সিলেটে মনিপুরী নৃত্য কর্মশালা

এবিএনএ : সিলেটে সোমবার থেকে শুরু হয়েছে ১০ দিনব্যাপী মনিপুরী নৃত্য কর্মশালা। সিলেটস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহযোগিতায় এ কর্মশালায় অংশ নিয়েছে সারা দেশের শতাধিক প্রশিক্ষণার্থী। ভারতের মনিপুর জওহরলাল নেহরু ড্যান্স একাডেমির নৃত্য প্রশিক্ষক থোকচম ইবেমমুবি ও কে. যাদু সিংহ প্রশিক্ষণ প্রদান করবেন এ কর্মশালায়।

একাডেমি ফর মনিপুরী কালচার অ্যান্ড আর্টস এর আয়োজনে নগরীর মনিপুরী রাজবাড়ী মহাপ্রভু জিও মন্দিরে এ কর্মশালার উদ্বোধন করেন সিলেটস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার এল কৃষ্ণামূর্তি। এ সময় তিনি সাংস্কৃতিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হবে বলে উল্লেখ করেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘মনিপুরী নৃত্য সিলেট অঞ্চলের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। কবিগুরু রবীন্দ্রনাথ সিলেট সফরকালে এ নৃত্য দেখে মুগ্ধ হয়ে শান্তি নিকেতনে তা চর্চার ব্যবস্থা করেছিলেন। নতুন প্রজন্মকে এ নৃত্য সম্পর্কে জানাতে হবে। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এ বিষয়ে দক্ষ করে তুলতে হবে।’

একাডেমি ফর মনিপুরী কালচার অ্যান্ড আর্টসের সভাপতি দীগেন সিংহের সভাপতিত্বে ও সংস্কৃতিকর্মী রবি কিরণ সিংহ রাজেশের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনিল কিষন সিংহ, বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদের সভাপতি এ কে শেরাম, ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি গিরিশ পূজারী। ১০ দিনব্যাপী এ কর্মশালায় আগামী ১৯ জুন পর্যন্ত চলবে। ২০ জুন কর্মশালার নগরীর রিকাবীবাজারস্থ কবি কাজী নজরুল ইসলাম অডিটরিয়ামে সমাপনী অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *