বাংলাদেশে আন্তর্জাতিকমানের ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে : স্বাস্থ্যমন্ত্রী

এবিএনএ : বাংলাদেশে এক হাজার বেডের আন্তর্জাতিকমানের একটি ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। আজ শুক্রবার রাজধানীর সোনারগাঁ হোটেলের বলরুমে হেড অ্যান্ড নেক আন্তর্জাতিক ক্যান্সার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা জানান।
মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন এবং দরিদ্র মানুষের সেবা নিশ্চিত করতে দেশে আন্তর্জাতিকমানের একটি ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।
অধুনিক ক্যান্সার হাসপাতাল গড়তে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের গরিব জনগোষ্ঠীর ক্যান্সার নিরাময়ে একটি অত্যাধুনিক হাসপাতাল গড়তে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের মানুষের ক্যান্সার রোগের চিকিৎসা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
নাসিম বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিয়ে কেউ রাজনীতি করবেন না। কারো রাজনীতি করার ইচ্ছা থাকলে রাজনীতির মাঠে যান। স্বাস্থ্যসেবা নিয়ে আমার রাজনীতি নেই।
চলতি ডিসেম্বর মাসের মধ্যেই প্রায় ১০ হাজার নার্সের পদায়ন সম্পন্ন করা হবে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। সরকার এখন দেশের মানুষকে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। সারা দেশের বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পাশাপাশি স্বাস্থ্য অবকাঠামোগত উন্নয়নে সরকার যে কর্মসূচি নিয়েছে, তার সুফল জনগণ দেখতে শুরু করেছে।
বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোরারফ হোসেন, বাংলাদেশ সোসাইটি অব হেড-নেক সার্জনসের সভাপতি অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী, মহাসচিব ডা. সেলিম রেজা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *