এবিএনএ: দেশজুড়ে আবহাওয়া ধীরে ধীরে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মঙ্গলবার থেকেই দেশে শুরু হতে পারে ধারাবাহিক বৃষ্টি।
রবিবার প্রকাশিত পূর্বাভাসে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, আগামী ২৪ ঘণ্টায় দেশের কোনো অঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে এবং দিন-রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন আসবে না।
আবহাওয়া অফিস বলছে, সোমবার সন্ধ্যার পর খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি দেখা দিতে পারে। দেশের বাকী অংশে মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম।
তবে মঙ্গলবারের পূর্বাভাস তুলনামূলক বেশি সক্রিয়। ওইদিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী ও খুলনা বিভাগের বহু এলাকায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের কয়েকটি স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি নামতে পারে। সেই সঙ্গে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
অক্টোবর মাসের শেষ দিকে এমন বৃষ্টি সাধারণত মৌসুমি লঘুচাপের প্রভাবে হয়ে থাকে। এ কারণে কৃষি খাতেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply