Category: খেলাধুলা

  • ডেনমার্ককে হারিয়ে রিও অলিম্পিকের কোয়ার্টারে ব্রাজিল

    ডেনমার্ককে হারিয়ে রিও অলিম্পিকের কোয়ার্টারে ব্রাজিল

    এ বি এন এ : গ্রুপ পর্বের দুই ম্যাচে গোলশূন্য ড্রয়ের তীব্র সমালোচনার মুখে ছিল ব্রাজিল ফুটবল দল। প্রথমবার স্বর্ণ জয়ের স্বপ্ন নিয়ে রিও অলিম্পিক ফুটবলে অংশ নিলেও গ্রুপপর্ব থেকেই বাদ পড়ার শঙ্কা দেখা দিয়েছিল তাদের। কিন্তু গ্যাব্রিয়েল বারবোসার জোড়া গোল আর গ্যাব্রিয়েল জেসুস ও লুয়ানের একটি করে গোলে আজ ডেনমার্ককে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ব্রাজিল।
    ব্রাজিলের গ্রুপে দক্ষিণ আফ্রিকা-ইরাকের মধ্যে হওয়া অপর ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় এই গ্রুপ থেকে শেষ আটে উঠেছে ব্রাজিল ও ডেনমার্ক। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিল সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কলম্বিয়ার বিপক্ষে খেলবে, আর ডেনমার্ক মুখোমুখি হবে নাইজেরিয়ার।
    সালভাদরের ফন্তে নোভা অ্যারেনায় বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকাল ৭টায় শুরু হওয়া ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ব্রাজিল। প্রথম দুই ম্যাচে গোল করতে না পারায় দর্শকদের দুয়ো শুনতে হয়েছিল নেইমারদের। তবে এদিন গ্যালারিতে ছিল স্বাগতিক দর্শকদের উল্লাস।
    ম্যাচের ২৬ মিনিটে দর্শকদের সেই উল্লাসটা বাড়িয়ে দেন গ্যাব্রিয়েল বারবোসা। বাঁ দিক থেকে ডগলাস সান্তোসের বাড়ানো বল তিনি ছয় গজ দূর থেকে জালে জড়িয়ে দেন (১-০)। বিরতিতে যাওয়ার আগে স্বাগতিকদের ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল জেসুস। দারুণ এক হাফ ভলিতে বল জালে জড়িয়ে দেন ১৯ বছর বয়সি ফরোয়ার্ড।
    বিরতির পর ৫০ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন লুয়ান। আর ৮০ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে স্বাগতিকদের বড় জয় নিশ্চিত করেন বারবোসা।
  • কোয়ার্টার ফাইনালে ফেবারিটরা

