শোক দিবসে জন্মদিন পালনের মামলায় খালেদাকে তলব

এ বি এন এ : ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালনের ঘটনায় করা এক নালিশি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে তলব করা হয়েছে। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মো. মাজহারুল ইসলাম এ আদেশ দেন। ১৭ অক্টোবর তাঁকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
সকালে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন। তার আইনজীবী দুলাল মিত্র  বলেন, ১৯৯৬ সালের ১৫ আগস্ট খালেদা জিয়া প্রথম এই দিনে জন্মদিন পালন করেন। এটি যে তাঁর ভুয়া জন্মদিন তা প্রমাণে আমরা চারটি নথি আদালতে দাখিল করেছি। এই চারটি হলো, খালেদা জিয়ার পাসপোর্টের কপি যেটাতে জন্মতারিখ উল্লেখ রয়েছে ৫ আগস্ট, বিয়ের কাবিননামা যাতে জন্মতারিখ ১৯৪৪ সালের ৯ আগস্ট, মেট্রিক পরীক্ষার নম্বরপত্র যেটাতে জন্মতারিখ ১৯৪৬ সালের ৫ সেপ্টেম্বর এবং দৈনিক বাংলা পত্রিকায় ১৯৯১ সালে প্রকাশিত তাঁর জীবনীর কপি যাতে উল্লেখ রয়েছে তাঁর জন্মতারিখ ১৯৪৫ সালের ১৯ আগস্ট।
মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, ইচ্ছাকৃতভাবে ভুয়া জন্মদিনে উত্​সব করেন খালেদা জিয়া ও তাঁর দলের নেতা-কর্মীরা। ওই অনুষ্ঠানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নামে কুত্​সা ও বানোয়াট কথা বলা হয়। এ কারণে নালিশি মামলাটি করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *