ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঝরল দুই প্রাণ, আহত ৭
ঢাকা–বরিশাল মহাসড়কে ইটবোঝাই ট্রাক দুমড়ে-মুচড়ে যায়; নিহত চালক ও হেলপার, হাসপাতালে বাসযাত্রীরা


এবিএনএ: ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা–বরিশাল মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন একটি যাত্রীবাহী বাসের অন্তত সাতজন যাত্রী।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ভাঙ্গা পৌরসভার প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির বাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়।
নিহতদের মধ্যে একজন ফরিদপুর সদর উপজেলার কোতয়ালী থানার ধলার মোড় এলাকার বাসিন্দা নবীন শেখ (২২)। তিনি ট্রাকটির চালক ছিলেন। তার বাবার নাম শেখ মজিদ। অপর নিহত ব্যক্তি ট্রাকের হেলপার রাশেদ (৩০)। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানায়, ফরিদপুরগামী ‘সপ্তবর্ণা পরিবহন’-এর একটি বাসের সঙ্গে ফরিদপুর থেকে ভাঙ্গামুখী ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত হন। গুরুতর আহত অবস্থায় ট্রাকচালককে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত বাসের সাত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালান। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিন জানান, মুখোমুখি সংঘর্ষের কারণেই এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