    কোয়ার্টার ফাইনালে ফেবারিটরা

    এ বি এন এ : রিও অলিম্পিক গেমসের নারী ফুটবলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল, যুক্তরাষ্ট্রসহ ফেবারিট দলগুলো। গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোলশূন্য ড্র করলেও ‘ই’ গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ আটের টিকিট পেয়েছে স্বাগতিক ব্রাজিল।
     জয়রথ থেমেছে যুক্তরাষ্ট্রেরও। প্রথম দুই খেলায় জয় পাওয়া দলটি গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় কলম্বিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে। এই ড্র’র পরও যুক্তরাষ্ট্র ‘জি’ গ্রুপ চ্যাম্পিয়ন। শতভাগ জয়ের ধারা ধরে রেখে গ্রুপ পর্ব শেষ করেছে কানাডা। নিজেদের শেষ খেলায় ‘এফ’ দলটি ২-১ গোলে গোলে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে। হারলেও নক-আউট পর্বের টিকিট পেতে সমস্যা হয়নি জার্মান নারীদের। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা অপর দলগুলো হলো, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সুইডেন এবং চীন। শুক্রবার অনুষ্ঠিত হবে এই রাউন্ডের খেলা।
    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বেশক’বারই ব্রাজিলের জয়ের সুযোগ তৈরী হয়েছিলো। এর মধ্যে খেলার শেষ দিকে স্বাগতিক দলটির দারুণ একটি প্রচেষ্টা আটকে দেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রোক্সানে বার্কার। খেলাটিতে শুরু থেকে ছিলেন না ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা মারতা। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামলেও দলকে জেতাতে পারেননি তিনি। শেষ আটে ব্রাজিল মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার সঙ্গে, যারা ‘এফ’ গ্রুপে নিজেদের শেষ খেলায় জিম্বাবুয়েকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
    এদিকে, কলম্বিয়ার বিপক্ষে খেলায় প্রথমে পিছিয়ে পড়ে ফেবারিট যুক্তরাষ্ট্র। গোলরক্ষক হোপ সলোর ইনজুরির সুযোগ নিয়ে এগিয়ে যায় ‘জি’ গ্রুপের তলানিতে থাকা দলটি। এরপর খেলায় ঘুরে দাড়ায় যুক্তরাষ্ট্র। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে কোনো সমস্যা হয়নি তাদের। কোয়ার্টার ফাইনালে ২০০৮ ও ২০১২ সালের অলিম্পিকে স্বর্ণ জেতা যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে সুইডেনের সঙ্গে। কোয়ার্টার ফাইনালের অপর ম্যাচগুলোতে জার্মানি মুখোমুখি হবে চীনের সঙ্গে।
  • জিমন্যাস্টিক্সের মুকুট ধরে রাখল যুক্তরাষ্ট্রের মেয়েরা

    জিমন্যাস্টিক্সের মুকুট ধরে রাখল যুক্তরাষ্ট্রের মেয়েরা

     
  • অলিম্পিক টেনিসের কোয়ার্টারের পথে সেরেনা

    অলিম্পিক টেনিসের কোয়ার্টারের পথে সেরেনা

    এ বি এন এ : লন্ডন অলিম্পিকের পর রিওতেও স্বর্ণজয়ের লক্ষ্যে এগিয়ে চলছেন নারী টেনিসের এক নম্বর তারকা সেরেনা উইলিয়ামস। ভেনাস উইলিয়ামস প্রথম রাউন্ডে ছিটকে গেলেও কোর্টে নিজের আধিপত্য অব্যাহত রাখছেন এই মার্কিন তারকা।
    রিও অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে ইউক্রেনের ইলিনা ভিতোলিনার বিপক্ষে কোর্টে নামবেন সেরেনা। যিনি ব্রিটিশ হেদার ওয়াটসনকে ৬-৩, ১-৬, ৬-৩ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের বাধা পার করেন।
    ফ্রেঞ্চ তরুণী অ্যালাইজ কোর্নেটের বিপক্ষে প্রথম সেটে তুমুল প্রতিদ্বন্দ্বিতাই হয়। ৭-৬ (৭-৫) গেমের কষ্টার্জিত জয়ে লিড নেন সেরেনা। দ্বিতীয় সেটে অবশ্য প্রতিপক্ষকে আর সুযোগ দেননি। ৬-২ গেমের ব্যবধানে নিশ্চিত করেন তৃতীয় রাউন্ড।
    শেষ আটে পা রাখতে পারলে চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা বা রাশিয়ান ইকাতেরিনা মাকারোভার মুখোমুখি হবেন সেরেনা। সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকিকে সরাসরি সেট ৬-২, ৬-৪ গেমে হারান চেক তারকা কেভিতোভা। আর স্লোভাকিয়ান আনা ক্যারোলিনাকে ৩-৬, ৬-৪, ৬-২ গেমে পরাজিত করেন মাকারোভা।
  • ইতিহাস গড়ে জিমন্যাস্টের মূলপর্বে বাঙালি মেয়ে দীপা

    ইতিহাস গড়ে জিমন্যাস্টের মূলপর্বে বাঙালি মেয়ে দীপা

    এ বি এন এ : অলিম্পিকে নতুন ইতিহাস গড়লেন বাঙালি জিমন্যাস্ট দীপা কর্মকার। প্রথম বাঙালি হিসেবে জিমন্যাস্টিকের কোনও বিভাগে মূলপর্বে পৌছলেন ত্রিপুররো এই মেয়ে।
    অর্জনটা এর থেকেও বড় কারণ শুধু বাঙালী নয়, কোনো ভারতীয় এই কাজ আগে করতে পারেননি।
    নিজের তেইশতম জন্মদিনের আগের দিনই রিও অলিম্পিকে ভল্ট বিভাগে ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে জায়গা করে নিলেন দীপা।
    সবুজ-সাদা চকচকে ড্রেসে রিও এরিনায় যখন দৌড়চ্ছেন ত্রিপুরার বাঙালি মেয়েটা। তখনও কেউ ভাবেনি বাঙালিদের ইতিহাসে অলিম্পিকে সবচেয়ে উঁচু লাফ দিতে যাচ্ছেন তিনি। প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে অলিম্পিকের ফাইনালে উঠলেন তিনি।
    ৯৩ জন প্রতিযোগীর মধ্যে ভল্ট ইভেন্টে আট জনের ফাইনাল যাওয়ার কথা ছিল। প্রথম বার অলিম্পিকে এসে আপাতকঠিন সেই লক্ষ্যভেদ তো করলেনই।
    এর আগে কোনও ভারতীয় নারী জিমন্যাস্ট অলিম্পিকে যাওয়ার যোগ্যতাই অর্জন করতে পারেননি। বাছাই পর্বে ১৪ দশমিক ৮৫ পয়েন্ট পেয়ে অষ্টম স্থান পেয়ে মূলপর্বে পৌছেছেন দীপা।
    ১৪ আগস্ট বাংলাদেশ সময় রাত পৌনে বারটায় ফাইনালে নামছেন দীপা কর্মকার। তবে ভল্ট বিভাগে দুর্দান্ত পারফরম করলেও আন ইভেন বার, ব্যালেন্সিং বিম, ফ্লোর এক্সারসাইজে দীপা মূলপর্বে যোগ্যতা অর্জন করতে পারেননি।
  • অলিম্পিকে ফেলপসের স্বর্ণ জয়

    অলিম্পিকে ফেলপসের স্বর্ণ জয়

    এ বি এন এ : অলিম্পিকে সাঁতারে স্বর্ণ জয় করলেন যুক্তরাষ্ট্রের সাঁতারু মাইকেল ফেলপস। সতীর্থদের সঙ্গে ৪x১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে তিনি প্রথম স্বর্ণ পেয়েছেন। নিজের অলিম্পিক ক্যারিয়ারে ১৯ বারের মতো স্বর্ণ জিতলেন ৩১ বছর বয়সী কিংবদন্তি সাঁতারু।
    অলিম্পিক গেমসের দ্বিতীয় দিনে বাংলাদেশ সময় সোমবার সকালে আবারো পুলে ঝড় তোলেন ১৮টি স্বর্ণসহ ২২টি অলিম্পিক পদক বাড়িতে রেখে আসা ফেলপস। পঞ্চম অলিম্পিকে এসে প্রথম ইভেন্টেই স্বর্ণ জিতলেন এই জলদানব।
    প্রথম লেগে এগিয়ে ছিল লন্ডন অলিম্পিকের সোনা জেতা ফ্রান্স। কিন্তু দ্বিতীয় লেগে ফেলপস জলে ঝাঁপিয়েই এগিয়ে দিলেন দলকে। সতীর্থরা লিড ধরে রেখে স্বর্ণ হাতছাড়া করেননি। রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ফ্রান্সকে। অস্ট্রেলিয়া দল পায় ব্রোঞ্জ।
  • সিপিএলে চ্যাম্পিয়ন সাকিবের জ্যামাইকা

    সিপিএলে চ্যাম্পিয়ন সাকিবের জ্যামাইকা

    এ বি এন এ : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালাওয়াশ। সোমবার ফাইনাল ম্যাচে গায়েনা আমাজন ওয়ারিওর্সকে উড়িয়ে দিয়েছে তারা। এক তরফা ম্যাচটিতে জিতেছে ৯ উইকেটের ব্যবধানে।

    টসে জিতে প্রথমে বোলিং বেছে নেয় জ্যামাইকা। শুরুতেই দাপট দেখায় বোলাররা। তাতে মাত্র ১৬.১ ওভারে ৯৩ রান সংগ্রহ করতেই গায়েনাকে অল আউট করে দেন সাকিবরা।

    জবাবে ব্যাট করতে নামা জ্যামাইকার অধিনায়ক ক্রিস গেইলের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ১২.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় দলটি। তাতে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মেতে ওঠে তারা।

    সাকিব বল হাতে দারুণ অবদান রেখেছেন। চার ওভারে ২৫ রান দিয়ে তুলে নিয়েছেন দুটি উইকেট। ক্রিস লিয়ন ও জ্যাসন মোহাম্মদ তার শিকারে পরিণত হন।

    জ্যামাইকার হয়ে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন ইমাদ ওয়াসিম। চার ওভারে ২১ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন। কেসক্রিক উইলিয়ামস ২ ওভারে ১২ রান দিয়ে পেয়েছেন দুটি উইকেট। বাকি উইকেট দুটি নিয়েছেন আন্দ্রে রাসেল ও থমাস।

    গায়েনার ব্যাটসম্যাদের মধ্যে সোহাইল তানভীর সর্বোচ্চ ৪২ রান করেন। এছাড়া ডোয়াইন স্মিথের ১৭ রান ও ব্রানওয়েলের ১০ রান দুই অঙ্কের ঘরের স্কোর।

    লক্ষ্য তাড়া করতে নেমে গেইল স্বভাবসুলভ ঝড় তোলেন। তাতে মাত্র ২৭ বলে ৫৪ রান করেন। তিনটি চারের সঙ্গে ছয়টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। পরে ইমরিতের বলে জ্যাকবের হাতে ক্যাচ আউট হন।

    জ্যামাইকার ওয়ালটন ২৫ ও সাঙ্গাকারা ১২ রান নিয়ে অপরাজিত থাকেন।

  • পানি ভয় পাওয়া ছেলেটিরই বিশ্ব রেকর্ড সাঁতারে!

    পানি ভয় পাওয়া ছেলেটিরই বিশ্ব রেকর্ড সাঁতারে!

    এ বি এন এ : খুব বেশি বয়স হয়নি ব্রিটেনের সাঁতারু অ্যাডাম পিটির। বয়স ২১ হতে না হতেই দেশকে তিনি উপহার দিয়েছেন অলিম্পিক সোনা! তাও যেই–সেই সোনা নয়! ১৯৮৮ সালের সিউল অলিম্পিকের পর থেকেই সাঁতারে ব্রিটিশদের আরাধ্য সোনাটি এল পিটির হাত ধরে। অথচ ছেলেবেলায় এই পিটিই নাকি পানিকে প্রচণ্ড ভয় পেতেন!

    পিটি সোনা জিতেছেন বিশ্ব রেকর্ড গড়েই। ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকেই আজ থেকে ২৮ বছর আগে শেষবারের মতো ব্রিটেনকে সোনা এনে দিয়েছিলেন অ্যাড্রিয়ান মুরহাউজ। অথচ সাঁতার তো দূরে থাক, গায়ে পানি পর্যন্ত ঢালতে ভীষণ ভিতু ছিলেন শৈশবে। স্ট্যাফোর্ডশায়ারের উটোজেটার শহরের স্থানীয় সুইমিং পুলে যখন নিয়ে যাওয়া হয়েছিল, এত তারস্বরে চিৎ​কার করেছিলেন, মা বলেছিলেন, থাক সাঁতরাতে হবে না। সেই ছেলেটাই এবার প্রায় তিন দশকের অপেক্ষা ঘোচাল ব্রিটিশদের।

    হিটেই বোঝা যাচ্ছিল এই ইভেন্টে পিটিকে খুব একটা বড় প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে না। সেখানেই তাঁর টাইমিং ছিল ৫৭.৫৫ সেকেন্ড। মূল প্রতিযোগিতায় তিনি সময় নেন ৫৭.১৩ সেকেন্ড। এই ইভেন্টে লন্ডন অলিম্পিকের সোনাজয়ী ক্যামেরন ফন ডার বার্গ ৫৮.৬৯ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন রুপা। ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের কডি মিলার। তিনি সময় নিয়েছেন ৫৮.৮৭ সেকেন্ড।

  • মুস্তাফিজের অস্ত্রোপচার বৃহস্পতিবার

    মুস্তাফিজের অস্ত্রোপচার বৃহস্পতিবার

    এ বি এন এ : অবশেষে ঠিক হলো মুস্তাফিজুর রহমানের অস্ত্রোপচারের তারিখ। আগামী বৃহস্পতিবার লন্ডনের ফর্টিয়েস হাসপাতালের শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেসের অধীনেই হতে যাচ্ছে বাঁহাতি পেসারের কাঁধের অস্ত্রোপচার—নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস।
    মুস্তাফিজের বাঁ কাঁধের চোট সারাতে গত সপ্তাহে অস্ত্রোপচারের পরামর্শ দেন টনি কোচার। কিন্তু বিসিবি চেয়েছিল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও দু-একজন বিশেষজ্ঞের মতামত নিতে। ম্যানচেস্টারের লেনার্ড ফাঙ্ক ও অস্ট্রেলিয়ার শল্যবিদ গ্রেগ হয়ের সঙ্গে তাই যোগাযোগ করা হয়। এ কারণেই খানিকটা দেরি হয়েছে মুস্তাফিজের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে।
    কাল স্থানীয় সময় পাঁচটায় (বাংলাদেশ সময় রাত দশটায়) মুস্তাফিজ দেখা করেন ওয়ালেসের সঙ্গে। জালাল ইউনুস বলেছেন, ‘ওয়ালেসের সঙ্গে দেখা করার পরই অস্ত্রোপচারের তারিখ নির্ধারিত হয়েছে। ১১ আগস্ট বৃহস্পতিবার লন্ডনের ফর্টিয়েস হাসপাতালে হবে মুস্তাফিজের অস্ত্রোপচার।’
    এই অস্ত্রোপচারের পর কম করে হলেও পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে মুস্তাফিজকে।

  • রাতে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

    রাতে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

    এ বি এন এ : রিও অলিম্পিক ফুটবলের জমজমাট আসর শুরু হচ্ছে আজ রাত থেকেই। উদ্বোধনী দিনে বাংলাদেশ সময় আজ রাত ১টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে স্বাগতিক ব্রাজিল। টানা দুইবার অলিম্পিক ফুটবলে সোনা জেতা মেসি-ম্যারাডোনা-বাতিস্তুতার দেশ আর্জেন্টিনার আজকের প্রতিপক্ষ রোনালদো-ফিগোদের পর্তুগাল। ২০০৪ ও ২০০৮ সালে স্বর্ণ জয়ী আর্জেন্টাইনদের বিপক্ষে রাত তিনটায় মাঠে নামবে পর্তুগিজরা।

    আয়োজক দেশ ব্রাজিলের গ্রুপে আছে ডেনমার্ক, দক্ষিণ আফ্রিকা আর ইরাক। আর্জেন্টিনাকে লড়তে হবে হন্ডুরাস-পর্তুগালের বিপক্ষেও।

    লড়াই করেই স্বর্ণ জিততে হবে ফেভারিটদের। ০৪ আগস্ট শুরু হবে ফুটবলের জমজমাট এই আসর শেষ হবে আগামী ২০ আগস্ট। রিও ডি জেনেইরোর মারাকান স্টেডিয়ামে ফাইনালের মধ্যদিয়ে আসরের পর্দা নামবে।

    এবারের আসরে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। অলিম্পিকের আসরে কখনোই স্বর্ণ জেতা হয়নি সেলেকাওদের। ‘বি’ গ্রুপে রয়েছে ১৯৯৬ অলিম্পিকের স্বর্ণ জয়ী নাজেরিয়া। ‘সি’ গ্রুপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মেক্সিকো। আর ‘ডি’ গ্রুপে রয়েছে ২০০৪ ও ২০০৮ সালের স্বর্ণ জয়ী আর্জেন্টিনা।

    ১৯৮৪, ১৯৮৮ ও ২০১২ সালে রৌপ পদক জয়ী ব্রাজিলের অলিম্পিক মিশন শুরু হচ্ছে নেইমারের হাত ধরে। ব্রাজিল যেদিন অলিম্পিকের অধরা শিরোপা জিততে মাঠে নামবে সেদিন গ্রুপের অন্য দুই দল ডেনমার্ক ও ইরাক পরষ্পরের মুখোমুখি হবে।

    ‘বি’ গ্রুপে নাজেরিয়ার সঙ্গে রয়েছে সুইডেন, কলম্বিয়া ও জাপান। ‘সি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন মেক্সিকোর সঙ্গে রয়েছে গতবারের ব্রোঞ্জ পদক জয়ী দক্ষিণ কোরিয়া, জার্মানি ও ফিজি। এদিকে, ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গী হয়েছে পর্তুগাল, হন্ডুরাস ও আলজেরিয়া।

    পুরুষদের ফুটবলে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। ফলে দ্বিতীয় রাউন্ডই কোয়ার্টার ফাইনাল। প্রত্যেক গ্রুপ থেকে দুটি করে দল যাবে কোয়ার্টার ফাইনালে। ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলেরই কাজটা কঠিন হওয়ার কথা নয়। অনূর্ধ্ব-২৩ দলকেই পাঠানো হয় অলিম্পিকে। তবে তিনজন সিনিয়র ফুটবলার খেলতে পারবেন।

    নারী ফুটবলে ব্রাজিলের মেয়েদের লড়তে হবে সুইডেন, চীন আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। চারবার অলিম্পিকের স্বর্ণ জেতা আমেরিকা খেলবে ফ্রান্স, নিউজিল্যান্ড আর কলম্বিয়ার বিপক্ষে।

    ছেলেদের ফুটবলের গ্রুপিং:
    গ্রুপ ‘এ’: ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইরাক, ডেনমার্ক

    গ্রুপ ‘বি’: সুইডেন, কলম্বিয়া, নাইজেরিয়া, জাপান

    গ্রুপ ‘সি’: জার্মানি, মেক্সিকো, ফিজি, দক্ষিণ কোরিয়া

    গ্রুপ ‘ডি’: আর্জেন্টিনা, পর্তুগাল, আলজেরিয়া, হন্ডুরাস

    আজকের খেলা:
    ইরাক-ডেনমার্ক       ব্রাসিলিয়া          রাত ১০টা

    হন্ডুরাস-আলজেরিয়া  রিও ডি জেনেইরো  রাত ১২টা

    ব্রাজিল-দ. আফ্রিকা   ব্রাসিলিয়া         রাত ১টা

    মেক্সিকো-জার্মানি    সালভাদর           রাত ২টা

    পর্তুগাল-আর্জেন্টিনা  রিও ডি জেনেইরো   রাত ৩টা

    সুইডেন-কলম্বিয়া     মানাউস              রাত ৪টা

    ফিজি-দ. কোরিয়া    সালভাদর            ভোর ৫টা

    নাইজেরিয়া-জাপান   মানাউস            পরদিন সকাল ৭টা