রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নামের দায় আমাদেরই : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

এবিএনএ : রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসার বিষয়ে কথা বলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, ‘রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসার দায়ভার আমরা অস্বীকার করিনি। সে কারণে আমরা দুঃখ প্রকাশ করেছি এবং সেটা সংশোধন করার কথা বলেছি।’

আজ বুধবার দুপুর ২টার দিকে মানিকগঞ্জের বিজয় মেলা মাঠে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সমাবেশে এসব কথা বলেন মন্ত্রী। মোজাম্মেল হক বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই তালিকা করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের কোনো সংযোজন-বিয়োজন আমরা করিনি। আর তালিকায় নাম আসা মুক্তিযোদ্ধার মধ্যে যদি কেউ সংশোধনের আবেদন না করেন, সেটি আমরা নিজ উদ্যোগে সংশোধন করে দেব।’

মন্ত্রী আরও বলেন, ‘তালিকা সবে শুরু হয়েছে, আগামীতে আরও সতর্কভাবে তালিকা প্রকাশ করা হবে। সরকার মুক্তিযোদ্ধাদের জন্য ১৪ হাজারের অধিক বাড়ি নির্মাণ করে দেবে। প্রতিটি বাড়িতে খরচ হবে ১৬ লাখ টাকা করে।’ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার তোবারক হোসেন লুডুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান হানজালা, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো, পৌর মেয়র মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম প্রমুখ। সমাবেশ তিন শতাধিক মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা অংশ নেয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *