত্রী হল খালি করতে নির্দেশ দেয়া হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের ছয়দিনের মাথায় বৃহস্পতিবার এই ঘোষণা আসল।

    বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ ফজুলর রহমান জানান, স্নাতক পর্যায়ের সব শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। তবে স্নাতকোত্তর ও উচ্চ পর্যায়ের শিক্ষা কার্যক্রম চলবে। বৃহস্পতিবার দুপুরে উপাচার্য মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিভাগীয় প্রধান ও হল প্রভোস্টদের নিয়ে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

    তবে বিশ্ববিদ্যালয় বন্ধের এই ঘোষণা প্রত্যাখান করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীরা ।

    আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতা অটল ভৌমিক বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই আমাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। আমরা এই বন্ধের ঘোষণা মানি না। শিক্ষক ও আন্দোলকারী শিক্ষার্থীদের কয়েকজন প্রতিনিধি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেছেন। বিকালে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

    গত ২৯ মার্চ সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় স্থাপত্য বিভাগ চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম সিয়াম নিহত হওয়ার পর থেকে আট দফা দাবিতে ক্যাম্পাসে টানা আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

  • ‘বঙ্গবন্ধুকে যারা কটাক্ষ করে তারা পাকিস্তানের ভূত এবং নব্য রাজাকার’

    ‘বঙ্গবন্ধুকে যারা কটাক্ষ করে তারা পাকিস্তানের ভূত এবং নব্য রাজাকার’

    এবিএনএ : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বঙ্গবন্ধুকে যারা খাটো এবং কটাক্ষ করে তারা রাজাকার,পাকিস্তানের ভূত এবং নব্য রাজাকার।

    তিনি আজ সকালে বাংলা একাডেমি এবং বিশ্ববাংলা কবিতা পরিষদের উদ্যোগে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ‘মহান স্বাধীনতা দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মবার্ষিকী’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

    জাতীয় গ্রন্থ কেন্দ্রের সাবেক পরিচালক ও কবি অসীম সাহার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নূহ উল আলম লেলিন ও স্বাধীনতা পদকপ্রাপ্ত শিল্পী হাসান ইমাম।এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশ্ববাংলা কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি আসলাম সানী এবং বাংলা একাডেমির পরিচালক আব্দুল হাই।

    তথ্যমন্ত্রী বলেন, বাঙালীর পুন:আবিস্কারের প্রেরণাদাতা,স্বাধীনতার পথপ্রদর্শক শেখ মুজিবুর রহমান। তাকে নিয়ে যে কুচক্রীমহল কটাক্ষ করে তাদেরকে বর্জন করতে হবে। দেশের মাটিতে তাদের জায়গা নেই বলে তিনি উল্লেখ করেন। এসব অপশক্তি বাংলাদেশকে মানেনি এবং দেশের ইতিহাস ও ঐতিহ্যকে কখনো জানার চেষ্টা করেনি উল্লেখ করে হাসানুল হক ইনু বঙ্গবন্ধুকে নিয়ে যারা মন খুলে কথা বলতে জানে না তাদের বর্জন করার পাশাপাশি তাদের বিরুদ্ধে সকলকে কঠোর অবস্থানে যাওয়ার আহবান জানান ।

    তিনি বলেন,ইতিহাস চর্চা করলে নতুন ইতিহাসের জন্ম হয়।তেমনি জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে আরও আলোচনা ও চর্চা বাড়াতে হবে। কেননা তিনি নিজেই একটি ইতিহাস। তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রের চর্চা না করলে গণতন্ত্রের শরীরে ধূলা পড়ে যায়,সেজন্য সবসময় গণতন্ত্রের চর্চা করতে হবে। এছাড়া জাতীয়তাবাদ,অসাম্প্রদায়িকতা ও সমাজতন্ত্রেরও চর্চা করতে হবে। তথ্যমন্ত্রী বলেন,’৭৫ এর পরের প্রজন্ম ’৬৯ এর গণঅভ’্যত্থানের কথা জানে না,’৭০ এর নির্বাচনের কথা জানেনা। কিন্তু তারা মুক্তিযুদ্ধের কথা জানে। নতুন প্রজন্মের কাছে জাতির পিতার ইতিহাস আরও তুলে ধরতে হবে। তিনি বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালী ও গণতন্ত্রের প্রতীক। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মহান নেতার রাজনৈতিক কার্যক্রম দেশের মানুষের কাছে তুলে এনেছেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ৭৫ এ বঙ্গবন্ধু হত্যাকান্ডের মধ্য দিয়ে যে ষড়য›ত্র শুরু হয়েছিল তা এখনো অব্যাহত রয়েছে। এসব ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে। তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ গঠন হবার পর বাঙালী নিজেরাই নিজেদের দায়িত্ব গ্রহণ করেছে।বাঙালীকে বিশ্বের মানচিত্রে পরিচিতি দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। ব্যক্তি মুজিব একজন মানুষ মাত্র। কিন্তু তার ব্যাপ্তি অনেক। এর আগে প্রধান অতিথি শিল্পী সৈয়দ মাসুদ হোসেন ‘কবিতায় বঙ্গবন্ধু’শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে স্বরচিত কবিতা,ছড়াপাঠ,আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  • সার্ক ফুড ব্যাংক ও সার্ক সিড ব্যাংক প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

    সার্ক ফুড ব্যাংক ও সার্ক সিড ব্যাংক প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

    এবিএনএ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সার্ক ফুড ব্যাংক ও সার্ক সিড ব্যাংক প্রতিষ্ঠা করতে চাই। এক দেশ অপর দেশকে যেকোনো দুযোগ-দুর্বিপাকে যেন সহযোগিতার হাত বাড়াতে পারি, তার জন্য যৌথ উদ্যোগ নেওয়াটা প্রয়োজন।

    আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সার্ক কৃষিমন্ত্রীদের তৃতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ভারতের কৃষিমন্ত্রী রাধা মোহন সিং ও সার্কের মহাসচিব অর্জুন বাহাদুর থাপা বক্তব্য দেন।

    প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই সারা বিশ্বের একটি মানুষও যেন ক্ষুধার্ত না থাকে, অনাহারে না থাকে, অপুষ্টিতে না ভোগে। প্রতিটি মানুষের মৌলিক চাহিদা পূরণ করা- এটাই আমাদের লক্ষ্য। কিন্তু এটা কোনো একক দেশের পক্ষে সম্ভব না। এ জন্য সকলের যৌথ উদ্যোগ একান্তভাবে অপরিহার্য। তিনি বলেন, সার্কভুক্ত বেশির ভাগ দেশেরই অর্থনীতি এখনও প্রধানত কৃষিনির্ভর। যদিও কোনো কোনো দেশের জিডিপিতে কৃষির অবদান ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, তবুও কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টির যোগান এবং শিল্পের কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে কৃষি এখনও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

  • কনডমের ভেতর মিললো কোটি টাকার সোনা

    কনডমের ভেতর মিললো কোটি টাকার সোনা

    এবিএনএ : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাথরুমের কমডে কনডমে মোড়ানো অবস্থায় কোটি টাকা মূল্যের ২০টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। জব্দকৃত স্বর্ণের ওজন দুই কেজি।

    বৃহস্পতিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর বাথরুম থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের পরিচালক ড. মইনুল খান।

    তিনি জানান, সকালে বিমানবন্দরের ৩ নম্বর বাথরুম থেকে ওইসব স্বর্ণ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসা বিজি০১৮৭ নম্বর ফ্লাইটে স্বর্ণগুলো আনা হয়েছে।

    দুই কেজি ওজনের স্বর্ণের বারগুলো তিনটি কনডমে ঢুকিয়ে আনা হয়। তবে এ ঘটনায় এখন পার্যন্ত কাউকেই আটক করতে পারেনি শুল্ক গোয়েন্দারা।

  • পয়লা বৈশাখে সোহরাওয়ার্দী-রমনায় প্রবেশ বন্ধ চারটায়

    পয়লা বৈশাখে সোহরাওয়ার্দী-রমনায় প্রবেশ বন্ধ চারটায়

    এবিএনএ : বাংলা নববর্ষে রাজধানীর রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথ বিকেল চারটায় বন্ধ করে দেওয়া হবে। এই দুই স্থানে বিকেল ৫টার মধ্যে অনুষ্ঠান শেষ করে সবাইকে হয়ে যেতে হবে।

    আজ বুধবার বেলা আড়াইটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিন্টো রোডের মিডিয়া সেন্টারে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম এসব কথা বলেন।
    অনির্ধারিত এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপির এই কমিশনার বলেন, নববর্ষ উদযাপনে কোন হুমকি নেই। তবে বিগত দিনের ঘটনা বিবেচনায় নিয়ে এবং যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য নানান এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পয়লা বৈশাখের দুই দিন আগে পূর্ণাঙ্গ নিরাপত্তার ব্যবস্থার কথা গণমাধ্যমকে জানানো হবে বলেও জানান তিনি।
    মনিরুল ইসলাম বলেন, সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা পার্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে অনুষ্ঠান হবে। এ নিয়ে তাদের সঙ্গে বৈঠক হয়েছে। মুখোশ নিয়ে আসলেও কেউ যেন তা না পরে সে ব্যাপারে কথা হয়েছে। মুখোশ হাতে থাকবে। শব্দদূষণ করে এবং মানুষের বিরক্তির উদ্রেক করায় ভুভুজেলা নিষিদ্ধ করা হয়েছে।
    রাজধানীবাসীর সহযোগিতা কামনা করেন মনিরুল ইসলাম। তিনি নগরবাসীকে সুষ্ঠুভাবে পয়লা বৈশাখের অনুষ্ঠান পালনের আহ্বান জানান।