‘লন্ডনে বসে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন খালেদা’

এবিএনএ : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে বসে দেশ অস্থিতিশীল করার নীলনকশা তৈরি করছেন। তিনি সেখানে বসে বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে যোগাযোগ করছেন। এমনকি তিনি ইসলামী স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর প্রতিনিধিদের সাথেও যোগাযোগ করছেন।’
আজ মঙ্গলবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমির মহড়াকক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত ‘বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টিতে বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ও ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক ও কৃষক লীগ নেতা এম এ করিম।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি জঙ্গিবাদী সংগঠন রয়েছে।
জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে অনেক আগেই বিভিন্ন দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছে উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী ছাড়াও বিএনপি জোটে বেশ কয়েকটি দল রয়েছে যে দলের নেতা কর্মীরা আফগানিস্তানসহ বিভিন্ন দেশে জঙ্গিবাদী কর্মকান্ডের সাথে জড়িত ছিল।
ড. হাছান বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় ২০ দলীয় জোটের ওই শরিকরাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা চালিয়েছিল। তারাই দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালিয়ে দেশের নিরীহ মানুষকে হত্যা করেছিল।
তিনি বলেন, বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অনেক আগেই তার রাজনৈতিক চরিত্র হারিয়ে ফেলে সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়। কানাডার ফেডারেল কোর্টের রায়ের মাধ্যমে তা পরিষ্কার হয়ে গেছে।
ড. হাছান আইএস প্রতিনিধিদের সাথে যোগাযোগ করার জন্য অবিলম্বে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *