বিএনপি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে

এবিএনএ : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রক্ষা করতে গিয়ে বিএনপিই নিশ্চিহ্ন হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত শাহ এস এম কিবরিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতা-কর্মীদের কাছে কোনটা বড়? বেগম জিয়া নাকি বিএনপি? কোনটা আপনাদের কাছে মুখ্য। সেই সিদ্ধান্ত নিতে হবে আপনাদের।’ খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায় প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির নেতারা মাঠ গরম করছে। টেলিভিশনের পর্দা গরম করছে। টকশোর পর্দা ফাটিয়ে দিচ্ছে। আদালতকে হুমকি দিচ্ছে। বেগম জিয়ার শাস্তি হবে কি না- এটা আদালত জানে। তারা বলে শাস্তি হলে আগুন জ্বলবে। তাদের এসব বক্তব্যের জন্য আদালত ব্যবস্থা নেবেন আশা করি।’
তিনি আরো বলেন, ‘সরকারের মন্ত্রী-এমপিদের পর্যন্ত আদালতের কাছে ক্ষমা চাইতে হয়েছে। কেউ জেলও খেটেছে। কিন্তু জিয়া আদালতকে হেনস্তা করেছেন। দেশে থেকে বার বার সময় নিয়েছেন। এভাবে বার বার আদালতের কাছে সময় নেওয়ার রেকর্ড গড়েছেন।’ বিএনপি যদি খালেদা জিয়ার রায় নিয়ে দেশে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাহলে জনগণ প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন হাছান মাহমুদ। সংগঠনের সভাপতি চিত্রনায়ক ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য চিত্রনায়িকা সারাহ বেগম কবরী, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *