Category: বাংলাদেশ

  • মীরসরাইয়ে একুশের আলোচনা, ইফতার ও কবি সম্মাননা

    মীরসরাইয়ে একুশের আলোচনা, ইফতার ও কবি সম্মাননা

    এবিএনএ,মীরসরাই: মীরসরাই পৌরসভার রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারে মহান একুশের আলোচনা, ইফতার মাহফিল ও কবির জন্মদিন উপলক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

    শনিবার ( ২১ ফেব্রুয়ারী ) বিকাল ৪টা থেকে ৫২’র ভাষা আন্দোলন ও মহান একুশের তাৎপর্য এবং আজকের প্রেক্ষাপটে ভাষার স্বাধীনতার উপলব্দি নিয়ে পাঠাগার মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কবি ও সাংবাদিক মাহবুব পলাশের সভাপতিত্বে সাংবাদিক নাছির উদ্দিন এর সঞ্চালনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে মীরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ প্রাবন্ধিক প্রফেসর নুরুল আফছার ।

    আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাষ্টার হোছাইন সবুজ, মাষ্টার জিনাত সুলতানা ফেরদৌস, ডা: সালাউদ্দিন খাঁন, সাংবাদিক রাজিব মজুমদার, লেখক নাছির উদ্দিন ভূঞা প্রমুখ।

    এসময় আরো উপস্থিত ছিলেন কবি তাছলিমা চৌধুরী সুরভী, সাংবাদিক জাবেদ হোসাইন, সানোয়ার ইসলাম রনি, ইব্রাহিম মাহমুদ, রশিদুল হাসান, তাকিবুর রহমান, তানজিল আরা তানজু, তাবিবুর রহমান প্রমুখ।

    আলোচনা শেষে দোয়া মোনাজাত ও ইফতার শেষে মীরসরাই উপজেলার অন্যতম সাংস্কৃতিক সেবক ও গুণীজন রণজিত ধর এর ৭২ তম জন্মদিন এর কেক কাটা হয়। তাঁকে ‘সাদা মনের মানুষ’ হিসেবে স্মারক উত্তরীয় পরিয়ে উপস্থিত সকলে একে একে ফুলেল শুভেচ্ছা জানান। সবশেষে কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত সকল অতিথিবৃন্দ রনজিত ধরের দীর্ঘায়ু ও সুস্থ সুন্দর জীবন প্রত্যাশা করেন।

  • ১৮০ দিনে বদলে যাবে মোংলা বন্দর! নৌ পরিবহনমন্ত্রীর ঘোষণা ঘিরে নতুন আশার আলো

    ১৮০ দিনে বদলে যাবে মোংলা বন্দর! নৌ পরিবহনমন্ত্রীর ঘোষণা ঘিরে নতুন আশার আলো

    এবিএনএ, বাগেরহাট: ১৮০ দিনের মধ্যে মোংলা বন্দরের ব্যবস্থাপনা ও সেবায় দৃশ্যমান পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। দায়িত্ব গ্রহণের পর প্রথমবার শনিবার মোংলা বন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি জানান, জাতীয় অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্যে বন্দরের গুরুত্ব বিবেচনায় কিছু কাঠামোগত সমস্যা চিহ্নিত করা হয়েছে। এসব বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে নির্দেশনা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম শুরু হবে।

    মন্ত্রী বলেন, প্রয়োজনীয় কিছু সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে মোংলা বন্দর খুব অল্প সময়েই কার্যকারিতা ও সক্ষমতায় চট্টগ্রাম বন্দর–এর সমপর্যায়ে পৌঁছাতে পারবে। উন্নয়নের ক্ষেত্রে চট্টগ্রাম ও মোংলা বন্দরের মধ্যে কোনো বৈষম্য রাখা হবে না বলেও তিনি আশ্বস্ত করেন। মোংলা বন্দরের সম্ভাবনাকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে সমন্বিত পরিকল্পনা নেওয়া হচ্ছে।

    প্রতিবেশী কয়েকটি দেশের সঙ্গে মোংলা বন্দর সংশ্লিষ্ট যেসব উন্নয়ন চুক্তি স্থগিত বা বাতিল হয়েছিল, সেগুলো পুনর্বিবেচনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে প্রয়োজনীয় ক্ষেত্রে চুক্তিগুলো নতুনভাবে মূল্যায়ন করা হবে; তবে যেসব চুক্তিতে দেশের ক্ষতি হয়েছে, সেগুলো পুনরায় করার বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচিত হবে।

    এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, মোংলা বন্দর কর্তৃপক্ষ–এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমানসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

  • মিরসরাইয়ে মৎস্য ঘেরে হামলা-লুটের অভিযোগ, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলনে বিচার ও নিরাপত্তার দাবি

    মিরসরাইয়ে মৎস্য ঘেরে হামলা-লুটের অভিযোগ, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলনে বিচার ও নিরাপত্তার দাবি

    এবিএনএ,মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাইয়ে মৎসঘের কেটে মাছ লুট করার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রবি করিম। শনিবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে বারইয়ারহাটস্থ একটি হোটেলে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    এতে লিখিত বক্তব্যে রবি করিম বলেন, তার ভগ্নিপতির জমিতে তিনি মৎসঘের করেছেন। গতকাল রাতে পাশবর্তি জমির মালিক খানের কর্মচারীরা তাদের পুকুরে গভীর গর্তকরে স্কেভেটর দিয়ে মাটি কাটে। এসম আমার ঘেরের সীমানা প্রাচীরের কিছু অংশ ভেঙ্গে ফেলা হয়। সেখান দিয়ে আমার ঘেরের সমস্ত মাছ ও পানি তাদের পুকুরে চলে যায়।

    এসময় স্থানীয়রা আমার ঘেরে থাকা মাছগুলো ধরে নিয়ে যায়। এতে আনার প্রায় ২০-২২ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। পরে তারা আমাকে সামান্য ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে। আমি তাতে রাজি হইনি।

    এছাড়া মৎস ঘেরের জমিটাও তারা কেনার জন্য একাধিকবার চেষ্টা করেছে। তবে উপযুক্ত মূল্য না নলায় আমরা জমিটা বিক্রি করিনি। আমি এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছি।

    এবিষয়ে সিআইপি খানের ব্যবস্থাপক দীন মোহাম্মদ জানান, আমরা কাজ করতে গিয়ে অসাবধানতার কারণে তার কিছুটা ক্ষতি হয়েছে। আমরা তাকে মাছের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছি। কিন্তু নির্দিষ্ট টাকার কারণে সমঝোতা হয়নি।

  • সুন্দরবনের গহীনে অভিযান! অস্ত্র-গুলিসহ করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

    সুন্দরবনের গহীনে অভিযান! অস্ত্র-গুলিসহ করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

    এবিএনএ,মাসুদ রানা,মোংলা: সুন্দরবনের শেলা নদীর মূর্তির খাল এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন।

    শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

    তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শ্যালা নদী সংলগ্ন মূর্তির খাল ও তৈয়বের খাল এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২০ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান এর আভিযানিক দল ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকা হতে ৪টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড তাজা গোলা, ১৭ রাউন্ড তাজা কার্তুজ ও ১০ রাউন্ড ফাঁকা কার্তুজসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্যকে আটক করা হয়।

    আটক বনদস্যু বাহিনীর সহযোগীর নাম বাদশা শেখ (২৫)। তিনি বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।

    জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কোস্টগার্ড সদস্যদের নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকার সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র পুনরায় সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা করে। তবে সুন্দরবনকে দস্যুমুক্ত করার দৃঢ় সংকল্পে ইতোমধ্যে কোস্ট গার্ড বিশেষ সাঁড়াশি অভিযান আরম্ভ করেছে। উক্ত অভিযানে সুন্দরবনে ডাকাত করিম শরীফ বাহিনীর ৫টি আস্তানা ধ্বংস করা হয়।

    সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

  • মিথ্যা অভিযোগে নাম জড়িয়ে অপপ্রচার! বাগেরহাটে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর ক্ষোভ ও বিচার দাবি

    মিথ্যা অভিযোগে নাম জড়িয়ে অপপ্রচার! বাগেরহাটে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর ক্ষোভ ও বিচার দাবি

    এবিএনএ, বাগেরহাট:মিথ্যা অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে বাগেরহাটে সংবাদ সম্মেলন করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন চিতলমারী উপজেলার বাসিন্দা বাবুল শেখ। শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব–এর সম্মেলন কক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি তোলেন।

    বাবুল শেখ জানান, সম্প্রতি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের আতুলনগর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও প্রতিমা ভাঙার ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে তার নাম জড়িয়ে সংবাদ প্রকাশ হয়েছে। তিনি দাবি করেন, এসব খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। ঘটনার দিন ও সময়ে তিনি কিংবা তার ছেলে কেউই ঘটনাস্থলে ছিলেন না; এমনকি ওই স্থান তার ব্যক্তিগতভাবে পরিচিতও নয়।

    লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, দীর্ঘদিনের জমি বিরোধকে ঘিরে পরিকল্পিতভাবে তাকে ফাঁসানোর চেষ্টা চলছে। তার স্ত্রীর মালিকানাধীন ২৮ শতক জমি দেখাশোনার দায়িত্ব প্রায় ১৭ বছর আগে ধ্রুব বিশ্বাসের কাছে ন্যস্ত করেছিলেন। ব্যবসায়িক কারণে দীর্ঘদিন এলাকার বাইরে থাকায় জমির নিয়মিত তদারকি সম্ভব হয়নি—এই সুযোগে একটি পক্ষ সাজানো অভিযোগ এনে তাকে আসামি করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

    সংবাদ সম্মেলনে বাবুল শেখ অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করার চেষ্টা চলছে। তিনি এসব অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

  • শরণখোলায় আগুনে ভস্মীভূত ওয়ার্ড বিএনপির কার্যালয়

    শরণখোলায় আগুনে ভস্মীভূত ওয়ার্ড বিএনপির কার্যালয়

    এবিএনএ,শরণখোলা: বাগেরহাটের শরণখোলায় আগুনে ভস্মীভূত হয়ে গেছে ওয়ার্ড বিএনপির কার্যালয়। শুক্রবার (২০ ফেব্রুয়ারী) মধ্যরাতে ঘটনাটি ঘটেছে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন এর ১ নং সোনাতলা ওয়ার্ডে। সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে থাকা ১ নং সোনাতলা ওয়ার্ড বিএনপির কার্যালয়টি সম্পুর্নরুপে ভস্মীভূত হয়।

    প্রত্যক্ষদর্শী মোঃ মনসুর বলেন, বিএনপি অফিসের পাশেই আমার দোকান। আমি দোকানের মধ্যেই ঘুমে ছিলাম, হঠাৎ বিকট শব্দ পেয়ে আমি দোকানের বাইরে আসলে পাশে থাকা বিএনপি অফিস পুড়তে দেখে আশেপাশের সবাইকে ডাক দেই।

    স্বেচ্ছাসেবকদল নেতা রাজু গাজী বলেন, ঘটনাটি শুনে আমি রাতেই সেখানে যাই। স্থানীয়রা অফিসের সামনে থেকে দুই লিটারের একটি কেরোসিনের বোতল পেয়েছে। যা পরিকল্পিত ভাবে আগুন লাগানোকেই নির্দেশ করে।

    সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটন বলেন, নাশকতা সৃষ্টির মাধ্যমেই বিএনপি অফিস ভস্মীভূত করা হয়েছে। ১২ ফেব্রুয়ারী নির্বাচনকে কেন্দ্র করে এই ওয়ার্ডে উত্তাপ বিরাজ করছে। আমরা আইনানুগ ব্যবস্থা নিব।

  • প্রথম প্রহরে চট্টগ্রামে ভাষা শহীদদের শ্রদ্ধা 

    প্রথম প্রহরে চট্টগ্রামে ভাষা শহীদদের শ্রদ্ধা 

    এবিএনএ,চট্টগ্রাম: অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চট্টগ্রামে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাজনীতিক, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

    শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে পুলিশের একটি চৌকস দলের সশ্রদ্ধ সালাম প্রদর্শনের পর ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন,সাংসদ আবু সুফিয়ান ও মো. এরশাদ উল্লাহ, বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

    এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ, পুলিশ সুপার নাজির আহমেদ খান। পরে বীর মুক্তিযোদ্ধারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

    চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম মহানগর বিএনপি, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, বিভাগীয় সমাজসেবা অধিদপ্তর, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, নৌ পুলিশ, পিবিআইসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

  • শরণখোলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যুব গ্রপের শ্রদ্ধা নিবেদন

    শরণখোলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যুব গ্রপের শ্রদ্ধা নিবেদন

    এবিএনএ,শরণখোলা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় শরণখোলায়ও যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সর্বস্তরের জনসাধারণ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

    এ সময় ‘ইনক্লুসিভ ইয়ুথ ফোরাম ফর কোস্টাল ক্লাইমেট রেজিলেন্স’ নামক একটি বেসরকারি যুব সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সংগঠনটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সংগঠনটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুব কমিটির সভাপতি তাসমিয়া আক্তার, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসাইন ও কার্যনির্বাহী সদস্য চাঁদনী আক্তার।

    শরণখোলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সর্বসাধারণের উপস্থিতিতে প্রভাত ফেরী শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

  • মোংলায় প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচছায় বরণ করলেন শ্রমিক কর্মচারীরা

    মোংলায় প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচছায় বরণ করলেন শ্রমিক কর্মচারীরা

    এবিএনএ, মাসুদ রানা,মোংলা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে ফুলের সংবর্ধনা জানালেন মোংলা বন্দর শ্রমিক সংগঠন সহ বিএনপির নেতৃবৃন্দরা। প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকা বাগেরহাট-৩ মোংলা রামপাল আসনের মোংলায় শনিবার প্রথম আগমনে মোংলাবাসীর পক্ষ থেকে ব্যাপক সংবর্ধনা দেয়া হয়।

    প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ২০ ফেব্রুয়ারি তিনি প্রথম নিজ এলাকায় সফর করেন। শনিবার বিকালে শ্রমিক-কর্মচারী সংঘ চত্ত্বরে মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পৌর বিএনপির সভাপতি মো: জুলফিকর অলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক মো: নাসির তালুকদার, গোলাম জনি সহ বিভিন্ন স্তরের মানুষ, বিএনপি নেতা-কর্মী এবং মোংলা বন্দর শ্রমিক সংঘ সংগঠনের নেতৃবৃন্দরা তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানায়।

    এর আগে সকালে তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলনে কক্ষে নৌপরিবহন মন্ত্রীর সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন। এসময় তারা বন্দরের উন্নয়নে নানাবিধ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এলাকার ইতিবাচক ও গঠনমূলক উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং মোংলা বন্দরকে আরও আধুনিক ও কর্মচঞ্চল করার প্রত্যয় ব্যক্ত করেন।

    সাথে তার সহধমিনী, ছেলে ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি বর্তমানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ছাড়াও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।

  • মাছের ঘেরে আতঙ্ক! ১২ ফুটের বিশাল অজগর উদ্ধার, গভীর রাতে সুন্দরবনে অবমুক্ত

    মাছের ঘেরে আতঙ্ক! ১২ ফুটের বিশাল অজগর উদ্ধার, গভীর রাতে সুন্দরবনে অবমুক্ত

    এবিএনএ,বাগেরহাট: বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার এলাকায় একটি মাছের ঘের থেকে প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সেচ দিতে গিয়ে ঘেরের ভেতরে বিশাল আকৃতির সাপটি দেখতে পান এক স্থানীয় ঘের মালিক। মুহূর্তে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে তিনি বন বিভাগকে বিষয়টি জানান।

    খবর পেয়ে বন বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সতর্কতার সঙ্গে অজগরটিকে নিয়ন্ত্রণে এনে রাতেই সুন্দরবন–এর শরণখোলা রেঞ্জ অফিসের আশপাশের নিরাপদ এলাকায় অবমুক্ত করা হয়। উদ্ধারকাজে স্থানীয়রাও সহযোগিতা করেন।

    শরণখোলা রেঞ্জের কর্মকর্তারা জানান, সুন্দরবনসংলগ্ন এলাকায় বসতি ও জলাশয় থাকায় খাবারের সন্ধানে বন্যপ্রাণী মাঝে মাঝে লোকালয়ে ঢুকে পড়ে। অজগরটি সম্ভবত শিকারের খোঁজে ঘেরের দিকে চলে এসেছিল।

    বন বিভাগ স্থানীয়দের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছে—এ ধরনের ঘটনায় আতঙ্কিত না হয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে। এতে মানুষ ও বন্যপ্রাণী—উভয়েরই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।