Category: অর্থ বাণিজ্য

  • আমাদের পরনির্ভরশীল করে রেখেছিল ফ্যাসিস্ট সরকার : শেখ বশিরউদ্দীন

    আমাদের পরনির্ভরশীল করে রেখেছিল ফ্যাসিস্ট সরকার : শেখ বশিরউদ্দীন

    এবিএনএ: ভারতের চেয়ে অনেক কম খরচে রফতানিকারকদের কার্গো সেবা দিতে সরকার কাজ করছে জানিয়ে বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, স্বাধীনতার পর প্রথম কার্গো সার্ভিস চালু হচ্ছে ঢাকার বাইরে। ফ্যাসিস্ট সরকার আমাদের নিজস্ব চিন্তা চেতনা নষ্ট করে পরনির্ভরশীল করে রেখেছিল।

    রবিবার সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করার পর স্বল্প সময়ে সবার সহযোগিতায় অভ্যন্তরীণভাবেই সমস্যা সমাধান করা সম্ভব হয়েছে।

    জানা গেছে, কার্গো ফ্লাইটটির গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রাথমিকভাবে সপ্তাহে ২টি ফ্লাইট পরিচালনা করবে সিভিল অ্যাভিয়েশন। ব্যবসায়ীদের সর্বোচ্চ সেবা দেয়াই মূল লক্ষ্য বলে জানিয়েছে সিভিল অ্যাভিয়েশন। আজ ৬৬ টন গার্মেন্টস পণ্য নিয়ে সিলেট থেকে সরাসরি স্পেনে যাচ্ছে উদ্বোধনী কার্গো ফ্লাইটটি।

  • নতুন সমস্যায় বিএসইসি

    নতুন সমস্যায় বিএসইসি

    এবিএনএ:  শেয়ারবাজারে মার্জিন অ্যাকাউন্টে মূলধনি লোকসানি হিসাবগুলোর কী হবে এবং বিনিয়োগকারীদের জমা অর্থের বিপরীতে সুদ আয় কে পাবে– তার সমাধানে উদ্যোগী হয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তবে দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুর সমাধান করতে গিয়ে বিএসইসি নতুন সমস্যা তৈরি করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারদের সংগঠন ডিবিএসহ সংশ্লিষ্টরা এমনটি জানিয়েছেন।

    তারা বলছেন, বিনিয়োগকারীদের জমা করা অর্থের সমন্বিত ব্যাংক হিসাবের (সিসিএ) সুদ বাবদ আয় কে পাবে, সে বিষয়ে সমাধান দিতে গিয়ে বিএসইসি নতুন সংকট ও বিতর্ক তৈরি করছে। গত কমিশন এ আয়ের শতভাগ বিনিয়োগকারীদের ফেরত দিতে বলেছিল, যার বাস্তবতা বা বাস্তবায়ন উভয়ই ছিল অসম্ভব। বর্তমান কমিশন বলছে, সিসিএ থেকে সুদ আয়ের ২৫ শতাংশ বিনিয়োগকারী সুরক্ষা তহবিলে জমা দিয়ে বাকি ৭৫ শতাংশ বিনিয়োগ শিক্ষা ও প্রশিক্ষণে ব্যয় করতে হবে। আবার এ অর্থ আয় খাতে নেওয়া যাবে না।

    কমিশনের এ আদেশ ‘ত্রুটিপূর্ণ’ বলে মনে করেন প্রাইম ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি সমকালকে বলেন, প্রথমত সুদ আয়কে ‘অন্যান্য আয়’ ধরতে হবে, যা আন্তর্জাতিক আর্থিক রিপোর্টিং স্ট্যান্ডার্ড। তাছাড়া সুদ আয় অ্যাকাউন্টে জমার আগেই উৎসে ১০ শতাংশ কর কর্তন করে এনবিআর। আয়ের ক্ষেত্রে বিএসইসির এমন আদেশ সাংঘর্ষিক এবং বাস্তবায়নযোগ্য নয়।

  • এমাসের ২১ দিনে এলো ১৯৬ কোটি ডলার রেমিট্যান্স

    এমাসের ২১ দিনে এলো ১৯৬ কোটি ডলার রেমিট্যান্স

    এবিএনএ: চলতি  এপ্রিলের প্রথম ২১ দিনে এসেছে প্রায় দুই বিলিয়ন (১৯৬ কোটি ৬০ লাখ ডলার) ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যা ২৩ হাজার ৯৮৫ কোটি ২০ লাখ টাকা। এই হিসাবে গড়ে প্রতিদিন আসছে ৯ কোটি ৩৬ লাখ ডলারের বেশি বা ১১৪২ কোটি টাকা।  মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

    হালনাগাদ প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, গত বছরের একই সময়ের চেয়ে চলতি এপ্রিলের প্রথম ২১ দিনে প্রায় ৫৭ কোটি ডলার বেশি এসেছে। শতকরা হিসাবে রেমিট্যান্সের গ্রোথ প্রায় ৪১ শতাংশ।

    এর আগে সদ্য বিদায়ী মাস মার্চের পুরো সময়ে রেমিট্যান্স এসেছে ৩.২৯ বিলিয়ন (৩২৯ কোটি ডলার) ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৪০ হাজার ১৩৮ কোটি টাকা। সেই হিসাবে প্রতিদিন আসছে প্রায় ১০.৬১ কোটি ডলার বা ১২৯৫ কোটি টাকা করে।

    এ নিয়ে চলতি ২০২৪-২৫ অর্থবছরে নয় মাস ২১ দিনে দুই হাজার ৩৭৫ কোটি ১০ লাখ ডলার এসেছে। গত ২০২৩-২৪ অর্থবছরের নয় মাস ২১ দিনে যা এসেছিল এক হাজার ৮৪৭ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের রেমিট্যান্স বেড়েছে ৫২৮ কোটি ডলার বা ২৯ শতাংশ বেশি।

  • রাষ্ট্রায়ত্ত ছয়টিসহ ১০ ব্যাংকের নতুন এমডি যারা

    রাষ্ট্রায়ত্ত ছয়টিসহ ১০ ব্যাংকের নতুন এমডি যারা

    এবিএনএ: সোনালী, রূপালীসহ রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া, রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত চার ব্যাংকের এমডিও নিয়োগ দেওয়া হয়েছে। এসব ব্যাংকের এমডি নিয়োগের সার-সংক্ষেপ অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    সোমবার এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ছয়টি পৃথক চিঠি ব্যাংকগুলোর চেয়ারম্যানের কাছে পাঠিয়েছে। এসব চিঠিতে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এমডি ও সিইও পদে বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি মো. শওকত আলী খান, অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও পদে ব্যাংকটির সাবেক ডিএমডি মো. আনোয়ারুল ইসলাম, জনতা ব্যাংকের ব্যাংকের এমডি ও সিইও পদে প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি মো. মজিবর রহমান, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডি ও সিইও হিসেবে জনতা ব্যাংকের সাবেক ডিএমডি মো. জসীম উদ্দিন, বেসিক ব্যাংকের এমডি ও সিইও পদে জনতা ব্যাংকের আরেক সাবেক ডিএমডি মো. কামরুজ্জামান ও রূপালী ব্যাংকের এমডি ও সিইও পদে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিএমডি মো. আ. রহিমের নিয়োগের বিষয়ে জানানো হয়।

    এছাড়া প্রধান উপদেষ্টার অনুমোদিত সার-সংক্ষেপ অনুযায়ী সোনালী ব্যাংকের ডিএমডি মীর মোফাজ্জল হোসেনকে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি, বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি সালমা বানুকে পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি, সোনালী ব্যাংকের ডিএমডি সঞ্চিতা বিনতে আলীকে বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি চানু গোপাল ঘোষকে প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি হিসেবে পদোন্নতি ও পদায়ন করা হচ্ছে। এর আগে, গত ১৯ সেপ্টেম্বর একসঙ্গে রাষ্ট্রায়ত্ত্ব ছয় ব্যাংকের এমডিকে অপসারণ করে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গত এক মাস এসব ব্যাংক এমডি ছাড়াই চলেছে।

  • পাচারকৃত অর্থ আসবে ওয়াশিংটনের কারিগরি সহযোগিতায়: অর্থ উপদেষ্টা

    পাচারকৃত অর্থ আসবে ওয়াশিংটনের কারিগরি সহযোগিতায়: অর্থ উপদেষ্টা

    এবিএনএ: দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে ওয়াশিংটন থেকে কারিগরি সহযোগিতা নেওয়া হবে এমন ইঙ্গিত দিয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পাচার হওয়া অর্থের অলরেডি একটা টাস্কফোর্স আছে এবং গভর্নরের সঙ্গে কথা হয়েছে। এটার জন্য কিছু কারিগরি সহযোগিতা লাগবে। তিনি ওয়াশিংটন গেছেন, আমরাও যাচ্ছি। ওখান থেকে আনা হবে। অতএব এটা আমাদের একটা প্রায়োরিটি। এটা নিয়ে কাজ হচ্ছে।

    রোববার (২০ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

    প্রধান উপদেষ্টার সঙ্গে অনেক রাজনৈতিক দলের নেতাদের বৈঠক হয়েছে, সেখানে তারা দাবি করেছে পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য কমিশন গঠন করা। এটার কি সিদ্ধান্ত হয়েছে? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, পাচার হওয়া অর্থের অলরেডি একটা টাস্কফোর্স আছে এবং গভর্নরের সঙ্গে কথা হয়েছে। অতএব এটা আমাদের একটা প্রায়োরিটি (অগ্রাধিকার)। এটা নিয়ে কাজ হচ্ছে।

    তিনি বলেন, পাচার করা অর্থ সম্পর্কে বিভিন্ন তথ্য করা করেছে, কোথায় করেছে এগুলো…। কমিশন গঠন করার প্রয়োজন আছে কিনা-এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, কমিশন গঠন করার বিষয়ে আমি কিছু বলবো না। অলরেডি একটা টাস্কফোর্স করেছি। এটার জন্য জাতীয় একটা কমিটিও আছে। কমিশন যখন গঠন করবে আমার সঙ্গে আলাপ-আলোচনা করে, দেখি তারা কি বলে।

    ডিম আমদানির পর ডিমের বাজারে স্বস্তি এসেছে, কিন্তু সবজির বাজারে এখনো স্বস্তি আসেনি- এ বিষয়ে উপদেষ্টা বলেন, সবজি সিজনাল, সবজির বাজারে স্বস্তি আসবে। সবগুলোতে স্বস্তি আসবে। বাজারে স্বস্তি পাচ্ছে না, আমরা তো চেষ্টা করছি যতটুকু সরবরাহ করা যায়। ওপেন মার্কেটে আমরা দিচ্ছি, টিসিবি দিচ্ছে, আলাদাভাবে দিচ্ছে। টিসিবি ছাড়াও কৃষি বিপণন করছে। কয়েকটা প্রাইভেট সংস্থা আছে তারা নিজ উদ্যোগে করছে। ওরা নিজেদের অর্থে করছে, তাদেরকেও আমরা এনকারেজ (উৎসাহিত) করছি।

    একজন সমন্বয়ক বলেছেন আপনারা সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছেন-সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে সালেহউদ্দিন আহমেদ বলেন, ব্যর্থ, সফলতার বিষয়ে আমি কিছু বলবো না। এদিকে, দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনতে গঠিত টাস্কফোর্স গত ২৯ সেপ্টেম্বর পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত টাস্কফোর্সের সভাপতি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে।

    গভর্নরকে সভাপতি করে গঠন করা এই টাস্কফোর্সের সদস্য হিসেবে রাখা হয়েছে-পররাষ্ট্র মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, অপরাধ তদন্ত বিভাগ, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের একজন করে উপযুক্ত প্রতিনিধি।

    এই টাস্কফোর্সের কার্যপরিধিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর কাজ হবে, বাংলাদেশ হতে বিদেশে পাচার করা অর্থ বা সম্পদ চিহ্নিত করা ও তদন্তে সংশ্লিষ্ট পক্ষকে সহযোগিতা প্রদান, পাচার করা সম্পদ উদ্ধারে দায়ের করা মামলার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা চিহ্নিত করা ও দূর করার উদ্যোগ গ্রহণ, বিদেশে পাচার করা সম্পদ বাংলাদেশে ফেরত আনার উদ্যোগ গ্রহণ, জব্দ বা উদ্ধার করা সম্পদের ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, এ বিষয়ে সংশ্লিষ্ট দেশি-বিদেশি সংস্থার সাথে যোগাযোগ তথ্য আহরণ এবং পাচার করা সম্পদ উদ্ধারে সংশ্লিষ্ট পক্ষের সক্ষমতা বৃদ্ধি ও অভ্যন্তরীণ সমন্বয় সাধন।

    বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী টাস্কফোর্সের কার্যাবলী সমন্বয় করবেন এবং বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট টাস্কফোর্সকে প্রয়োজনীয় সহায়তা দেবে।

    এর আগে ২০২২ সালের ৫ মে এ সংক্রান্ত টাস্কফোর্স গঠন করে সরকার। পরবর্তীতে ২০২৩ সালের ১৫ জানুয়ারি এটি পুনর্গঠন করা হয়। ২০২৩ সালের ১৫ জানুয়ারি পুনর্গঠিত টাস্কফোর্সের আহ্বায়ক ছিলেন অ্যাটর্নি জেনারেল। এর সদস্য ছিলেন বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান কর্মকর্তা, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনার একজন কমিশনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (মানিলন্ডারিং), আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখার যুগ্ম সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব, আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের মহাপরিচালক, জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিগ্যাল অ্যাফেয়ার্সের মহাপরিচালক, সিআইডির বিশেষ পুলিশ সুপার (ফিনান্সিয়াল ক্রাইম), বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের নির্বাহী পরিচালক। সদস্য সচিব ছিলেন বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উপপ্রধান কর্মকর্তা।

  • দুর্গাপূজায় ভারত যাচ্ছে ৩ হাজার টন ইলিশ

    দুর্গাপূজায় ভারত যাচ্ছে ৩ হাজার টন ইলিশ

    এবিএনএ: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

    আদেশে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তাণিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলীপূরণ সাপেক্ষে ৩ হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো।

    সংশ্লিষ্ট আবেদনকারীদের আগামী ২৪ সেপ্টেম্বর বেলা ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর (উপসচিব, রপ্তানি-২ শাখা, কক্ষ নং ১২৭, ভবন -৩, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) আবেদন করতে বলা হয়েছে। এরপর আর আবেদন নেওয়া হবে না। তবে যারা আগে আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদনের প্রয়োজন নেই।

    নতুন সরকার ভারতে ইলিশ রপ্তানি করবে কী না- এ নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। এর মধ্যেই এমন সিদ্ধান্ত এল। সাধারণত ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে থাকে বাণিজ্য মন্ত্রণালয়। তার আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে সুপারিশ আসতে হয়। তবে প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবার ভারতে ইলিশ রপ্তানি হবে না এমনটিই ইঙ্গিত দিয়েছিলো।

  • এস আলম গ্রুপের সম্পদ না কেনার আহ্বান গভর্নরের

    এস আলম গ্রুপের সম্পদ না কেনার আহ্বান গভর্নরের

    এবিএনএ: ব্যাংক খাতের নানা অনিয়ম ও লুটপাটের সঙ্গে জড়িত এস আলম গ্রুপের কোনো সম্পদ না কেনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, আমরা এ সম্পদকে আমানতকারীদের সুরক্ষায় ব্যবহার করতে চাই। এ বিষয়ে দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    বুধবার (২৮ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    অভিযোগ রয়েছে এস আলম গ্রুপ পাওয়ার অব এটর্নি দিয়ে অন্যদের মাধ্যমে জমি বিক্রি করছেন। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাবো, আপনারা কেউ এস আলম গ্রুপের সম্পদ কিনবেন না। আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এসব সম্পদ বিক্রি করে আমানতকারীদের সুরক্ষায় ব্যয় করতে চাই। এ বিষয়টি  আমরা সরকারকে জানাবো।

  • পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

    পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

    এবিএনএ: পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারত। শনিবার এক প্রজ্ঞাপনে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় পেঁয়াজ রপ্তানিকারক দেশটি।

    গত মার্চের শেষের দিকে পেঁয়াজ রপ্তানিতে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। আসন্ন সাধারণ নির্বাচনের আগে ভারতীয় কর্তৃপক্ষের নেওয়া এমন পদক্ষেপ বিদেশি বাজারে পেঁয়াজের উচ্চমূল্যকে আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করছিল বিশ্লেষকরা।

    পেঁয়াজের ওপর দেশটির আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ ৩১ মার্চ শেষ হওয়ার কথা ছিল। এই নিষেধাজ্ঞা শিগগিরই তুলে নেওয়া হবে বলে আশা করেছিলেন ব্যবসায়ীরা।

    দেশটির মহারাষ্ট্রের পেঁয়াজ চাষি ও ব্যবসায়ীরা অনেক আগে থেকেই পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। কেননা, রপ্তানিতে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকেই ভারতের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম অর্ধেকেরও বেশি কমে গেছে।

    নিষেধাজ্ঞা চলাকালেও ভারত সরকার সীমিত আকারে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আমিরাতে পেঁয়াজ রপ্তানি করেছে। ভারতের ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড প্রতি টন পেঁয়াজের রপ্তানি মূল্য নির্ধারণ করেছে ৫৫০ ডলার।

  • চলতি অর্থবছর প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৬ শতাংশ: বিশ্বব্যাংক

    চলতি অর্থবছর প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৬ শতাংশ: বিশ্বব্যাংক

    এবিএনএ: চলতি অর্থবছর জিডিপি (মোট দেশজ উৎপাদন)  হতে  পারে ৫ দশমিক ৬ শতাংশ। যেটি আগামী অর্থবছর কিছুটা বেড়ে হতে পারে ৫ দশমিক ৭ শতাংশ। বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।

    ঢাকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক। প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থাটির সিনিয়র ইকোনমিস্ট রনজিত ঘোষ এবং বানার্ড হ্যাভেন। সংবাদ সম্মেলন পরিচালনা করেন বিশ্বব্যাংকের বর্হিসম্পর্ক বিভাগের প্রধান মেহেরিন এ মাহবুব।

    প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার সংকট, আমদানি সংকুচিত করা, কম রাজস্ব আদায়,  এবং ব্যাপক খেলাপি ঋণসহ আর্থিক খাতের দুর্বলতা অন্যতম চ্যালেঞ্জ। এসব কারণে চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি বাড়বে না।

    আরও বলা হয়েছে, চলতি অর্থবছর বাংলাদেশের জন্য বেশ কয়েকটি ঝুঁকি রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হলো, মুদ্রা বিনিময় হারের ধীর সংস্কারের ফলে রিজার্ভে টান, আমাদানি সংকোচন করা লাগতে পারে। জিনিসপত্রের দাম বাড়ায় মূর্যস্ফীতি বাড়তে পারে। এ ছাড়া আর্থিক ঝুঁকি বাড়তে পারে, যদি সমন্বিত সংসস্কার কার্যক্রম বাস্তবায়ন করা না হয়।

    আরও বলা হয়েছে, খেলাপি ঋণ ২০২২ সালের ডিসেস্বরে ছিল মোট ঋণের ৮ দশমিক ২ শতাংশ। সেটি ২০২৩ সালে বেড়ে ৯ শতাংশ হয়েছে।

  • অর্থনৈতিক সব সূচক বাড়ছে, অনিশ্চয়তা ও হতাশার কিছু নেই: অর্থমন্ত্রী

    অর্থনৈতিক সব সূচক বাড়ছে, অনিশ্চয়তা ও হতাশার কিছু নেই: অর্থমন্ত্রী

    এবিএনএ: অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, “অর্থনৈতিক সবগুলো সূচক বাড়ছে। কাজেই এখানে অনিশ্চয়তা ও হতাশার কিছু নেই।” সোমবার দুপুর সোয়া ১২টায় ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের সেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে আমরা আজ সর্বোচ্চ স্থানে এসে দাঁড়িয়েছি। আমাদের যে সূচকগুলো আছে উন্নয়নের, সেগুলো বাড়ছে।”

    ফেব্রুয়ারি মাসে ২১৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে জানিয়ে মন্ত্রী বলেন, “আমাদের সবগুলো সূচকই তো বাড়ছে। কাজেই আমাদের এখানে অনিশ্চয়তার কিছু নেই, হতাশারও কিছু নেই। এগুলো নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।”

    মানুষের মূল নজর মূল্যস্ফীতিতে, সে ব্যাপারে ডিসিদের কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “খালি ইনফ্লেশনটাই কনসার্ন হয়ে গেল! আর কিছু না? এক কোটি লোককে কার্ড দেওয়া হয়েছে, তারা সস্তা দামে পাচ্ছে।”

    আয়কর আদায়ে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে আবুল হাসান মাহমুদ আলী বলেন, “তারা সহায়তা করবেন। তারা যেটা করছেন সেটা করবেন। আরও ভালো করে করবেন, মন দিয়ে করবেন।” এসময় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “ডিসিরা সব প্রকল্পে মাঠ পর্যায়ে কাজ করে। অগ্রাধিকার প্রকল্পগুলোতে গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।”