যুবলীগ নেতা খালেদের বিরুদ্ধে ৩ মামলা, গুলশান থানায় হস্তান্তর

এবিএনএ: অস্ত্রসহ গ্রেপ্তার ক্যাসিনো মালিক ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের হয়েছে। আজ দুপুরে অস্ত্র ও মাদক রাখা এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে এ মামলা দায়েরের পর তাকে গুলশান থানায় হস্তান্তর করেছে র‌্যাব। এছাড়া মাদক আইনে তার বিরুদ্ধে মতিঝিল থানায় আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনশৃঙ্খলা বাহিনী সূত্র এ তথ্য জানিয়েছে।
এর আগে বুধবার রাতে দীর্ঘ অভিযান শেষে গুলশানের বাসা থেকে খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার কাছে অস্ত্র, গুলি ও মাদক পাওয়া যায়। এরপর থেকে আজ দুপুর পর্যন্ত র‌্যাব-৩ এর হেফাজতে ছিলেন খালেদ।
আজ মামলা দায়েরের পর খালেদকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। তার রিমান্ড আবেদন করে আদালতে তোলা হবে বলে গুলশান থানা পুলিশ জানিয়েছে।
বুধবার খালেদকে গ্রেপ্তারের আগে ফকিরাপুলের ইয়াংমেন ক্লাবে নিষিদ্ধ ক্যাসিনোতেও অভিযান চালায় র‌্যাব। এখান থেকে দুই নারীসহ ১৪২ জনকে  গ্রেপ্তার করা হয়। এদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। ক্যাসিনোতে মদ আর জুয়ার বিপুল সরঞ্জামের পাশাপাশি প্রায় ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *