Category: এক্সক্লুসিভ

  • যুক্তরাজ্যকে ইইউতে থাকার পরামর্শ ওবামার

    যুক্তরাজ্যকে ইইউতে থাকার পরামর্শ ওবামার

    এবিএনএ : সন্ত্রাসবিরোধী কার্যক্রম আরও জোরাল করতে যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়ন না ছাড়ার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

    তিন দিনের সফরে ওবামা বৃহস্পতিবার যুক্তরাজ্যে যান। এই সফর শেষে তিনি জার্মানি যাবেন।

    সফরে শুক্রবার যুক্তরাজ্যের রাণী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে ওবামা ও ফাস্ট লেডি মিশেল ওবামা মধ্যাহ্নভোজে অংশ নিবেন। পরে তারা ডিউক ও ডাচেস অব কেমব্রিজের সঙ্গে ডিনার করবেন।

    এ ছাড়া দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনেও অংশ নেয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের।

    এদিকে, যুক্তরাজ্য সফরের আগে ওবামা দুদিনের সফরে সৌদি আরব যান। সেখানে তিনি সৌদি বাদশাহ সালমানের সঙ্গে বৈঠক করেন।

    এ ছাড়া উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সম্মেলনে যোগ দিয়ে ওবামা জঙ্গিগোষ্ঠি আইএস মোকাবেলায় আরব মিত্র দেশগুলোর কাছে আরও সহযোগিতা চান।

  • যুক্তরাষ্ট্রে ‘ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র’ চালু

    যুক্তরাষ্ট্রে ‘ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র’ চালু

    এবিএনএ : যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো চালু করা হলো ‘ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র’। ম্যাসাচুসেটেস অঙ্গরাজ্যের ওরচেস্টার শহরে ঐতিহ্যবাহী বেকার কলেজে গত মঙ্গলবার সন্ধ্যায় নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে ‘ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র’ প্রতিষ্ঠার ঘোষণা দেন বেকার কলেজের প্রেসিডেন্ট ড. রবার্ট ই. জনসন। মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এটাই প্রথম ‘ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র’ বলে দাবি করা হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এবিএনএ।

    ম্যাসাচুসেটস স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বৈশ্বিক উৎকর্ষের অন্যতম কেন্দ্র। কেন্দ্রিয় ম্যাসাচুসেটসে অবস্থিত ২৩০ বছরের পুরনো ঐতিহ্যবাহী এ বেকার কলেজের ঐতিহাসিক মেকানিক্স হলে ঐদিন প্রফেসর ইউনূস কীনোট স্পিকার হিসেবে প্রেসিডেনসিয়াল বক্তৃতাও প্রদান করেন। ‘ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র’ স্বাস্থ্যসেবা সহ সমাজের বিভিন্ন সমস্যার টেকসই সমাধান সৃষ্টির লক্ষ্যে কাজ করবে বলে উল্লেখ করা হয়।

    প্রায় দেড় হাজার দর্শক-শ্রোতার অংশগ্রহণে এই জনাকীর্ণ বক্তৃতায় প্রফেসর ইউনূস তরুণ সমাজকে ভিন্নভাবে চিন্তা করতে, তাদের সৃষ্টিশীলতা দিয়ে তারা যে রকম পৃথিবী চায় বর্তমান পৃথিবীকে সেভাবে গড়ে নিতে এবং সমাজে প্রচলিত চাকরী খোঁজার মত সংকীর্ণ ভূমিকা থেকে বেরিয়ে আসতে চ্যালেঞ্জ জানান। তিনি বেকার কলেজকে ‘ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র’ চালুর জন্য অভিনন্দন জানান যা মার্কিন যুক্তরাষ্ট্রে রূপান্তরমূলক পরিবর্তন সৃষ্টি সহ নানাবিধ ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে। উপস্থিত নেতৃস্থানীয় ব্যবসায়ীগণ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ তাঁর বক্তৃতার পর দাঁড়িয়ে তুমুল করতালির মাধ্যমে প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানান।

    ম্যাসাচুসেটসের দীর্ঘদিনের কংগ্রেসম্যান জিম ম্যাকগভার্ন এই বক্তৃতা অনুষ্ঠানে যোগ দেন এবং প্রফেসর ইউনূসের বক্তৃতার পর তাঁর সাথে এক বৈঠকে মিলিত হন। এই অনুষ্ঠানে বেকার কলেজের প্রেসিডেন্ট ড. রবার্ট ই. জনসন প্রফেসর ইউনূসকে কলেজের সর্বোচ্চ সম্মাননা ‘প্রেসিডেনসিয়াল মেডেল’ প্রদান করেন। এ ছাড়াও শিক্ষার্থীদের মধ্যে রায়ান কাস্ট্রো, রেবেকা গ্যাগনন, রাকিবুল হৃদয়, কেলী হোয়েকস্ট্রা,অ্যারোন জোন্স, সাম কানু, অ্যামেলিয়া কারাইয়ান্স, র‍্যাকুয়েল নাইটস, অ্যামিলি ম্যাকেঞ্জি,থামিরেস নুনেস ও কেরী সাল্টভিক প্রফেসর ইউনূস সাক্ষাৎ করেন। এর আগে শিক্ষার্থীদের মাঝে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে নিয়ে লেখা রচনা প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

  • যুক্তরাষ্ট্রে লিঙ্গান্তরিতদের টয়লেট আইন নিয়ে বিতর্ক

    যুক্তরাষ্ট্রে লিঙ্গান্তরিতদের টয়লেট আইন নিয়ে বিতর্ক

    এবিএনএ : যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে দু সপ্তাহ আগে ‘পাবলিক ফেসিলিটিস্ প্রিভেসি অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট’নামে বির্তকিত এক আইন পাশ করা হয়। সংক্ষেপে এর নাম দেয়া হয়েছে ‘টয়লেট আইন’। এই আইনে বিশেষভাবে যারা লিঙ্গান্তর করেছেন তাদের টয়লেট ব্যবহারের ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করে বলা হয়েছে। জন্ম সনদে তাদের যে লিঙ্গ লেখা আছে তারা সেই লিঙ্গের জন্য নির্ধারিত টয়লেটই শুধু ব্যবহার করতে পারবেন।

    অর্থাৎ জন্মের সময় যে নারী ছিল, সে পরবর্তীকালে লিঙ্গ বদলে পুরুষ হলেও তাকে ব্যবহার করতে হবে নারীদের টয়লেট এবং জন্মের সময় যারা পুরুষ ছিলেন তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। এই আইনে অবশ্য সমকামীদেরও বৈষম্যের শিকার করা হয়েছে বলে অভিযোগ তাদের। তাদের বক্তব্য, সমকামীদের সুযোগ সুবিধা সংক্রান্ত কোনো বিধি এই আইনের কারণে পাশ করা যাবে না।

    নর্থ ক্যারোলিনার এই আইন যুক্তরাষ্ট্রের সব নাগরিকের জন্য সমান অধিকারের পরিপন্থী এবং মানবাধিকারের লংঘন বলে বিভিন্ন রাজ্যে মানুষ বিক্ষোভ প্রদর্শন করছে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ব্রুস স্প্রিংটিন নর্থ ক্যারোলাইনার সবচেয়ে বড় শহর গ্রিনসবরোয় তাঁর রবিবারের সঙ্গীতানুষ্ঠান বাতিল করে দিয়েছেন। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসায়ী এবং রাজনীতিকরাও এই আইনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।

  • আমেরিকায় হামলা করতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র উ. কোরিয়ার হাতে

    আমেরিকায় হামলা করতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র উ. কোরিয়ার হাতে

    এবিএনএ : উত্তর কোরিয়া বলেছে দেশটি আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম’এর ইঞ্জিনের সফলপরীক্ষা করেছে। এতে দেশটি আমেরিকার ওপর পরমাণু পরীক্ষা চালানোর সক্ষমতা অর্জন করবে।

    এবিএনএ ও উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ আজ(শনিবার) খুব ভোরে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে দেশটির নেতা কিম জং-উন এ পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছেন এবং ব্যক্তিগত ভাবে তা নজরদারি করেছেন। অবশ্য পরীক্ষা কবে চালানো হয়েছে খবরে তা উল্লেখ করা হয় নি।

    এ পরীক্ষা প্রসঙ্গে কিম বলেছেন, এ সফলতা মার্কিন সাম্রাজ্যবাদ এবং অন্যান্য বৈরি শক্তির ওপর ভিন্ন ভাবে পরমাণু হামলা চালানোর নিশ্চয়তা উত্তর কোরিয়াকে দিয়েছে।

    পিয়ংইয়ং চলতি বছরের রাষ্ট্রীয় বাজেটের ১৫.৮ শতাংশ প্রতিরক্ষা খাতে বরাদ্দ করেছে। জানুয়ারি মাসের গোড়ার দিকে হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা করেছে উত্তর কোরিয়া।
    জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এর এক মাস পরে কক্ষপথে উপগ্রহ পাঠায় দেশটি। এ ছাড়া, চলতি বছরে কয়েক দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষাও করেছে দেশটি। এতে কোরিয় উপদ্বীপে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে।

  • যুক্তরাষ্ট্রে নির্বাচনী কুরুক্ষেত্র এখন নিউইয়র্ক

    যুক্তরাষ্ট্রে নির্বাচনী কুরুক্ষেত্র এখন নিউইয়র্ক

    এবিএনএ : উইসকনসিনের প্রাইমারি ভোটে মঙ্গলবার বেধড়ক মার খেয়ে হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প এখন নজর দিয়েছেন নিউইয়র্কের ওপর। তাঁদের পিছু পিছু এই শহরে এসে হাজির হয়েছেন তাঁদের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স ও টেড ক্রুজ। ১৯ এপ্রিল এই রাজ্যে প্রাইমারি নির্বাচন।

    সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী, হিলারি ও ট্রাম্প তাঁদের প্রতিদ্বন্দ্বীদের চেয়ে স্বস্তিদায়ক নিরাপদ দূরত্বে রয়েছেন। এটি তাঁদের নিজস্ব রাজ্য এবং এখানে বড় ব্যবধানে জয় ছাড়া সামনে এগোনো তাঁদের পক্ষে কঠিন হবে। অন্যদিকে, বার্নি স্যান্ডার্স ভারমন্ট থেকে নির্বাচিত সিনেটর হলেও পোলিশ অভিবাসী পিতা-মাতার সঙ্গে নিউইয়র্কের ব্রুকলিনে তাঁর শৈশব ও যৌবন কাটিয়েছেন। এই শহরে তাঁর শেকড় বেশ গভীর। একমাত্র টেড ক্রুজই এখানে ‘বহিরাগত’। তাঁর প্রতি সমর্থনও নামমাত্র। এমনকি ওহাইয়োর গভর্নর জন কেইসিক এখানে ক্রুজের চেয়ে জনমত জরিপে এগিয়ে।
    বুধবার ট্রাম্প নিউইয়র্কে একাধিক জনসভায় অংশগ্রহণ করেন। ‘আহ, ঘরে ফিরে কী ভালো লাগছে’, তিনি আনন্দ প্রকাশ করে বলেন। ট্রাম্প গভীর আত্মবিশ্বাসের সঙ্গে ‘মিথ্যাবাদী ক্রুজকে’ পরাজিত করার ও রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার কথা ঘোষণা করেন। ইতিপূর্বে ক্রুজ ‘নিউইয়র্ক মূল্যবোধের’ জন্য ট্রাম্পের সমালোচনা করেছিলেন। ট্রাম্প সে কথা স্মরণ করে তাঁকে নতুন করে আক্রমণ করে বলেন, ‘ক্রুজ আজ এই শহরে এসেছেন, কিন্তু তাঁর সভায় এক শ মানুষও আসেনি। আমার মনে হয় তাঁকে আমরা হিসাব থেকে বাদ দিতে পারি।’ লং আইল্যান্ডের জনসভায় তুমুল করতালির মধ্যে তিনি এ কথা ঘোষণা করেন। নিউইয়র্কে তাঁর বিজয়ের কোনো সম্ভাবনা নেই জেনেও ক্রুজ বুধবার আফ্রিকান-আমেরিকান অধ্যুষিত ব্রঙ্কস ও ম্যানহাটন সফর করেন। প্রতি অনুষ্ঠানেই তিনি প্রবল সমালোচনা ও বিদ্রূপের সম্মুখীন হন। ব্রঙ্কসে তিনি কথা বলার সময় বারবার বাধা দেওয়ায় একজন বিক্ষোভকারীকে সভাস্থল থেকে বের করে দেওয়া হয়।
    নিউইয়র্কের ডেইলি নিউজ পত্রিকা ক্রুজের এই সফরকে ঠাট্টা করে লেখে, তিনি এখানে রীতিমতো ‘ক্রুশবিদ্ধ’ হয়েছিলেন। একজন দর্শকের মন্তব্য উদ্ধৃত করে পত্রিকাটি জানায়, হিস্পানিক পদবি আছে বলে যে তিনি নিজে একজন হিস্পানিক, তা ভাবার কোনো কারণ নেই। উল্লেখ্য, ক্রুজের বাবা কিউবা থেকে আগত অভিবাসী।

    ব্রঙ্কসবরোর নির্বাচিত প্রেসিডেন্ট রুবেনডিয়াজও ক্রুজের বহিরাগত অবস্থানের জন্য তীব্র সমালোচনা করে বলেন, ‘এই লোকটি এখানে এসেছে আমাদের ভোট চাইতে, অথচ দুদিন আগেও সে আমাদের মূল্যবোধের নামে বারবার অপমান করেছে।’
    অন্যদিকে, ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে হিলারি ক্লিনটন এই রাজ্যে বড় ধরনের বিজয় অর্জন করে নিজের অবস্থান সুদৃঢ় করতে চাইছেন। গত এক সপ্তাহ ধরেই তিনি এখানে একের পর এক রাজনৈতিক সভায় অংশ নিচ্ছেন। মঙ্গলবার উইসকনসিনে ভোটের দিন, তিনি এই ম্যানহাটনে রাজ্যের গভর্নর এন্ড্রু কুওমোর সঙ্গে ঘণ্টা প্রতি ১৫ ডলার বেতনের সমর্থনে এক সভায় অংশ নেন। সেখানে স্যান্ডার্স বা ট্রাম্পের নাম উল্লেখ না করে তিনি বলেন, তাঁর প্রতিদ্বন্দ্বীদের একজন যুক্তরাষ্ট্রের জনগণকে বিভক্ত করতে চান, অন্যজন বাস্তবসম্মত নয়, এমন সব কাগুজে পরিকল্পনার কথা বলছেন।
    বুধবার স্যান্ডার্সের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করে হিলারি বলেন, নিজেকে ডেমোক্রেটিক দাবি করলেও তিনি আদৌ ডেমোক্রেটিক দলের কেউ নন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি কখনো ডেমোক্রেটিক পার্টির জন্য অর্থ সংগ্রহে সাহায্য করেননি।
    দিন দু-এক আগে ডেইলি নিউজ পত্রিকায় এক সাক্ষাৎকারে স্যান্ডার্স বৃহৎ ব্যাংক সমূহ কয়েক খণ্ডে বিভক্ত করার এক পরিকল্পনা গুছিয়ে বলতে ব্যর্থ হন। সে কথা উল্লেখ করে ক্লিনটন বলেন, স্যান্ডার্স এখনো ঠিক ‘হোম ওয়ার্ক’ করে ওঠেননি। ভোটারদের খুশি করার জন্য যা খুশি বলছেন, কিন্তু সে সব কথা কি তিনি রাখতে পারবেন?
    ​হিলারি ক্লিনটন তাঁকে প্রেসিডেন্ট হওয়ার ‘অযোগ্য’ বলেছেন, এই অভিযোগ তুলে স্যান্ডার্স ফিলাডেলফিয়ায় এক ভাষণে বলেন, হিলারি সম্ভবত ভীত হয়ে অসংলগ্ন কথা বলা শুরু করেছেন। ‘আমার তো মনে তিনি নিজে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন।’ হিলারির সঙ্গে ওয়ালস্ট্রিটের গভীর সখ্যের কথা উল্লেখ করে স্যান্ডার্স বলেন, ব্যবসায়ীদের কাছ থেকে ১৫ মিলিয়ন ডলার চাঁদা তোলার পর তাঁকে প্রেসিডেন্ট পদের জন্য যোগ্য, সে কথা আর বলা যায় না।
    হিলারি ইতিপূর্বে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ প্রশ্নে স্যান্ডার্সের অবস্থান ধোঁয়াটে, সে কথা উল্লেখ করে আবারও কানেকটিকাটের স্যান্ডি হুক প্রাথমিক বিদ্যালয়ে নির্বিচার গোলাগুলিতে নিহত শিশুদের কাছে ক্ষমা চাওয়ার কথা বলেন। সে কথা উল্লেখ করে স্যান্ডার্স বলেন, হিলারির উচিত হবে ইরাকে নিহত হাজার হাজার মানুষের পরিবারের কাছে ক্ষমা চাওয়া। উল্লেখ্য, ইরাকে মার্কিন অভিযানের পক্ষে ভোট দিয়েছিলেন হিলারি, স্যান্ডার্স ওই অভিযানের বিরোধিতা করেছিলেন।
    সর্বশেষ জনমত গণনা অনুযায়ী হিলারি স্যান্ডার্সের তুলনায় ৮ থেকে ১০ পয়েন্টে এগিয়ে আছেন। এই রাজ্যের অধিকাংশ ‘সুপার ডেলিগেট’ বা দলীয় কর্মকর্তা ও নির্বাচিত প্রতিনিধি ক্লিনটনের প্রতি সমর্থন জানিয়েছেন। স্যান্ডার্স ‘ডেমোক্রেটিক’ নন, ক্লিনটনের এই সমালোচনার লক্ষ্য যে দলের ‘সুপার ডেলিগেটরা’ তাতে সন্দেহ নেই। তবে সুপার ডেলিগেটদের সমর্থনে বিস্তর এগিয়ে থাকলেও জাতীয় পর্যায়ে জনসমর্থনে হিলারি পিছিয়ে রয়েছেন স্যান্ডার্সের চেয়ে। তাঁর প্রতি ‘অবিশ্বাস’ এখনো প্রবল এবং এই মুহূর্তে নির্বাচন হলে তিনি ক্রুজ ও কেইসিকের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় পরাস্ত হবেন। একমাত্র ডোনাল্ড ট্রাম্পকেই তিনি সহজে পরাস্ত করতে সক্ষম। অন্যদিকে স্যান্ডার্স তরুণদের মধ্যে তাঁর সমর্থনের জোরে সব রিপাবলিকান প্রার্থীকেই বড় অঙ্কের ব্যবধানে পরাস্ত করতে সক্ষম।

  • হুমকিতে থাকা বাংলাদেশী ব্লগারদের আশ্রয় দিতে পারে যুক্তরাষ্ট্র

    হুমকিতে থাকা বাংলাদেশী ব্লগারদের আশ্রয় দিতে পারে যুক্তরাষ্ট্র

    এবিএনএ : দীর্ঘদিন ধরে চরম হুমকিতে আছেন এমন নির্দিষ্ট কয়েকজন বাংলাদেশী ব্লগারকে শরণার্থী হিসেবে আশ্রয় দিতে পারে যুক্তরাষ্ট্র। বুধবার রাতে ঢাকায় অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিম উদ্দিন সামাদকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনার পর এই আভাস দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

    স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র মার্ক সি টোনার জানান, হুমকিতে থাকা বাংলাদেশী ব্লগারদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দেয়ার বিষয়টি ভাবা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ের শুরুতেই বাংলাদেশে নাজিম হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলেন টোনার। তিনি বলেন, ব্রিফিংয়ের শুরুতেই গুরুত্বপূর্ণ একটি ইস্যু নিয়ে কথা বলব। আইনের ছাত্র নাজিমুদ্দিন সামাদের হত্যার তীব্র নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, বাংলাদেশে সহিংস জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলার জন্য তাকে হত্যা করা হয়েছে। এরপর সামাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইরত বাংলাদেশের জনগণের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন রয়েছ বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র।

    তিনি বলেন, নাজিমুদ্দিন জানতেন এবং বাংলাদেশের ইতিহাসও দেখিয়েছে যে, সহিংসতা বাংলাদেশের মুক্ত ও স্বাধীন মতকে হারাতে পারবে না। নির্মম হত্যাকাণ্ড বিরোধী বাংলাদেশী জনগণের পাশে আমরা আছি এবং বাকস্বাধীনতা রক্ষায় একটি সহনশীল ও অংশগ্রহণমূলক সমাজের প্রতি আমাদের সমর্থন আছে। সন্ত্রাসবাদ,সহিংস জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র অব্যাহত সমর্থন জানাবে বলেও জানান তিনি। মার্ক টোনার বলেন, দীর্ঘদিন ধরে টানা চরম হুমকিতে আছেন এমন নির্দিষ্ট কয়েকজন বাংলাদেশী ব্লগারকে মানবিক আশ্রয়ের বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।

    তবে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের আপত্তি আছে বলে জানান তিনি। সাধারণভাবে অনিবার্য জরুরি কারণে কোনো ব্যক্তিকে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের মানবিক আশ্রয় দেয়া হয়ে থাকে। তবে যুক্তরাষ্ট্রে মানবিক আশ্রয় দেয়ার বিষয়টি প্রশাসনিকভাবে দেখভালে দায়িত্বে থাকা নাগরিকত্ব ও অভিবাসন দফতরের প্রেস সচিব শিন ইনিওয়ি গোপনীয়তা আইনের কারণে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠনগুলো মার্কিন সরকারের কাছে বাংলাদেশী লেখকদের মানবিক আশ্রয় প্রদানের আহ্বান জানিয়েছিল। নাজিমকে হত্যার পর মানবাধিকার সংগঠনগুলো বাংলাদেশী ব্লগারদের আশ্রয় দিতে মার্কিন সরকারের কাছে ফের আবেদন জানায়।

    বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতিতে বলা হয়, নাজিমুদ্দিনকে নৃশংস উপায়ে হত্যার ঘটনা আবারও স্মরণ করিয়ে দেয় যে, মানুষের স্বাধীন মত প্রকাশের অধিকার রক্ষায় কর্তৃপক্ষ ব্যর্থ হচ্ছে। কয়েক ডজন ব্লগার জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন কিংবা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন উল্লেখ করে অ্যামনেস্টি বলে, ধর্মনিরপেক্ষ মতামত ও লেখালেখির কারণে ২০১৫ সালে কমপক্ষে চারজন ব্লগার ও একজন প্রকাশককে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের ঘটনায় কাউকে এখনো বিচারের মুখোমুখি করা হয়নি। পেন আমেরিকার বিবৃতিতে বলা হয়েছে, নাজিম উদ্দিনের হত্যাকাণ্ডকে বাংলাদেশ সরকারের ধারাবাহিক ব্যর্থতা। এ ঘটনা মুক্তচিন্তার মানুষ যে ভীতিকর নিষ্ঠুর পরিস্থিতির মধ্যে আছে, সেটাই নির্দেশ করে। পেন আমেরিকার স্বাধীন মত প্রকাশ বিষয়ক কর্মসূচির পরিচালক কারিন কার্লেকার ঝুঁকিতে থাকা মুক্তচিন্তার মানুষদের আশ্রয় দেয়ার জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের প্রতি আহ্বান জানান। প্রসঙ্গত, বুধবার রাত ৯টার দিকে সূত্রাপুর থানাধীন লক্ষ্মীবাজারের ঋষিকেশ দাস লেনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র নাজিমুদ্দিন সামাদকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এ ঘটনার পরই বাংলাদেশসহ সারা বিশ্বে সমালোচনা ঝড় ওঠে।

  • মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় নৌমহড়ায় আমেরিকা

    মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় নৌমহড়ায় আমেরিকা

    এবিএনএ : আমেরিকা মধ্যপ্রাচ্য বিশ্বের সবচেয়ে বড় নৌমহড়া শুরু করেছে। সোমবার বাহরাইনে শুরু হওয়া এ মহড়ায় বিশ্বের ৩০টির বেশি দেশ অংশ গ্রহণ করছে। বাহরাইনের মার্কিন ৫ম নৌবহরের ঘাটি রয়েছে। খবর আইআরআইবি।

    মার্কিন নৌ বাহিনীর সেন্ট্রাল কমান্ড আয়োজিত ইন্টারন্যশনাল মাইন কাউন্টারমেজার এক্সারসাইজ বা আএমসিএমইএক্স নামের মহড়া চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত চলবে বলে কথা রয়েছে।

    মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলো বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচলসহ জলদস্যু, সন্ত্রাসবাদ এবং মাইন প্রসঙ্গে অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে বলে দাবি করা হয়েছে। মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ডের ভাইস অ্যাডমিরাল কেভিন ডোনেগান এ দাবি করেন।

    সুয়েজখাল, বাবুল মান্দাব প্রণালী এবং হরমুজ প্রণালীসহ বিশ্বের সাগর পথের ছয়টি গুরুত্বপূর্ণ এলাকা এ অঞ্চলে অবস্থিত বলে উল্লেখ করেন অ্যাডমিরাল ডোনেগান। তিনি বলেন, ফলে বিশ্বের দেশগুলোর প্রশিক্ষণের চমৎকার সুবিধা মধ্যপ্রাচ্যে রয়েছে।

    মহড়ায় মাইন বিরোধী অভিযান, অবকাঠামো রক্ষা এবং বেসামরিক জাহাজ রক্ষায় নৌ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে গুরুত্ব দেয়া হবে। এ ছাড়া, এতে চালকহীন ডুবোযান এবং দ্রুতগামী জাহাজের মতো নতুন প্রযুক্তির কার্যকারিতাও যাচাই করা হবে।

  • আদিবাসী নেতার মৃত্যু

    আদিবাসী নেতার মৃত্যু

    এবিএনএ : যুক্তরাষ্ট্রের আদি অধিবাসী বিষয়ক ইতিহাসবিদ, সাবেক যোদ্ধা ও মন্টানা অঙ্গরাজ্যের ক্রো আদিবাসী গোষ্ঠীর নেতা জোসেফ মেডিসিন ক্রো গত রোববার ১০২ বছর বয়সে মারা গেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে বীরত্বপূর্ণ কীর্তির জন্য নিজ আদিবাসী গোষ্ঠীর কাছে তিনি ‘প্রধান সর্দার’ খেতাব পান। তাঁর গোষ্ঠীর মধ্যে জোসেফই প্রথম ব্যক্তি, যিনি ১৯৩৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি তাঁর আদিবাসী গোষ্ঠীর প্রবীণ সদস্যদের মৌখিক সাক্ষ্যের ভিত্তিতে তাঁদের যাযাবর জীবন-এর ইতিহাস লিখে পরিণত হন ইতিহাসবেত্তায়। ২০০৯ সালে জোসেফ মেডিসিন ক্রো যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডমে ভূষিত হন।

  • ৬.২ মাত্রার ভূমিকম্প

    ৬.২ মাত্রার ভূমিকম্প

    এবিএনএ : যুক্তরাষ্ট্রের আলাস্কায় মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২।
    শনিবার (২ এপ্রিল) বাংলাদেশ সময় বেলা ১১টা ৫০ মিনিটে এ ভূকম্পন আঘাত হানে।

    মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল আলাস্কার শিগনিক লেক থেকে ১০০ কিলোমিটার উত্তর উত্তর-পূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

    এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এখনো। কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

  • বিশ্বকে পারমাণবিক জঙ্গিবাদের বিষয়ে সতর্ক করলেন ওবামা

    বিশ্বকে পারমাণবিক জঙ্গিবাদের বিষয়ে সতর্ক করলেন ওবামা

    এবিএনএ : সন্ত্রাসীদের থেকে পারমাণবিক হামলা যার মাধ্যমে পুরো বিশ্বের চিত্রটাই পাল্টে যেতে পারে, সে সম্ভাবনাকে সত্যি বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট এর পারমাণবিক অস্ত্র অর্জন করাটা হবে বিশ্ব নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি।

    ওয়াশিংটনে বিশ্ব পারমাণবিক নিরাপত্তা সম্মেলনে ওবামা বলেন, পারমাণবিক সন্ত্রাস রুখতে বিশ্ব নেতৃত্ব বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছে। ওবামা বলেন, আইএস ইতোমধ্যে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে সিরিয়াতে। যদি এই উন্মাদরা পারমাণবিক বোমা হাতে পায়, তাহলে নিশ্চিত ভাবেই তারা অসংখ্য মানুষকে মারতে এটি ব্যবহার করবে। পারমাণবিক জঙ্গিবাদ রোখার একমাত্র সুরক্ষা হচ্ছে এই বোমা তৈরির উপকরণের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করা যাতে এটি ভুল হাতে না পড়ে।

    বিশ্বের ৫০ টি দেশ এই সম্মেলনে অংশ নিয়েছে। উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রমের সমালোচনায় ওয়াশিংটনে মিলিত হয়েছে। এই সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দেননি। এছাড়া পরমাণু শক্তিধর পাকিস্তানের প্রধানমন্ত্রী লাহোরে বোমা হামলায় বহু হতাহতের পরে ওয়াশিংটন সফর বাতিল করেন।