মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ২০ হাজার টাকা

এবিএনএ : দেশের বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ১২ হাজার থেকে বৃদ্ধি করে ২০ হাজার টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেটে এ প্রস্তাবনা তুলে ধরেন তিনি। অর্থমন্ত্রী বলেন, বিগত ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করার ঘোষণা দেন। সে অনুযায়ী বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা আগামী ২০২১-২২ অর্থবছরে ১২ হাজার টাকা থেকে ২০ হাজার টাকায় উন্নীত করা হচ্ছে। এতে বরাদ্দ বাড়বে ১ হাজার ৯২০ কোটি টাকা।

তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধাগণ জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশ মাতৃকার সেবায় তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম প্রস্তুত করে জিটুপি প্রক্রিয়ায় তাদের সবার সম্মানী ও অন্যান্য ভাতা বাংলাদেশ ব্যাংক হতে সরাসরি ভাতাভোগীর ব্যাংক হিসাবে প্রদান কার্যক্রম প্রধানমন্ত্রী গত ১৫ই ফেব্রুয়ারি উদ্বোধন করেছেন।

এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে তাদের জন্য ৪ হাজার ১২২ কোটি টাকা ব্যয়ে ৩০ হাজার ‘বীর নিবাস’ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে দেশের প্রতিটি জেলা-উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ১ লাখ ৯১ হাজার ৫৩২ জন সাধারণ বীর মুক্তিযোদ্ধা মাসিক সম্মানী ভাতা পেয়ে থাকেন। আর উৎসব ভাতা, মহান বিজয় দিবস ভাতা ও বাংলা নববর্ষ ভাতা পান ২ লাখ ৫ হাজার ১১৭ জন সাধারণ বীর মুক্তিযোদ্ধা। এছাড়া সম্মানী ভাতা পান ১১ হাজার ৯৯৮ জন শহীদ, যুদ্ধাহত ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা। মাসিক সম্মানী ভাতা পাওয়ার মধ্যে আরও রয়েছেন ৫৮৭ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *