জাতীয়

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে সড়কের পাশে টিকাদান, বিপাকে শিশু-মায়েরা

বিশেষ প্রতিনিধি : রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভেঙে ফেলার পরদিনই অস্থায়ী ব্যবস্থায় শিশুদের হাম টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের সামনে খোলা জায়গায় ত্রিপল টানিয়ে টেবিল-চেয়ার বসিয়ে টিকা দেওয়া হচ্ছে। এতে টিকা নিতে আসা শিশু ও তাঁদের মায়েদের পাশাপাশি স্বাস্থ্যকর্মীদেরও নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রটির প্রধান ফটকের বাইরে অস্থায়ীভাবে টিকাদান কার্যক্রম চালু করা হয়। সরেজমিনে দেখা যায়, খোলা জায়গায় কয়েকটি টেবিল ও চেয়ার রাখা হয়েছে। ওপর থেকে ত্রিপল দিয়ে রোদ ঠেকানোর চেষ্টা করা হয়েছে। শিশুদের নিয়ে কেউ বসে অপেক্ষা করছেন, আবার কেউ দাঁড়িয়ে রয়েছেন। গরমের কারণে কয়েকটি শিশুকে অস্বস্তিতে পড়তেও দেখা যায়।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার জানান, কেন্দ্রটির স্থাপনা ধ্বংস হয়ে যাওয়ায় আপাতত খোলা জায়গায় বিকল্প ব্যবস্থা করে টিকাদান চালু রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দারাও এ কাজে সহযোগিতা করছেন।

তিনি বলেন, আশপাশের অনেক শিশু নিয়মিত টিকা নিতে আসে। তাই স্বাস্থ্যকেন্দ্রের ভবন না থাকলেও টিকাদান কার্যক্রম বন্ধ রাখতে চাননি তাঁরা। তবে টিকাদানের বাইরে কেন্দ্রটির অন্যান্য সেবা স্বাভাবিকভাবে দেওয়া সম্ভব হচ্ছে না।

সীমিত হয়ে পড়েছে চিকিৎসাসেবা

কেন্দ্রটির সঙ্গে চারজন চিকিৎসকসহ নার্স, প্যারামেডিক ও অন্যান্য কর্মী মিলিয়ে প্রায় ১৫ জন স্বাস্থ্যকর্মী যুক্ত রয়েছেন। বর্তমানে তাঁরা মূলত টিকাদান কার্যক্রম সচল রাখার চেষ্টা করছেন।

নাসরিন আখতার জানান, স্বাভাবিক পরিবেশ না থাকায় রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ দেওয়ার কার্যক্রম ব্যাপকভাবে সীমিত হয়েছে। কিছু ক্ষেত্রে শুধু প্রেসক্রিপশন দেওয়া সম্ভব হচ্ছে। অন্যান্য সেবার জন্য রোগীদের আশপাশের বিকল্প স্বাস্থ্যকেন্দ্রে যেতে বলা হচ্ছে।

শনিবার সকালেই ১০টির বেশি শিশু টিকা নিতে আসে। দিন শেষে প্রায় ১০০ শিশুকে টিকা দেওয়ার প্রত্যাশা করছেন কেন্দ্রের কর্মীরা।

টিকা নিতে এসে মায়েদের ভোগান্তি

মিরপুরের বাসিন্দা আফসানা আক্তার ১৫ মাস বয়সী ছেলেকে নিয়ে টিকা দিতে এসেছিলেন। তাঁর ভাষ্য, আগে স্বাস্থ্যকেন্দ্রের ভেতরেই শিশুকে টিকা দেওয়া যেত। এবার ভবন না থাকায় বাইরে এসে অপেক্ষা করতে হচ্ছে।

আরেক মা আয়েশা বেগম তিন মাস বয়সী মেয়েকে নিয়ে টিকা দিতে এসে জানান, খোলা জায়গায় গরমের মধ্যে শিশুকে নিয়ে দাঁড়িয়ে থাকা বেশ কষ্টকর। আগেরবার ঘরের ভেতরে টিকা দিতে পারলেও এবার বাইরে অপেক্ষা করতে হচ্ছে।

অন্যান্য সেবাও বন্ধ

কেন্দ্র কর্তৃপক্ষ বলছে, স্বাস্থ্যকেন্দ্রের বর্তমান পরিস্থিতি সম্পর্কে না জেনে অনেক মানুষ এখনো আগের মতো সেবা নিতে আসছেন। কেউ শিশুদের টিকা, আবার কেউ আলট্রাসনোগ্রামসহ অন্যান্য চিকিৎসাসেবা নিতে এসে ফিরে যাচ্ছেন।

নাসরিন আখতার বলেন, এলাকার মানুষ সাধারণত কাছাকাছি জায়গা থেকেই স্বাস্থ্যসেবা নিতে চান। কিন্তু কেন্দ্রের ভবন ও প্রয়োজনীয় সরঞ্জাম নষ্ট হয়ে যাওয়ায় আপাতত শুধু টিকাদান কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে।

কী ঘটেছিল স্বাস্থ্যকেন্দ্রে

কেন্দ্র কর্তৃপক্ষের অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে প্রবেশ করেন। সেখানে থাকা দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করার পর কেন্দ্রের বিভিন্ন সামগ্রী লুট ও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

অভিযোগ রয়েছে, স্বাস্থ্যকেন্দ্রের মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, নগদ অর্থসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার পর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

কেন্দ্রের পক্ষ থেকে এ ঘটনায় শাহ আলী থানায় মামলা করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে শনিবার পর্যন্ত মামলার এজাহারের কপি তাঁদের হাতে পৌঁছায়নি বলে জানিয়েছেন নির্বাহী পরিচালক।

দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি ১৯৭৪ সালে মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের মাতৃ ও শিশুসেবা নিশ্চিত করার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। দীর্ঘদিন ধরে এখানে শিশুদের টিকাদান, শিশু স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন ধরনের সেবা দেওয়া হচ্ছিল।

স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনা ধ্বংস হওয়ার পর এসব সেবা স্বাভাবিকভাবে চালানো না যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগও সীমিত হয়ে পড়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button