ভারত-নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত

এবিএনএ : বৃষ্টিতে ভেসে গেল ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটিও। এবারের বিশ্বকাপে এনিয়ে চারটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এর আগে পাকিস্তান-শ্রীলংকা, বাংলাদেশ-শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটি শুরু হলেও বৃষ্টির কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়।এছাড়া বাকি তিনটি ম্যাচ বৃষ্টির কারণে শুরুই করা যায়নি।

বৃহস্পতিবার ইংল্যান্ডের নটিংহামে বিশ্বকাপের ১৮তম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত-নিউজিল্যান্ডের। বাংলাদেশ সময় বিকাল ৩টায় টস হওয়ার কথা থাকলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে রাত ৮টা পর্যন্ত অপেক্ষার পর ম্যাচ রেফারি রঞ্জন মাদুরগেল ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। উভয় দলকে পয়েন্ট ভাগ করে দেয়া হয়েছে।

ভারত-নিউজিল্যান্ড দুটি দলই বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচে হারেনি। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানেই আছে নিউজিল্যান্ড। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ভারত। চার ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সাতে আছে বাংলাদেশ। আটে পাকিস্তান, নয় নম্বরে দক্ষিণ আফ্রিকা। সবার পরে আফগানিস্তান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *