আইনি চাপে মুখ খুললেন শিল্পা শেঠি: ‘ন্যায়বিচারে বিশ্বাস আছে’, রেস্তরাঁ বিতর্কে নতুন মোড়

এবিএনএ: বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির নামে ফের আইনি বিতর্ক। তার মালিকানাধীন জনপ্রিয় রেস্তরাঁ ‘বাস্তিয়ান’-এর বেঙ্গালুরু শাখার বিরুদ্ধে এফআইআর দায়েরের একদিন পরই আয়কর বিভাগের তল্লাশির মুখে পড়ে মুম্বাইয়ের শাখা। ধারাবাহিক আইনি ঝামেলার মধ্যে অবশেষে প্রকাশ্যে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী।

সম্প্রতি বেঙ্গালুরু পুলিশের পক্ষ থেকে অভিযোগ আনা হয়, নির্ধারিত সময়সীমা অতিক্রম করেও গভীর রাত পর্যন্ত খোলা ছিল বাস্তিয়ান রেস্তরাঁ। রাজ্য সরকারের নির্দেশনা অমান্যের অভিযোগে কর্ণাটক পুলিশ আইনের ১০৩ ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়। এ ঘটনায় রেস্তরাঁর ম্যানেজারকে আটকও করা হয়।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার মুম্বাইয়ের দাদর এলাকায় অবস্থিত বাস্তিয়ান রেস্তরাঁয় আয়কর বিভাগের তল্লাশি শুরু হয়। বলিউড সংশ্লিষ্ট সূত্রের দাবি, আগের ৬০ কোটি টাকার আর্থিক মামলার সূত্র ধরেই এই অভিযান চালানো হয়েছে।

এর আগেও শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা একাধিক আইনি জটিলতায় জড়িয়েছেন। পর্নকাণ্ড, আর্থিক মামলায় যুক্ত হওয়া এবং লুকআউট নোটিসের কারণে বিদেশ সফর বাতিল—সব মিলিয়ে সমালোচনার কেন্দ্রে ছিলেন এই তারকা দম্পতি।

সবশেষ পরিস্থিতিতে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বিবৃতি দেন শিল্পা শেঠি। সেখানে তিনি জানান, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আইনি ভিত্তি ছাড়াই বিষয়গুলোকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

অভিনেত্রী আরও বলেন, বিষয়টি বর্তমানে হাইকোর্টের বিবেচনাধীন। তদন্তে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে এবং তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, শেষ পর্যন্ত ন্যায়বিচারই প্রতিষ্ঠিত হবে। দেশের বিচারব্যবস্থার প্রতি তার অটুট আস্থার কথাও পুনর্ব্যক্ত করেন শিল্পা শেঠি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *