জাতীয়বাংলাদেশ

হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে এলোপাতাড়ি গুলি, আহত দুই কর্মচারী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিলে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ওয়াপদা রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুই কর্মচারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯)। তাঁরা ওয়াপদা রোডে অবস্থিত স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠানে নেটওয়ার্ক কর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রতিষ্ঠানটির ম্যানেজার পলাশের দেওয়া তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টার দিকে চারজন দুর্বৃত্ত হঠাৎ কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা হাবিবুর রহমান ও সাজুকে লক্ষ্য করে গুলি ছোড়ে। হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

গুলির শব্দে কার্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সহকর্মীরা আহত দুজনকে উদ্ধার করে রাত ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাবিবুর রহমানের বাম হাতে গুলি লেগেছে। অন্যদিকে সাজু আহমেদের ডান পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়েছে। দুজনের শরীরেই একটি করে গুলি লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আহত হাবিবুর রহমানের বাবার নাম দুলাল মিয়া। তাঁদের গ্রামের বাড়ি চাঁদপুরের উত্তর মতলব থানার নেতামদী এলাকায়। অপর আহত সাজু আহমেদের বাবার নাম মো. ইউসুফ। তাঁর বাড়ি ঝালকাঠির নলছিটি থানার রাজপয়সা এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, হাতিরঝিলের ওয়াপদা রোড এলাকা থেকে গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

এদিকে ঘটনার বিষয়ে তেজগাঁও বিভাগের শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ইমরান জানান, হাতিরঝিল থানার ওয়াপদা রোডের একটি ইন্টারনেট অফিসে গুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

তিনি আরও জানান, কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

রাজধানীর ব্যস্ত এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে এমন গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button