বাবাকে খুন করতে দেখে ফেলায় মেয়েকেও হত্যা

এবিএনএ : পরকীয়া সম্পর্কের কথা জেনে যাওয়ায় প্রেমিকের সঙ্গে মিলে স্বামী জামিল শেখকে হত্যার পরিকল্পনা করেছিলেন আর্জিনা বেগম। এ হত্যা দৃশ্য দেখে ফেলেছিল আর্জিনার নয় বছরের মেয়ে নুসরাত। এ কারণে তাকেও হত্যা করেন মা এবং তার প্রেমিক শাহিন।
পুলিশের হাতে ধরা পড়ার পর রাজধানীর বাড্ডায় আলোচিত বাবা-মেয়ে খুনের ঘটনায় এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন তারা।
শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোশতাক আহমেদ এ তথ্য জানান।
পুলিশ জানায়, বাড্ডার হোসেন মার্কেটের ময়নারটেক এলাকার গোরস্থান রোডের ৩০৬ নম্বর বাড়ির তৃতীয় তলায় থাকতেন প্রাইভেট কার চালক জামিল শেখ। সেখানে তাদের সঙ্গে সাবলেট ভাড়া থাকতেন শাহিন। তার সঙ্গেই এক পর্যায়ে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন আর্জিনা।
বৃহস্পতিবার সকালে বাসা থেকে জামিল ও তার মেয়ে নুসরাতের লাশ উদ্ধার করে পুলিশ। এরপর স্ত্রী আর্জিনা জানায়, ডাকাতরা তার স্বামী ও মেয়েকে খুন করে পালিয়ে গেছে। তবে ঘটনায় জড়িত থাকার সন্দেহে শুক্রবার নিহত জামিলের  স্ত্রী আর্জিনাকে আটক করা হয়। এরপর খুলনা থেকে আটক করা হয় নিহতের বাসার সাবলেট ভাড়াটিয়া শাহিনকে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদের আর্জিনা ও শাহিন জানায়, তাদের মধ্যকার পরকীয়ার অনৈতিক সম্পর্কের কথা জেনে যাওয়ার কারণে জামিলকে হত্যার সিদ্ধান্ত নেয় তারা।
পুলিশকে তারা আরও জানায়, মেয়ে নুসরাতকে হত্যার কোনো পরিকল্পনা না থাকলেও, মেয়ে বাবাকে হত্যার দৃশ্য দেখে ফেলায় তাকেও পরে হত্যা করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *