লাওসে জলবিদ্যুৎ বাঁধ বিধ্বস্ত হয়ে শত শত মানুষ নিখোঁজ

এবিএনএ: লাওসের আট্টাপু প্রদেশে জলবিদ্যুৎ বাঁধ বিধ্বস্ত হয়ে শত শত মানুষ নিখোঁজ হয়েছে। এ ঘটনায় নিহত মানুষের সংখ্যা এখনো জানা যায়নি। গতকাল সোমবার রাতের কোনো এক সময় বাঁধটি ভেঙে ছয়টি গ্রামে আকস্মিক বন্যা দেখা দেয়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম লাওস নিউজ এজেন্সির বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে। লাওসের গণমাধ্যমে বলা হয়েছে, অনেকের প্রাণহানি ঘটেছে। শত শত মানুষ নিখোঁজ। ওই আকস্মিক বন্যায় ৬ হাজার ৬০০ মানুষ ঘরবাড়ি হারিয়েছে। ‘জাইপিয়ান-জে নাম নয়’ নামের বাঁধটি বিধ্বস্ত হওয়ার কোনো কারণ জানা যায়নি। লাওসের প্রধানমন্ত্রী থংলুন সিসলথ সব সরকারি আলোচনা বাতিল করে কর্মকর্তাদের নিয়ে বন্যাদুর্গত সানম্যাক্সে জেলা ত্রাণ কার্যক্রম পরিদর্শন করছেন। স্থানীয় কর্তৃপক্ষ সরকারসহ অন্যদের কাছে জরুরি সাহায্য চেয়ে আবেদন করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *